লিবিয়ায় আবুল বশরের দুঃস্বপ্নের দিনগুলো
খাগড়াছড়ির দীঘিনালায় লিবিয়াফেরত একমাত্র যুবক আবুল বশর (২৩)। তাঁর বাড়ি উপজেলার কবাখালীর মুসলিমপাড়া গ্রামে। বিরাট স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমান ২০০৯ সালের ৯ ডিসেম্বর। এক দূরসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে কথা ছিল দুবাই নিয়ে যাওয়ার। কিন্তু বিমানবন্দরে গিয়ে তাঁকে জানানো হলো দুবাই নয়, তাঁকে লিবিয়ায় যেতে হবে। বেতন ভালো, গেটরন অয়েল কোম্পানির চাকরি। তিন লাখ টাকা ব্যয় করে লিবিয়ায় গিয়ে দেখেন তিনি মূলত প্রতারণার শিকার হয়েছেন। তাঁকে চাকরি দেওয়া হয় ডিএস কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ। সেখানে সাত মাস কাজ করে দিনে ১০ দিনার পকেট খরচ ছাড়া কোনো টাকা দেওয়া হয়নি। বেতনের দাবি তুললে তাঁকেসহ বাংলাদেশি শ্রমিকদের শুধু পাসপোর্ট দিয়ে বের করে দেওয়া হয়। তখন থেকেই আবুল বশরের জীবনযুদ্ধ শুরু। সর্বশেষ গত ১০ মার্চ ২৬ দিন অনাহার-অর্ধাহারে কাটানোর পর শূন্য হাতে ৭৩২ জন বাংলাদেশির সঙ্গে তিউনিসিয়া সীমান্ত থেকে দেশে ফেরেন। কোম্পানির কাছে তাঁর পাওনা রয়েছে সাড়ে চার শ দিনার। একমাত্র সম্বল ছিল শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া সরকারি সাহায্য এক হাজার টাকা। ১২ মার্চ উপজেলার কবাখালীর মুসলিমপাড়া গ্রামে আবুল বশরের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজনের ভিড়। কথা হয় আবুল বশরের সঙ্গে। তাঁর চোখেমুখে নিদ্রাহীনতা আর অনাহারের ছাপ। তিনি জানান, লিবিয়ায় বিক্ষোভের আগে তাঁর কর্মস্থল ছিল ত্রিপোলির মামুরা এলাকার চিনহান নামে একটি কোম্পানিতে। ১৫ ফেব্রুয়ারি কাজ শেষে ফেরার পর ১৬ ফেব্রুয়ারি গাদ্দাফির পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু হয়। ১৬ তারিখ বিক্ষোভ শুরুর পর চিনহান কোম্পানি বিক্ষোভকারী লোকজনের আক্রমণ থেকে তাদের প্রধান কার্যালয় বাঁচাতে তাদের নিয়োগপ্রাপ্ত বিভিন্ন দেশের তিন হাজার শ্রমিককে প্রলোভন দেখিয়ে সেখানে জড়ো করে। ১৬-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানি শ্রমিকদের এক বেলা খিচুড়ি দিয়ে পাহারা দিতে বাধ্য করেছে। রাতে গাদাগাদি করে সামান্য ঘুমালেও কোম্পানির লোকজন হঠাৎ এসে মারধর করে ঘুম থেকে তুলে পাহারা দিতে বাধ্য করতেন। অনেক সময় এক বেলার খিচুড়িও দেওয়া হতো না। খাবারের কথা বললে নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিতেন। তাঁরা কথায় কথায় বাংলাদেশি মিসকিন (ফকির) বলে গালি দিতেন। ২৭ ফেব্রুয়ারি লিবিয়ার বিদ্রোহীরা কোম্পানির কার্যালয় আক্রমণ করলে আমরা কৌশলে সেখান থেকে পালিয়ে যাই। মামুরা থেকে পালিয়ে ২ মার্চ তিউনিসিয়া সীমান্তে পৌঁছাই। সেখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে তিউনিসিয়ানদের কাঁটাতারের বেড়া দিয়ে নিক্ষেপ করা খাবার খবজা (রুটি) আর পানি খেয়ে তিন দিন কাটাই। লিবিয়া আর তিউনিসিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার পায়ে হেঁটে তিউনিসিয়ার আশ্রয়কেন্দ্রে পৌঁছাই। আশ্রয়কেন্দ্রে ৬ মার্চ পর্যন্ত কাটানোর পর সেখান থেকে সরকারি সাহায্যে বিমানবন্দরে আসার পথে সে দেশের পুলিশ সবার মুঠোফোন, থলে, অর্থ যা ছিল সব কেড়ে রেখে দেয়। কেউ দিতে না চাইলে তাঁকে বিমানবন্দরে যাওয়ার ট্রাকে উঠতে দিত না। তিউনিসিয়া বিমানবন্দরে দুদিন উপোস আর অপেক্ষার পর ১০ মার্চ দেশে পৌঁছি। চিনহান কোম্পানির কাছে সাড়ে চার শ দিনার বেতন পাওনা। আবুল বশরের মা জোবেদা বেগম চোখের পানি ফেলতে ফেলতে বলেন, ‘জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। শুরু থেকেই সে প্রতারণার শিকার হয়েছে। জমি হারানো আর প্রতারণার শিকার হলেও আমার আর কোনো দুঃখ নেই। আমার বুকের মানিক আমার কাছে ফিরে এসেছে।’