লিবিয়া: নতুন নেতার সামনে অগ্নিপরীক্ষা
মুয়াম্মার গাদ্দাফির উৎখাতের পর লিবিয়ার ক্ষমতায় আসা জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) দেশবাসীকে দেওয়া অনেক প্রতিশ্রুতিই রাখতে পারেনি। তবে শেষ পর্যন্ত দীর্ঘ ছয় দশকের মধ্যে প্রথম অবাধ সাধারণ নির্বাচন আয়োজন করে কৃতিত্ব দেখিয়েছে এ কর্তৃপক্ষ। ক্ষমতা নিয়ে আঞ্চলিক ও গোষ্ঠীগত নেতাদের মধ্যে টানাপোড়েন, অর্থনৈতিক দুরবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এসব কারণে গত আট মাসের শাসনামলে আর কোনো বিশেষ সাফল্যের পরিচয় দিতে পারেনি তারা। এ জন্য এনটিসি ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠে। গাদ্দাফিবিরোধী সশস্ত্র আন্দোলনের বিদ্রোহী ও সাধারণ মানুষের একটা লক্ষ্য ছিল, অবাধ সাধারণ নির্বাচনের আয়োজন। সে লক্ষ্য তাদের পূরণ হয়েছে। এটি তাদের জন্য গণতন্ত্রে উত্তরণের প্রথম ধাপে পা রাখা। এই নির্বাচনের মাধ্যমে ২০০ সদস্যের গণপরিষদ জেনারেল ন্যাশনাল কংগ্রেস (জিএনসি) দায়িত্ব বুঝে নেবে এনটিসির কাছ থেকে। এরপর দেশের নতুন সংবিধানের খসড়া প্রণয়নসহ অনেক গুরুদায়িত্ব বর্তাবে তাদের ওপর। সে দায়িত্ব পালনে জিএনসি কতটুকু সফল হবে, তা-ই এখন বিশ্লেষকদের আলোচনার বিষয়। তবে দেশটির পরবর্তী নতুন নেতাকে যে চরম অগ্নিপরীক্ষা দিতে হবে, তা ইতিমধ্যেই পরিষ্কার।এনটিসি লিবিয়ার সাধারণ মানুষের কাছে অঙ্গীকার করেছিল বেশ কয়েকটি। এর মধ্যে ছিল একটি কার্যকর বিচারব্যবস্থা চালু করা, আলোচনার মাধ্যমে গাদ্দাফি প্রশাসনের কর্মকর্তাদের শান্তি স্থাপনের প্রক্রিয়ায় নিয়ে আসা, মিলিশিয়াদের নিরস্ত্র করে কার্যকর একটি জাতীয় নিরাপত্তা বাহিনী গড়ে তোলা ইত্যাদি। কিন্তু এ অঙ্গীকারের কোনোটিই পূরণ করতে পারেনি এনটিসি। এর পরও অনেকেই মনে করেন, ৭ জুলাইয়ের নির্বাচন আয়োজনের দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করায় তারা বিরাট ধন্যবাদ পাওয়ার যোগ্য।আশঙ্কা ছিল অনেক। কিন্তু তেমন কোনো বড় ধরনের সহিংসতা বা অঘটন ছাড়াই সম্পন্ন হয় লিবিয়ার এই সাধারণ নির্বাচন। আয়তনের তুলনায় জনবিরল দেশটিতে এ নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ২৭ লাখ। দেশটির গত ৬০ বছরের ইতিহাসে এটিই প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। বিগত ছয় দশকের মধ্যে ৪২ বছর একটানা দেশ শাসন করেছেন গাদ্দাফি। নেহাতই সেদিন একনায়কের রাহুমুক্ত হওয়া লিবিয়ায় রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে—এমন আশা কেউই করেন না। এটি হয়তো হবে বিস্তর চড়াই-উতরাই ঠেলে এক দীর্ঘ যাত্রা। লক্ষণীয় বিষয়টি হচ্ছে, গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সঠিক পথে থাকা।মুয়াম্মার গাদ্দাফির পতনের পর জেনারেল ন্যাশনাল কংগ্রেস বা জিএনসি হবে লিবিয়ার প্রথম নির্বাচিত বৈধ কর্তৃপক্ষ। এই গণপরিষদ নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন করবে। গঠন করবে নতুন মন্ত্রিসভা। নতুন সংবিধানের খসড়া প্রণয়ন এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করতে একটি সাংবিধানিক কমিটিও গঠন করবে জিএনসি। সর্বোপরি ২০১৩ সালে একটি পূর্ণাঙ্গ পার্লামেন্ট নির্বাচনেরও আয়োজন করবে। এটি হবে দেশটির স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের শেষ আনুষ্ঠানিক ধাপ।জিএনসির ২০০টি আসনের মধ্যে ৮০টি রাজনৈতিক দলগুলোর জন্য। বাকি ১২০টি আসন স্বতন্ত্র প্রার্থীদের। অবশ্য স্বতন্ত্র প্রার্থীদেরও অনেকেই বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। ভোট গণনার প্রাথমিক যে ফলাফল পাওয়া গেছে, তাতে বিদ্রোহীদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল অনেক ভোটে এগিয়ে আছেন। গত সোমবারই ভোটের ফল ঘোষণা করার কথা থাকলেও চূড়ান্ত ফল পেতে আরও কয়েক দিন লেগে যেতে পারে বলে মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচনে ন্যাশনাল ফোর্সেস অ্যালায়েন্সের (এনএফএ) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জিবরিল। তাঁর দলই নতুন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে জোরালো আভাস পাওয়া গেছে। অন্যদিকে তাঁর ইসলামপন্থী প্রতিদ্বন্দ্বীরা দল ভারি করতে স্বতন্ত্রদের পক্ষে টানার চেষ্টা করছে। জয়ের সম্ভাবনাকে সামনে রেখে গত সোমবার জিবরিল জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি দেশের প্রায় ১৫০টি রাজনৈতিক দলকে একটি বিশাল জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এসব দলের নেতাদের জাতীয় সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে জিবরিল বলেন, ‘এখানে কারও হারা বা জেতার কিছু নেই। এই নির্বাচন থেকে গোটা লিবিয়াই হবে প্রকৃত জয়ী।’ ভোটকেন্দ্রফেরত লোকজনের ওপর চালানো লিবিয়া হেরাল্ড-এর জরিপের তথ্য অনুযায়ী, রাজধানী ত্রিপোলির অনেক নির্বাচনী এলাকায় এগিয়ে ছিল এনএফএ। এ ছাড়া পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ নগর বেনগাজিতেও দলটির প্রাধান্য লক্ষণীয়।যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা জিবরিল গাদ্দাফিবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। অনর্গল ইংরেজি বলায় পারদর্শী এই নেতা গত বছর বিদ্রোহীদের প্রতিনিধি হিসেবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেছেন। এতে পশ্চিমা দেশগুলোতে তাঁর পরিচিতি ছড়িয়েছে। নির্বাচিত হলে ন্যাটোর সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো হবে বলে আশা করা যাচ্ছে। গাদ্দাফির পতনের পেছনে ন্যাটোর সরাসরি বড় ভূমিকা রয়েছে।জিবরিল তাঁর জোট সম্পর্কে এখনো খোলাখুলি কিছু বলেননি। তিনি বলেছেন, তাঁদের জোটে যেসব দল রয়েছে তারা ধর্মনিরপেক্ষ বা উদারপন্থী নয়। বরং মুসলিম শরিয়া আইনের মূল্যবোধের ওপর তাদের আস্থা রয়েছে। জিবরিল বা যিনিই ক্ষমতায় আসুন না কেন, নতুন লিবিয়ার হাল ধরা তাঁর জন্য খুব সহজ বিষয় হবে না। শুধু সশস্ত্র মিলিশিয়াদের বাগে আনতেই তাঁর প্রাণ ওষ্ঠাগত হবে। এসব মিলিশিয়া না শোনে স্থানীয় পরিষদের কথা, না মানে কেন্দ্রীয় সরকারের শাসন। জিনতান শহরে সম্প্রতি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) কয়েকজন সফররত কর্মকর্তাকে আটক করে মিলিশিয়ারা এর মধ্যে বুঝিয়ে দিয়েছে, তারা কতটা বেপরোয়া। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি-ধমকি দিয়েছিল তারা। এতে ভোট গ্রহণের বিষয়টিই হুমকির মধ্যে পড়ে গিয়েছিল। নির্বাচনের এক সপ্তাহ আগে ১ জুলাই বেনগাজির নির্বাচন কমিশনের সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের দাবি, সে অঞ্চলে পরিষদের যথেষ্ট আসন বরাদ্দ হয়নি। এ ছাড়া ৫ জুলাই আজদাবিয়ায় ব্যালট বাক্সসহ ভোটের সামগ্রী পোড়ানো হয়। এসব ঘটনায় এটি স্পষ্ট যে নিরাপত্তা-ব্যবস্থা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হবে লিবিয়ার নতুন নেতাকে। এটা এনটিসির কর্মকর্তারাও স্বীকার করেন।জিনতান ও মিসরাতায় বড় সশস্ত্র দলগুলো হরহামেশা অস্ত্রের মহড়া দিয়ে চলেছে। এসব দল বা গোষ্ঠী সংখ্যায় অনেক। শক্তিতে কেউ কারও চেয়ে কম নয়। তাদের নেতাদের অনেকে কেন্দ্রীয় সরকারে বড় পদ পেতে প্রত্যাশী। এসব উচ্চাকাঙ্ক্ষী নেতার সঙ্গে বোঝাপড়াও নতুন নেতার জন্য কঠিন পরীক্ষা হবে। টানাপোড়েনের আশঙ্কা রয়েছে নতুন সংবিধানের খসড়া নিয়েও। কোনো নেতা চান ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, আবার কোনো নেতা সবাইকে নিয়ে ক্ষমতা ভাগাভাগিতে বিশ্বাসী। এই দ্বন্দ্বের চক্রে পড়তে পারে নতুন সংবিধানের খসড়া প্রণয়নের বিষয়টি। এতে কাজে যেমন বিলম্ব ঘটতে পারে, তেমনি দেখা দিতে পারে বিশৃঙ্খলা, যা জটিল রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।গৃহযুদ্ধের পর আট মাসে লিবিয়ার অবকাঠামোগত কোনো উন্নয়নই হয়নি। দেশটিতে এখনো বিদেশি উপদেষ্টা বা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিবেশ তৈরি হয়নি। তাঁদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই বর্তমান সরকারের। কাজেই তাঁরা এই অরক্ষিত ও অনিশ্চিত পরিবেশে ফিরে আসতে চাইছেন না। এ জন্য থমকে আছে অবকাঠামোগত উন্নয়ন। নতুন সরকার তথা নতুন নেতাকে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে বিদেশি বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা লিবিয়ায় নিরাপদে অবস্থান করতে পারেন। তবেই কর্মচঞ্চল হয়ে উঠবে অবকাঠামো ক্ষেত্র, যার সূত্র ধরে ঘটবে অর্থনৈতিক উন্নয়ন।