লিফলেটের বাবা নির্বাচনকালীন ভার্সন
মাস কয়েক আগের ঘটনা। প্রথমেই জানিয়ে রাখি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ঘটনার দিন আমি আর আমার এক বন্ধু শিহাব কলেজে ক্লাস না করে জামতলায় (মূলত প্রেমতলা) দাঁড়িয়ে। জামতলা জিনিসটা হয়তো অনেক পাঠকের কাছেই ঘাপলা ঠেকছে, তাই জামতলা সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিয়ে রাখি। আমাদের কলেজ ক্যাম্পাসে একটা জামগাছ আছে। জামগাছের পাশেই দুটি ঐতিহাসিক স্থাপত্য। এক. সাইকেলস্ট্যান্ড, দুই. মেয়েদের কমনরুম। মেয়েরা কমনরুম থেকে বের হয়ে সাইকেলস্ট্যান্ডের পাশের সরু রাস্তাটি দিয়ে তাদের ক্লাসে যেত। তাই স্বভাবতই সাইকেলস্ট্যান্ড ও তার পাশের জামতলাটি ছেলেদের জন্য একটি বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছিল। আমি আর শিহাবও এর ব্যতিক্রম না। মূল ঘটনায় ফিরে আসি। আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি একটি মেয়ে কমনরুম থেকে বের হয়ে সাইকেলস্ট্যান্ডের পাশে সরু রাস্তা দিয়ে ক্লাসরুমের দিকে যাচ্ছে। মেয়েটির মুখ কার্টুন নেটওয়ার্ক চ্যানেলের নায়িকাদের মতো। চোখ বড়, ছোট নাক, আঁকাবাঁকা দাঁত, গোলগাল চেহারা ইত্যাদি। প্রথম দেখাতেই আমি মেয়েটির নাম দিয়ে দিলাম ‘কার্টুন মার্কা মেয়ে’। হঠাৎ শিহাবের দিকে তাকিয়ে দেখি শিহাব মুখ হাঁ করে একদৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন লিওনার্দো দ্য ভিঞ্চির কোনো চিত্রকর্ম দেখছে। তার চোখমুখ তখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের ফ্লাডলাইটের মতো জ্বলজ্বল করছে। আমি জিজ্ঞেস করলাম, ‘কিরে, পছন্দ হইছে?’ শিহাব আমার কথার উত্তর না দিয়ে আগের মতোই মুখ করে মেয়েটির দিকে তাকিয়ে থাকল। একটু পরে বলল, ‘এই মেয়ের সাথে প্রেম না করলে জীবন বৃথা।’ আমি বললাম, ‘তাহলে সুমির কী হবে?’ (সুমি শিহাবের রানিং গার্লফ্রেন্ড)। ফ্লাডলাইটগুলো ফিউজ হয়ে গেল। সে বলল, ‘রাখ তোর সুমি! সুমি ডিলিট।’ আমি আবার জিজ্ঞেস করলাম, ‘আচ্ছা ধর, এই মেয়ে যদি তোর সাথে প্রেম করতে রাজি না হয়?’ ‘মেয়ে অবশ্যই রাজি হবে!’ শিহাবের আত্মবিশ্বাসী উত্তর। কিছুক্ষণ পর দেখলাম মেয়েটি আবার ফিরে আসছে। মেয়েটি হাঁটতে হাঁটতে কলেজ থেকে বের হয়ে গেল। শিহাব বলল, ‘দোস্ত, চল, মেয়েটার বাসা চিনে আসি।’ আমি আর ‘না’ করতে পারলাম না। সাইকেলস্ট্যান্ড থেকে সাইকেলটা বের করে কলেজের বাইরে এসেই দেখি মেয়েটি রিকশায় উঠে গেছে। তাড়াতাড়ি সাইকেল ছোটালাম আর ক্যারিয়ারে তখন শিহাব চেঁচাচ্ছে, ‘দোস্ত, জোরে, আরও জোরে চালা!’ কিছুক্ষণ ফলো করার পর দেখলাম মেয়েটি একটি একতলা বাসার সামনে এসে রিকশা থেকে নেমে ভাড়া চুকিয়েভেতরে চলে গেল। আমরা তখন বাড়িটা থেকে কিছুটা দূরে। শিহাব বলল, ‘চল, মেয়েটার বাসায় যাই।’ আমি সেদিন দ্বিতীয়বারের মতো ভয় পেলাম। আমি বললাম, ‘দোস্ত, আজ না গেলে হয় না?’ শিহাব বলল, ‘না, আজই যাব।’ আমি বললাম, ‘কী কারণ দেখিয়ে বাসায় ঢুকবি?’ অনেক আলাপ-আলোচনার পর আমরা ঠিক করলাম, যেহেতু কিছুদিন পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, আমরা প্রার্থীদের পক্ষ হয়ে লিফলেট বিতরণ করি—এই পরিচয়েভেতরে যাব। কিন্তু এখন লিফলেট কোথায় পাব? আমি শিহাবকে বললাম, ‘তুই এদিকে দাঁড়া। আমি বাসা থেকে কয়েকটা লিফলেট নিয়ে আসি। প্রতিদিন অনেক প্রার্থী বাসায় দিয়ে যায়।’ শিহাব বলল, ‘যা, কিন্তু তাড়াতাড়ি আসবি।’ আমি বাসা থেকে কয়েকটি লিফলেট নিয়ে শিগগিরই শিহাবের কাছে ফিরে এলাম। তারপর আমার সাইকেলটা বাসার বাইরে তালা মেরে রেখে আমরা ভেতরে ঢুকে কলবেল চাপলাম। পাঠক, বিশ্বাস করুন আর না-ই করুন, দরজা কিন্তু সেই কার্টুন মার্কা চেহারার মেয়েটিই খুলেছিল। মেয়েটিকে দেখে শিহাবের প্রেমের কোণ ০ থেকে ৯০০তে উন্নীত হলো। শিহাব তখন মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিহাব কিছু বলছে না দেখে আমিই শুরু করলাম, ‘আমার মামা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। আপনার আব্বা-আম্মাকে বলবেন ওনার জন্য যাতে দোয়া করেন।’ এই বলে একটি লিফলেট মেয়েটির হাতে ধরিয়ে দিলাম। মেয়েটি লিফলেটে চোখ বোলাচ্ছে আর মুচকি হাসছে। শিহাব তখনো স্ট্যাচু। এতক্ষণ কথা বলার কারণে একটুও খেয়াল করিনি যে মেয়েটির পেছনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছেন। লোকটিকে দেখে প্রথমেই আমার মনে হলো, ‘বানরের বিবর্তনে মানুষের উৎপত্তি হলেও কিছু বানর এখনো মানুষ হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’ উদাহরণ মধ্যবয়স্ক লোকটি। কিন্তু আমার মনে হতে লাগল, লোকটিকে আগে কোথায় যেন দেখেছি। প্রায় সাড়ে পাঁচ বছর বয়স থেকে আমার নিয়মিত হরলিক্স খাওয়া বৃথা গেল না। আমি দ্রুতই বুঝে গেলাম লোকটি কে। আর মেয়েটি কেন লিফলেটটি হাতে নিয়ে মুচকি মুচকি হাসছিল। ‘নিজে বাঁচলে বাপের নাম!’ এই থিওরি মাথায় নিয়ে শিহাবকে একা রেখে বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে একটানে বাসায়। বিকেলে শিহাবের বাসায় গিয়ে দেখি শিহাব বিছানায় শুয়ে আছে। ডান হাতে প্লাস্টার করা আর কপালে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ। আমাকে দেখে শিহাব উল্টো করে শুয়ে পড়ল। কীভাবে শিহাবের এই অবস্থা হলো, আমি আর সে কথা জিজ্ঞেস করার সাহস পেলাম না। শুধু একটা কথাই সেদিন বলেছিলাম, ‘দোস্ত, সরি!’ [লিফলেটের কাউন্সিলর পদপ্রার্থী লোকটিই ছিল মেয়েটির পেছনে দাঁড়ানো। পরে অবশ্য জেনেছিলাম লোকটি মেয়েটির বাবা হয়।] প্রাণজীব পাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।