লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের বিচার নেদারল্যান্ডসের দ্য হেগে নয়, লিবিয়ার মাটিতেই হবে—এ সিদ্ধান্তটা আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মেনে নিয়েছে। মনে করা হচ্ছে, সাইফের বিচার প্রক্রিয়ায় আইসিসির সম্পৃক্ততা হবে য ৎ সামান্য। মূলত পরামর্শকের ভূমিকা পালন করবে এ আন্তর্জাতিক আদালত। লিবিয়ায় গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ এবং পরবর্তী নয় মাসের সহিংসতার ঘটনায় আইসিসি সাইফ আল-ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিল। কিন্তু এ মুহূর্তে যেটা সবাই বুঝে গেছেন তা হচ্ছে সাইফের বিচার লিবিয়ায় নয়, দ্য হেগের ট্রাইব্যুনালে হবে, তা নিয়ে আর প্রশ্নের অবকাশ নেই। বিচার হবে লিবিয়ার মাটিতেই।লিবিয়ার রাজধানী ত্রিপোলি সফরকালে সম্প্রতি আইসিসির প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো বলেন, ‘আইসিসির বিচারের মানদণ্ড হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিকে রক্ষা করার জন্য বিচার প্রক্রিয়া সমন্বয় করা হবে না। লিবিয়ায় বিচার হওয়ার গুরুত্বকে আমি শ্রদ্ধা করি। আমি দ্য হেগে এ বিচার করার জন্য লড়ছি না।’ পরে অবশ্য ওকাম্পো এও বলেছেন, কীভাবে নিরপেক্ষ বিচার করতে হয়, তা লিবিয়ার কর্মকর্তাদের বলে দেওয়া তাঁর দায়িত্ব নয়। তিনি বলেন, ‘কত ধরনের ঐতিহ্যই না রয়েছে। এটা বলা কঠিন, কোনটি নিরপেক্ষ।’সাদা চোখে মনে হতে পারে ওকাম্পোর এ মন্তব্য যথেষ্ট যুক্তিসংগত। তবে বাস্তবতা হচ্ছে, লিবিয়ার বেশির ভাগ মানুষ বোঝে না বিদেশি মানবাধিকার গোষ্ঠীগুলো কেন সাইফের বিচার নিরপেক্ষতা নিয়ে এতটা উদ্বিগ্ন। সাইফ আল-ইসলাম অভিযুক্ত হবেন কি না, সেটা নয়; বরং তাঁর বিরুদ্ধে কখন রায় দেওয়া হবে, লিবিয়ায় সেই দিনক্ষণ গণনা করা হচ্ছে। এ ব্যাপারটাকে ন্যায়বিচারের মৃত্যু বলেই মনে হতে পারে। কিন্তু যাঁরা মুয়াম্মার গাদ্দাফির রক্তক্ষয়ী দমন-পীড়নে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা মনে করেন, সাইফের দণ্ডাদেশ কার্যত ঘোষিত হয়ে গেছে। তাঁর আর বাঁচার কায়দা নেই।তবে সাইফের বিচার প্রক্রিয়ার বিষয়ে আরও বড় প্রশ্নটি হচ্ছে, তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগগুলো আদালতে প্রমাণ করা যাবে কি না। বিষয়টি কেবল সাইফের বিরুদ্ধে তথ্যপ্রমাণ প্রকাশ করার পরই বোঝা সম্ভব। লিবিয়ায় বিদ্রোহ চলার সময় সাইফ বিদ্রোহীদের প্রতি শত্রুভাবাপন্ন বক্তব্য দিয়েছিলেন সন্দেহ নেই; তবে তিনিই যে গাদ্দাফির অনুগত বাহিনীকে সহিংসতা চালানোর নির্দেশ দিয়েছিলেন, তা প্রমাণ করাটা একেবারেই ভিন্ন বিষয়। অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) ভাবসাবে মনে হয়, লিবিয়ার মাটিতেই সাইফের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার সম্ভব বলে তারা আস্থাশীল। তবে অনেক লিবীয়ই মনে করেন, লিবিয়ায় বিদ্রোহ দমনে সাইফের ভূমিকা সন্দেহাতীত। অধিকাংশ লিবীয় এ ব্যাপারে নিঃসন্দেহ যে সহিংসতা চালানোর ক্ষেত্রে সাইফ একটি মূল ভূমিকা পালন করেছেন এবং মৃত্যুদণ্ড ছাড়া তাঁর উপযুক্ত বিচার হবে না। গাদ্দাফির দীর্ঘ কঠোর স্বৈরশাসনের অন্ধকার সময়টি পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন লিবীয়রা। এ অবস্থায় সাইফের একটি সুষ্ঠু বিচার তাঁদের বড় ধরনের স্বস্তি দেবে।