লিপির কষ্ট লাঘব হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের প্রতিষ্ঠানে কাজ করছেন লিপি l ছবি: প্রথম আলো
নিজের প্রতিষ্ঠানে কাজ করছেন লিপি l ছবি: প্রথম আলো

সবেমাত্র কলেজে পা রেখেছেন লিপি। বাড়িতে পরিবারের সঙ্গে দিন কাটছিল আনন্দেই। কিন্তু প্রকৃতির কী নিয়ম! একদিন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন বাবা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় পরিবারে নেমে এল হতাশা। অর্থকষ্টে দিনাতিপাত করা যখন কষ্টসাধ্য, তখন লেখাপড়া চালিয়ে যাওয়া লিপির জন্য দুরূহ বিষয় হয়ে দাঁড়ায়।
না, তবু হাল ছাড়েননি তিনি। আত্মবিশ্বাস আর পরিশ্রম তাঁকে এনে দিয়েছে সাফল্য। একসময় নিজেই দিয়ে বসেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তাঁর প্রতিষ্ঠিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি পেয়েছে স্বর্ণপদক। পড়াশোনায় স্নাতকোত্তর িডগ্রিও সম্পন্ন করেছেন। জীবনসংগ্রামে জয়ী তরুণী হলো লিপি। পুরো নাম ফারহানা আফরোজ।
দুই ভাই ও দুই বোনের মধ্যে লিপি সেজ। বাবার রেখে যাওয়া কিছু টাকাপয়সা ছিল। তা দিয়ে বোনের বিয়ে দেওয়া হয়। বড় ভাই আলাদা হয়ে যান। প্রাইভেট পড়িয়ে কোনোরকমে চালিয়ে যান নিজের পড়াশোনা। কিন্তু সংসার আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চলবে কীভাবে? মাথায় চিন্তা এল, কিছু একটা করা দরকার। সিদ্ধান্ত নিলেন, জামা সেলাইয়ের কাজ নেবেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) সেলাইয়ের কাজও নিলেন। কিন্তু ঈদ কিংবা পূজার উৎসবের আগে তিন মাস ছাড়া বাকি সময় কাজ থাকে না। এতে তো সংসার চলবে না। আবারও পড়ে গেলেন দুশ্চিন্তায়। অবশেষে তাঁর এক আত্মীয়ের মাধ্যমে কাজ নিলেন দরজির দোকানে। কাজের ফাঁকে ফাঁকে চালিয়ে যান পড়াশোনা। মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে সম্পন্ন করেন স্নাতক।
২০০৬ সালের কথা। একদিন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পান। সে সময় ছোট্ট এই জেলা শহরে দু-একটি এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ওই কেন্দ্রে দুজন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছিল। কথা হলো প্রশিক্ষণ কেন্দ্রের মালিক রিপন মাহমুদের সঙ্গে। রিপনের বাড়ি তাঁদের পাশের গ্রামেই। কথা বলতে বলতে কম্পিউটার শেখার আগ্রহের কথা জানালেন লিপি। সবকিছু জানার পর টাকা ছাড়াই কম্পিউটার শেখানোর কথা বললেন রিপন। বাড়ি ফিরে লিপি মা রোকেয়া আনোয়ারকে জানালেন ইচ্ছার কথা। মা আর না করলেন না। শেষমেশ শুরু করলেন কম্পিউটার প্রশিক্ষণ। সেলাই কাজ আর কম্পিউটার প্রশিক্ষণ একই সঙ্গে চলতে থাকল। এভাবে ছয় মাস না যেতেই মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, এক্সেলসহ কম্পিউটারের আরও কয়েকটি প্রোগ্রামিং সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা হলো।
