লিভারপুলে বাংলা প্রেসক্লাবের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিনারে মনজিল মোরসেদসহ অন্য আলোচকেরা
সেমিনারে মনজিল মোরসেদসহ অন্য আলোচকেরা

বাংলা প্রেসক্লাব, লিভারপুলের উদ্যোগে গত ২৬ আগস্ট এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী অধিকার বাস্তবায়ন ও বাংলাদেশের সম্প্রচার নীতিমালা পর্যালোচনা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব। স্থানীয় এক রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারপারসন মনজিল মোরসেদ। বিশেষ অতিথি ছিলেন এই সংগঠনের ইউকে শাখার চেয়ারপারসন মো. রহমত আলী।
বক্তব্য দেন যুক্তরাজ্য থেকে প্রকাশিত মাসিক দর্পণ-এর সম্পাদক মো. রহমত আলী, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কে আর চৌধুরী, আলো ইউকের চেয়ারপারসন জুবেদ আলী সাদেক, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উইরাল শাখার চেয়ারপারসন কয়ছর মিয়া, সাংবাদিক ম আ আজাদ, কবি রফিক, ইকরাম মিয়া, মাসুক আহমদ প্রমুখ। সঞ্চালনা করেন ফখরুল আলম ও আবু সাঈদ চৌধুরী। সেমিনার শুরুর আগে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাবের সদস্য এহসানুল হক।

সেমিনার শেষে মনজিল মোরসেদের সঙ্গে কয়েকজন অতিথি
সেমিনার শেষে মনজিল মোরসেদের সঙ্গে কয়েকজন অতিথি

সেমিনারে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় বাংলাদেশি সাংবাদিকসহ যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা পত্রিকার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ম্যানচেস্টার, রচডেল, ওল্ডহাম, চেস্টারসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের প্রবাসী বাঙালি, যাঁরা দেশে বিভিন্ন মামলায় জর্জরিত, তাঁরা অনেকে উপস্থিত ছিলেন। তাঁরা আইনি সহায়তা নেওয়ার জন্য এসেছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনজিল মোরসেদ বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক। এ ছাড়া বর্তমান সরকার সম্প্রচার নীতিমালা করতে যাচ্ছে। এর মাধ্যমে যদি সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের কর্মকাণ্ড ও সংবাদপত্রের মতপ্রকাশের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়, সেটা আমরা মেনে নেব না।’
মনজিল মোরসেদ আরও বলেন, প্রবাসীরা দেশে গেলে কেউ কেউ নানা হয়রানির শিকার হন। তাঁদের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের সব ধরনের আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। মনজিল মোরসেদ দেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্য ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্যও লিভারপুল বাংলা প্রেসক্লাবের সদস্যসহ বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সেমিনার শেষে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকের মার্সিসাইড লিভারপুল শাখা গঠন করা হয়। এ জন্য জুবেদ আলীকে আহ্বায়ক ও নূর হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
তাসালমা আলম জেনি
লিভারপুল, যুক্তরাজ্য