শুধু সাইফ নন, লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষকে আরও অনেকের বিচার নিয়েই ভাবতে হচ্ছে। এর মধ্যে রয়েছে গাদ্দাফির অনুগত বাহিনীর অনেক বন্দী সদস্য ও সন্দেহভাজন বিদেশি ভাড়াটে যোদ্ধারা। বর্তমান অচলাবস্থা কাটিয়ে লিবিয়ার বিচার বিভাগ যখন আবার সক্রিয় হবে, তখন তাদের হাজার হাজার মামলার বিচার করতে হবে। বিচার বিভাগ কতটা দক্ষতার সঙ্গে এ কাজ চালায়, তার ওপরই লিবিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠায় সাফল্যের বিষয়টি নির্ভর করবে। লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আবদুর রহিম আল-কেইব সাইফ আল-ইসলামের বিচার করার সামর্থ্য তাঁদের আছে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন। তবে কঠিন বাস্তবতা হচ্ছে, লিবিয়ায় এ ধরনের ও পর্যায়ের বিচারের ঘটনা এটাই প্রথম। ক্ষমতাচ্যুত শীর্ষ নেতা বা তাঁর ঘনিষ্ঠজনের বিচার করা লিবিয়ার বিচার বিভাগের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।গাদ্দাফি-উত্তর লিবিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে সপ্তাহ দুই আগে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কিন্তু এটি দীর্ঘ এক রাজনৈতিক প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ মাত্র। আপাতত নতুন মন্ত্রিসভার প্রধান কাজ সামরিক বাহিনীকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা। গাদ্দাফি সরকারের বিরুদ্ধে যুদ্ধে কয়েকটি শক্তিশালী সেনা ব্রিগেড ও কয়েকটি মিলিশিয়া বাহিনীর জন্ম হয়েছে। এনটিসির জন্য এই কেন্দ্রীকরণের কাজটি খুবই কঠিন হতে পারে। এ পর্যন্ত অভিজ্ঞতাই তার বড় প্রমাণ।সাইফ আল-ইসলাম জিনতান ব্রিগেডের সদস্যদের হাতে ধরা পড়েছেন। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় নিরিবিলি পাহাড়ি শহর জিনতানের নামে এই ব্রিগেডের নাম রাখা হয়েছে। ওসামা আল-জুওয়ালি নামের এক কমান্ডারকে নতুন মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী বানানো হয়েছে এই জিনতান থেকে। লিবিয়ার বিচার বিভাগে এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে। গাদ্দাফির স্বৈরশাসনের সময় লিবিয়ার অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানের মতোই আদালতেও তাঁর শাসনের বিষয়টি প্রতিফলিত হতো। এসব আদালতের মাধ্যমে লিবিয়ার যেসব মানুষ বিচারের সম্মুখীন হয়েছেন, তাঁদের অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে ঘৃণা। তাঁরা মনে করেন, বিচারে ব্যবহূত সাক্ষ্যপ্রমাণগুলো ছিল বানোয়াট। গাদ্দাফির শাসনামলে শেষ পর্যন্ত বিচার বিভাগও নিপীড়ন ও অবিচারের হাতিয়ারে পরিণত হয়। বিচার বিভাগের সেই ভাবমূর্তি, বাস্তবতা ও প্রক্রিয়াকে রাতারাতি পাল্টে দেওয়া সহজ হবে না। লিবিয়ায় দক্ষ আইনজীবী বা বিচারকের অভাব নেই। তবে আইনের ব্যাখ্যা নিয়ে বরাবর সমস্যা ছিল। এই অবস্থার প্রেক্ষাপটে লিবিয়ার অন্তর্বর্তী নেতারা একটি সুন্দর ও ন্যায়পরায়ণ ভবিষ্যতের জন্য অন্য বিষয়ের পাশাপাশি দেশটির আইন ব্যবস্থার পুনর্জাগরণের ওপরও নির্ভর করছেন। আবুল হোসেন