লিফট যখন লোকাল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী।
ছবিটি প্রতীকী।

শপিং মলে ঝাঁ চকচকে সাজে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। পারলারে কাটা হালফ্যাশনের চুল। পাশ্চাত্য পোশাক। মুখে নিপুণ মেকআপ। অনেকেরই দৃষ্টি কেড়েছিলেন। একগাদা শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন লিফটের সামনে। ঈদের আগে শপিং মলে প্রচুর ভিড়। স্বাভাবিকভাবেই লিফটের সামনেও লম্বা লাইন। লাইন না বলে জটলা বলাই ভালো।

তখন শপিং মল থেকে বাসায় ফেরার সময়। রাত প্রায় সাড়ে ১১টা। তাই ফেরার তাড়া সবার মাঝেই। চলছে হুড়োহুড়ি। পাশাপাশি দুটি লাইন হয়ে গেছে লিফটের সামনে। এর মাঝখানের ফাঁকা জায়গাতেও দাঁড়িয়ে পড়েছেন কয়েকজন। লিফট এলে ভেতরে থাকা মানুষ কোনদিক দিয়ে বের হবেন, সে চিন্তা নেই কারও। শপিং মলের আটতলায় দাঁড়িয়ে লিফটের অপেক্ষা চলছিল। একেক তলায় লিফট অনেকক্ষণ থামছিল। কেন থামছিল, সেটা তখন বুঝিনি। বুঝলাম লিফট আসার পরে।

লাইনের সামনেই দাঁড়িয়ে ছিলেন ওই নারী। লিফট সাততলায় আসার সংকেত দিতেই তিনি একেবারে দরজা ঘেঁষে দাঁড়িয়ে পড়লেন। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে এমনভাবে দাঁড়ালেন যে আর কারও সেখানে দাঁড়ানোর জায়গা নেই। তাঁর ব্যস্ততা দেখে পাশের লাইনে দাঁড়ানো আরেক কেতাদুরস্ত যুবকও ব্যস্ত হয়ে উঠলেন। তিনিও চলে এলেন লিফটের দরজার একেবারে সামনে। একজন বললেন, ‘ভাই এভাবে দাঁড়ালে মানুষ বের হবে কী করে?’ উত্তর এল, ‘তখন সরে দাঁড়াব।’ এই সময় নারী বলে উঠলেন, ‘বের তো কেউ হবে না। লিফট ভর্তি হয়ে আসবে। আবার ভর্তি হয়েই নিচে যাবে।’

লিফট এল। নারীর কথার সত্যতা মিলল। লিফট থেকে অল্প কয়েকজন বের হওয়ার চেষ্টা শুরু করলেন। ভেতরে থাকা বাকিরা নির্বিকার দাঁড়ানো। কারণ তাঁরা কেউ আটতলায় নামবেন না। পাঁচ, ছয় বা সাততলা থেকে উঠেছেন। আটতলা হয়ে একেবারেই নিচতলায় যাবেন।

ছবিটি প্রতীকী।
ছবিটি প্রতীকী।

যাঁরা বের হতে চান, তাঁরা আর পারেন না। কারণ তাঁদের কোনো সুযোগ না দিয়েই ওই নারী ও যুবক সপরিবার ভেতরে ঢুকে পড়েছেন। প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন ভেবে তাঁদের সঙ্গে ঢুকেছেন আরও কয়েকজন। ফল যা হওয়ার তা-ই। লিফটের দরজা আর বন্ধ হয় না। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী উঠে পড়েছেন সেখানে। লিফট সংকেত দিতেই থাকল। এতেও কারও নড়চড় নেই। সবাই একে অন্যকে বলছেন, ‘ভাই নামেন। আরে ভাই পরে যাবেন।’ নিজে আর কেউ নামেন না। এ অবস্থায় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে গেল। এভাবেই কেটে গেল কয়েক মিনিট। এবার বোঝা গেল এসব কারণেই লিফট আসতে এত দেরি।

এক ভদ্রলোক তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে লিফটে ঢুকেছেন। সংকেত দেওয়ার পর ভদ্রলোক নামলেন বটে। কিন্তু স্ত্রী ও কন্যাকে নামতে দেবেন না কিছুতেই। চিৎকার করে বলতে থাকলেন, ‘মেয়ে মানুষ নামবে কেন? পুরুষ লোকেরা নামেন।’ পরিস্থিতি বেগতিক দেখে ভদ্রমহিলা ও তাঁর কিশোরী মেয়েটি নামলেন। অন্যদের বললেন, ‘আপনারা যান। আমরা পরে যাব।’ এবার লিফট নিচে যেতে পারল। দরজা বন্ধ হওয়ার আগে দেখলাম সেই নারী ও যুবকের মুখে যুদ্ধজয়ের হাসি। তাঁরা লিফটে নিজেদের জায়গা করে নিয়েছেন সময়মতো।

ভাবলাম বাঁচা গেল। এর পরেরবার লিফটে নামতে পারব। কিন্তু নেমে পড়া ভদ্রলোক আবার চিৎকার করছেন কেন? দেখি তিনি তাঁর স্ত্রীকে ধমক দিয়ে বলছেন, ‘তোমরা নামলে কেন? কখনো লিফট থেকে মেয়ে মানুষ, বাচ্চা নামে? নামবে তো পুরুষ লোকেরা।’ গোবেচারা নারী স্বামীকে শান্ত করতে বললেন, ‘চল সিঁড়ি দিয়ে নামি। এদের কোনো মানবতা আছে?’ এবার তাঁরা চলে গেলেন সিঁড়ির দিকে।

ছবিটি প্রতীকী।
ছবিটি প্রতীকী।

এর পরের দফাতেও লিফট এল প্রায় ভর্তি হয়ে। এবারও সেই একই যুদ্ধ। কে নামবে আর নামবে না, তা নিয়ে ঝগড়া। এভাবে তিনবার লিফট আসা-যাওয়ার পর আমার সুযোগ মিলল। মেয়ের হাত ধরে ঢুকে পড়লাম। তবে ওঠার সময় পেছন থেকে যেভাবে ধাক্কা এল মনে হয় যেন লোকাল বাসে উঠছি। এরপরও শান্তি নেই। কেউ কাউকে বলছেন, ‘ধাক্কা দিচ্ছেন কেন?’ কেউ বলছেন, ‘ভাই সামনে যান পায়ে লাগছে।’ আরেকজন বলছেন, ‘আরে আপনি পেছনে আসছেন কেন? দেখেন না বাচ্চা আছে।’

অবশেষে লিফট নামল বেসমেন্টে। বের হওয়ার সময়ও একই হুড়োহুড়ি। যেন তাড়াতাড়ি বের না হলে বাস ছাড়ার মতো লিফটও ছেড়ে যাবে।

শীতাতপ নিয়ন্ত্রিত শপিং মল থেকে গরমের মধ্যে বেরিয়ে কেউ কেউ বললেন, ‘কত গরম। কোথায় ছিলাম আর কোথায় এলাম।’ মনে মনে ভাবলাম, ‘সত্যিই আমরা কোথায় আছি?’