একসময় রিপন জানালেন, নানা কাজে তাঁর বাইরে থাকতে হয়। খুব একটা সময় দিতে পারেন না। তা ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রে একজন প্রশিক্ষকেরও প্রয়োজন দেখা দিল। লিপি আর ‘না’ করলেন না। এবার সুযোগ হলো প্রশিক্ষণ দেওয়ার। বিনিময়ে মাসে দুই হাজার টাকারও বন্দোবস্ত হলো। বাদ দিলেন সেলাইয়ের কাজ। আরও ছয় মাস পার হলো। তিন হাজার টাকা হলো তাঁর বেতন। এভাবে প্রশিক্ষকের কাজে দুই বছর কেটে গেল। একদিন ভাবলেন, নিজেই একটা প্রশিক্ষণ কেন্দ্র দিলে কেমন হয়। একদিন বড় ভাইয়ের কাছে পরামর্শ নিলেন। বোনের ইচ্ছার কথা জানার পর বড় ভাই একটি কম্পিউটার কিনে দেওয়ার কথা জানালেন। কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র দিতে গেলে তো শুধু কম্পিউটার হলেই হবে না! এর জন্য চাই ঘর ও প্রয়োজনীয় আসবাব। গেলেন পৌর মার্কেটের বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়ার কাছে। ইতিমধ্যে একই মার্কেটে প্রশিক্ষণের কাজ করায় আগে থেকেই লিপির সম্পর্কে জানতেন তিনি। শেষমেশ তিনি জামানতের অগ্রিম টাকা ছাড়াই মাসে এক হাজার টাকায় দোকান ভাড়ার ব্যবস্থা করে দিলেন।
এরপর একটি কম্পিউটার নিয়ে শুরু হলো প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। সেটা ২০০৯ সালের মার্চ মাসের কথা। এসএসসি পরীক্ষা শেষ করেছে এমন দুজন প্রশিক্ষণার্থী ভর্তি করা হলো। শুরু হলো লিপির নতুন করে স্বপ্ন দেখার। তাঁর প্রশিক্ষণ কেন্দ্রটির নাম দিলেন ‘লিপি কম্পিউটার সেন্টার’। শুরুতে মার্কেটের আশপাশের ব্যবসায়ীরা বিষয়টি খুব একটা ভালো চোখে দেখতেন না। এতে তিনি বিচলিত হননি। এক মাস দুই মাস—এভাবে বাড়তে থাকল প্রশিক্ষণার্থীর সংখ্যা। তবে পড়ালেখা ছাড়েননি তিনি। এরই মাঝে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে ফেললেন। মাঝে বিয়েও করেন। তাঁকে সহযোগিতা করছেন স্বামী পাভেল রহমান। এখন তাঁর প্রশিক্ষণ কেন্দ্রে ১৫টি কম্পিউটার, রয়েছে ৮০ জন প্রশিক্ষণার্থী। মার্কেটের ব্যবসায়ীরা সবাই এখন তাঁকে সম্মান করেন। ‘লিপি আপা’ বলে ডাকেন সবাই। তাঁর প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিভিন্ন পেশায় কম্পিউটার বিভাগে দায়িত্ব পালন করছেন।
২০১১ সালে ২৮ অক্টোবর ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে ‘ওয়ার্ল্ড আইসিটি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিভাগের শতাধিক অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ অবদানের কারণে লিপি কম্পিউটার সেন্টার প্রথম হওয়ায় ওই অনুষ্ঠানে তাঁকে স্বর্ণপদক দেওয়া হয়। ২০১৫ সালে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন তাঁকে ‘আইসিটি শ্রেষ্ঠ উদ্যোক্তা’র সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও স্বর্ণপদক দেয়।
তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার প্রশিক্ষণ একটি জরুরি বিষয়। জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি পৌঁছে যাচ্ছে। গরিব ও মেধাবীদের বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ, আউটসোর্সিং প্রশিক্ষণসহ শিশুদের জন্য একটি কম্পিউটার স্কুল প্রতিষ্ঠা করার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন লিপি।
লিপি বললেন, জীবনে বাধা-বিপত্তি আর ঘাত-প্রতিঘাত আসতেই পারে। তবে সেই ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে এগিয়ে চলাই জীবন। কষ্টের মাঝে কোনো কিছু পাওয়ার আনন্দটাই বেশি।