লিবিয়া এবার দ্বন্দ্ব ক্ষমতার ভাগ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর প্রতিরোধ পুরোপুরি শেষ হয়নি। সাবেক লিবীয় নেতার নিজ শহর সিরতের দখল নিয়ে এখন দৃশ্যত শেষ মুহূর্তের লড়াই চলছে। লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষ এনটিসির যোদ্ধাদের হাতে প্রতিরোধের আরেক কেন্দ্র বনি ওয়ালিদ শহরের পতন হয়েছে মাত্রই গত সোমবার। কিন্তু বেশ কয়েক দিন ধরেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে লিবিয়ার বিভিন্ন শহরের নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। সির্ত দখলে না আসা পর্যন্ত নতুন সরকার গঠন করা হবে না—এনটিসি অনেক আগেই বলে দিলেও নেতাদের তৎপরতা কমেনি। গাদ্দাফির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পুরস্কার চান তাঁরা।নাফুসা পর্বতমালার ছোট শহর জিনতান। এ শহরের উপকণ্ঠে সাম্প্রতিক এক দিনের দৃশ্য। গাদ্দাফিবিরোধী একদল যোদ্ধা কালাশনিকভ রাইফেল আর বিমানবিধ্বংসী কামানের ফাঁকা গোলা ছুড়ে উদ্যাপন করছিলেন নতুন পাওয়া স্বাধীনতা। এ শহরের বাসিন্দারা গাদ্দাফিবিরোধী লড়াইয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে।নাফুসা পর্বতমালা এলাকার লোকজনের মনে এখন বিশেষ এক গর্ব। কারণ, যেসব এলাকার লোক শুরুতেই গাদ্দাফির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এ এলাকা তার অন্যতম। গাদ্দাফিকে হটাতে নাফুসার মানুষ সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।জিনতান শহরের জনসংখ্যা ৫০ হাজার। গাদ্দাফিবিরোধী লড়াইয়ে এ শহরের ২৫০ জন প্রাণ হারিয়েছে। লড়াইয়ে নিহত যোদ্ধাদের ছবিঅলা পোস্টার সেঁটে দেওয়া হয়েছে শহরের কেন্দ্রস্থলে।এখন নতুন লিবিয়ায় ক্ষমতার অংশীদারি চায় জিনতান। শহরের বয়োজ্যেষ্ঠ ও রাজনৈতিক কমিটির প্রধান আবদুল ওয়াহাব এজ্জিনতানি জানান, লিবিয়ার অন্তর্বর্তী মন্ত্রিসভায় তিনটি পদ চেয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁদের দুটি পদ দেওয়া হতে পারে। এ পরিস্থিতিতে তাঁরা গণপূর্ত ও ক্ষুদ্র ব্যবসা মন্ত্রণালয় চান। আবদুল ওয়াহাব বলেন, ‘দেশের মুক্তির জন্য যদি আপনি বড় ভূমিকা রাখেন, তাহলে আপনার ভালো একটি ভাগ পাওয়া উচিত।’জিনতান বেশি আশা করছেন কি না—এ ধরনের এক প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত আবদুল ওয়াহাব বলেন, ‘যাঁরা লড়াই করেছেন, যাঁরা নিজেদের সন্তান, গবাদিপশু ও বাড়িঘর হারিয়েছেন, তাঁদের অন্যদের সঙ্গে সমানভাবে দেখা ঠিক হবে না। জিনতানের লোকজন যখন লড়াই করছিল, তখন অনেক শহরের লোকজন ঘরে এসির আরামে ছিল।’সব মিলিয়ে সিরতের লড়াই শেষ না হলেও লিবিয়ার রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই তুঙ্গে।জিনতান থেকে কয়েক শ মাইল দূরের নগর মিসরাতাও মনে করে, মুক্তির লড়াইয়ে ভূমিকার জন্য তাদের পুরস্কৃত করা উচিত। লড়াইয়ে প্রাণ দিয়েছে মিসরাতার প্রায় দেড় হাজার মানুষ।মিসরাতার ত্রিপোলি সড়ক ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে। সড়কের দুই পাশে বিধ্বস্ত ভবন, ধ্বংসস্তূপ।তবে মিসরাতার চাওয়াটা একটু বেশি। তারা চায় প্রধানমন্ত্রীর পদ। এ নগরের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব নেতা কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার বদলে বিদেশে আরামে ছিলেন, তাঁরা নতুন সরকারে পদ পাওয়ার অযোগ্য হওয়া উচিত। যেসব শহর ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের চেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলো নতুন সরকারে বেশি ভূমিকা রাখার দাবিদার।মিসরাতার আইনজীবী আবদেল বাসেত আল-হাদ্দাদ বলেন, নগরবাসী এখনই অস্ত্র ছেড়ে দেবে না। নগরে গাদ্দাফিবিরোধী আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন এই আইনজীবী। তিনি বলেন, ‘একটি মতৈক্যের সরকার ও জাতীয় সেনাবাহিনী গঠন না করা পর্যন্ত মিসরাতাবাসী অস্ত্র সমর্পণ করতে চায় না।’অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আতিফ এল-হাসিয়া বলেন, মিসরাতার ত্যাগের স্বীকৃতি দেওয়া হবে। তবে ভবিষ্যৎ সরকারের পদগুলো বণ্টন করা হবে যোগ্যতার ভিত্তিতে।ত্রিপোলিতে এখন কোনো জাতীয় সরকার নেই। নেই কোনো জাতীয় সেনাবাহিনীও।বাস্তবতা বলছে, সিরতে এনটিসির নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লিবিয়ায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা যাবে না। তাই এ প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। অনেকে আশঙ্কা করছে, এসব কারণে লিবিয়ায় বিপজ্জনক ক্ষমতার শূন্যতা তৈরি হতে পারে। অস্ত্রে ভরপুর বিভিন্ন শহর ও গোষ্ঠীর কারণে লিবিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। দাউদ ইসলাম