লিবিয়া যাতে ইরাক না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপোলির রাজপথে গাদ্দাফিবিরোধী বিদ্রোহী ও তাদের সমর্থক সাধারণ মানুষের উন্মাতাল উল্লাসের মধ্যে অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন আগের একটি ছবি। সে ছবিটি আরেক আরব রাজধানী বাগদাদের। লিবিয়ার বিরোধী নেতারা এখন গাদ্দাফি-পরবর্তী লিবিয়ার রূপ নিয়ে ভাবছেন। এই প্রেক্ষাপটে উঠে এসেছে আট বছর আগে ইরাকের ক্ষেত্রে করা ভুলগুলোর স্পর্শকাতর বিষয়টি। একনায়ক সাদ্দামের পতন ইরাকের জন্য ডেকে এনেছিল বছরের পর বছরের রক্তক্ষয়ী সংঘাত। সেই যুদ্ধের ব্যয় ও রক্তপাত হয়েছে—যা এখনো চলছে—ইরাককে ‘মুক্ত’ করার অভিযানের চেয়ে অনেক বেশি।২১ আগস্ট রাত থেকে লিবীয় লোকজন যা করছে, ২০০৩ সালের মার্চে ঠিক তেমনটাই করেছিল বাগদাদের বাসিন্দারা। সাদ্দামের পতন উদ্যাপন করতে লাখো ইরাকি নেমে এসেছিল রাজপথে। সাদ্দাম ও গাদ্দাফির কর্মজীবনেও মিল আছে। গাদ্দাফি ও অন্য সেনা কর্মকর্তারা ১৯৬৯ সালে বাদশাহ ইদ্রিসকে উৎখাত করার মাত্র ১৪ মাস আগেই সাদ্দাম ও তাঁর সহযোগীরা ইরাকের রাজতন্ত্রের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিলেন। গাদ্দাফির মতোই সাদ্দাম তাঁর ৩৫ বছরের শাসনকালে এক ধরনের পারিবারিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। তাঁর ছেলেদের হাতেও ছিল বিপুল অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা। বিদ্রোহীরা ত্রিপোলিতে প্রবেশের পর শুরু হওয়া উল্লাসের মধ্যে যে মুক্তির আভাস দেখা যাচ্ছে, সাদ্দামের পতন তেমনি মুক্তির বারতা বয়ে এনেছিল ইরাকিদের জন্য। পাশ্চাত্য মহল একে চিহ্নিত করেছিল মধ্যপ্রাচ্যের প্রথম গণতন্ত্রমুখী অভিযাত্রা বলে। লিবিয়া আর ইরাকের মিল এ পর্যন্ত এটুকুই। অন্তত লিবিয়ার বিরোধী নেতারা ও পাশ্চাত্যের ‘মুরব্বি’ উভয়েরই আশা, মিল যেন এখানেই শেষ হয়। উভয় পক্ষই বলেছেন, গাদ্দাফি-পরবর্তী পরিস্থিতির পরিকল্পনা করার সময় ইরাক অভিযানের বিপর্যয়ের কথা মাথায় রেখেছিলেন তাঁরা। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে, বিরোধী নেতারা লিবিয়ার দায়িত্ব নিতে যাচ্ছেন তাঁরা মূলত গাদ্দাফির কাছের মানুষ। সম্ভাব্য রাষ্ট্রপ্রধান মুস্তফা আবদুল জলিল গত ফেব্রুয়ারির আগ পর্যন্ত ছিলেন গাদ্দাফি সরকারের বিচারমন্ত্রী। সম্ভাব্য প্রধানমন্ত্রী মাহমুদ গেব্রিলও গত ফেব্রুয়ারিতে পক্ষ ত্যাগ করার আগ পর্যন্ত ছিলেন জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের প্রধান। এ কারণে সাবেক শাসকের সঙ্গে যোগসূত্র ছিল—এমন ব্যক্তিদের নতুন সরকার থেকে বাদ দেওয়া অসম্ভব। সাদ্দামকে হঠানোর পর মার্কিন কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ইরাকের সরকারকে ‘বাথমুক্ত’ করেন। সাদ্দামের বাথ পার্টির সবাইকে ঝেঁটিয়ে বিদায় করা হয় সরকার থেকে। লিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ মলি তারহুনি বলেন, ‘গাদ্দাফি সরকারের সঙ্গে থাকা সবাইকে বাদ দেওয়া সম্ভব নয়, কারণ দীর্ঘ ৪২ বছরে প্রায় প্রত্যেকেই সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছেন।’ গত ফেব্রুয়ারি থেকে বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের ‘ন্যাশনাল ট্র্যানজিশনাল কাউন্সিল’কে পরামর্শ দিচ্ছেন মলি তারহুনি। তিনি বলেছেন, লিবিয়ায় বহু লোক ইরাকের অভিজ্ঞতার কথাটি তুলেছেন। ইরাকের ঘটনা থেকে পাওয়া শিক্ষার ব্যাপারে তাঁরা ভালো রকম সচেতন। লিবিয়ার পরিস্থিতির কারণে কর্নওয়ালে ছুটি কাটানো থেকে তড়িঘড়ি ফিরে এসে সোমবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিশোধমূলক হামলাসহ ইরাকের ক্ষেত্রে করা ভুলের পুনরাবৃত্তি না করার ব্যাপারে তিনি সচেতন। ক্যামেরন জানান, গত সপ্তাহে মোস্তফা আবদুল জলিলের সঙ্গে আলোচনায় তিনি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, প্রতিশোধ এড়ানো ও ভবিষ্যৎ সরকারে দেশের সব অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। লন্ডনে বিদ্রোহীদের দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স মাহমুদ নাসিউ বিবিসিকে বলেছেন, নতুন সরকার কোনো ধরনের প্রতিশোধমূলক কাজে জড়াবে না। তারা গাদ্দাফি পরিবারের বিচার করার চেষ্টা করবে, তাদের হত্যা করবে না। রোববার তিনি বলেন, যোদ্ধারা তাঁকে খুঁজে বের করার জন্য চেষ্টার কোনো ত্রুটি করবে না। বিদ্রোহী পক্ষের কূটনীতিক বলেন, সবকিছু শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। পাশ্চাত্যের কূটনীতিকরা বলেছেন, লিবিয়াবিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনট্যাক্ট গ্রুপ’-এর দেশগুলো বিশৃঙ্খলা এড়ানোর জন্য নতুন প্রশাসন গঠনে প্রধানমন্ত্রী পর্যায় থেকে কাজ করে যাচ্ছে। গ্রুপটি এপ্রিল থেকে এজন্য চারবার বৈঠকে বসেছে। তারা একটি পরিকল্পনাও তৈরি করেছে। বিদ্রোহীরা তাদের কৌশল ও ১১ আগস্ট ঘোষিত সংবিধানসংক্রান্ত ঘোষণার কাজে ‘নীলনকশা’ হিসেবে ব্যবহার করেছে ওই পরিকল্পনাটি। একজন ব্রিটিশ কর্মকর্তা বলেন, এখানে এ ব্যাপারে সবাই খুব সচেতন যে অবকাঠামো রক্ষা, জনগণের কাছে যাওয়া এবং একটি বিস্তারিত পরিকল্পনা হাতে থাকার ব্যাপারে ইরাক একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এত পরিকল্পনার পরও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ত্রিপোলির পতনের পরও গাদ্দাফি গোপন অবস্থান থেকে বারবার লড়াইয়ের হুমকি দিয়ে যাচ্ছিলেন। কেউ কেউ এ থেকে মনে করছিলেন তিনি সাদ্দামের মতোই শেষ মুহূর্তে কোনো সশস্ত্র পশ্চাদপসরণের পরিকল্পনা করে থাকতে পারেন। কয়েকদিন ধরে গাদ্দাফির ২৮ বছরের ছেলে খামিসের অনুপস্থিতিও অনেক গুঞ্জনের জন্ম দিয়েছে। রোববার রাত পর্যন্ত খামিস তাঁর নামে নাম রাখা সেনা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। অনেকে মনে করছেন, গাদ্দাফি পরিবার হয়তো ক্ষমতাচ্যুত হলে রুখে দাঁড়ানোর জন্য একটি বাহিনী তৈরি রাখার কথা ভেবে রেখেছে আগে থেকে। ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা হার্লম্যান উলম্যান মনে করিয়ে দিয়েছেন, বাগদাদের পতনের পরপরই রাতারাতি সাদ্দাম ফেদাইন বিদ্রোহী বাহিনীর আবির্ভাবের কথা। ত্রিপোলির পথে পথে এত মাতামাতির পরও এটা না খেয়াল করার কিছু নেই যে এখনো গোলযোগের অনেক উপাদান বিদ্যমান। সত্যি কথা বলতে কী, ন্যাশনাল ট্র্যানজিশন কাউন্সিল কতদূর কী করতে পারবে, তা নিয়ে আমার কোনো ধারণা নেই। এখন কিছু বলার সময় আসেনি। ইতিহাসের কথা মাথায় রাখলে বলতেই হয়, আমাদের শঙ্কিত হওয়ার অনেক কারণ আছে। মাহফুজার রহমান, টাইম সাময়িকী থেকে