
উত্তাল সমুদ্রে ছুটে চলেছে যুদ্ধজাহাজ। জাহাজিদের সামনে কঠিন এক ‘মিশন’! যুক্তরাষ্ট্রের দুর্ধর্ষ নৌবাহিনীর কাছে আজকের মিশনটা অন্য রকম। যোদ্ধাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। আবহাওয়া খুব একটা ভালো না। ঠিক সময়ে তারা পৌঁছাতে পারবে তো? হেলিকপ্টার প্রস্তুত আছে। অবস্থা বেগতিক দেখলে আকাশপথে রওনা হয়ে যাবে প্যারাট্রুপারের দল।
এতসব আয়োজন ছোট্ট মেয়ে লিরাকে বাঁচাতে। ঘটনাটা এবার খুলেই বলি।

যুক্তরাষ্ট্রে স্যান ডিয়েগোর অধিবাসী এরিক ও কার্লট কফম্যান। ভ্রমণপ্রিয় এই দম্পতিকে রীতিমতো দুঃসাহসীই বলতে হবে। এক বছর আর তিন বছর বয়সী দুই মেয়েকে নিয়ে জলপথে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। শুরু থেকেই আবহাওয়া অনুকূলে ছিল না। বিরূপ আবহাওয়া দেখেও পিছপা হননি এরিক ও কার্লট। যাত্রা শুরুর কদিন পর ঘটল বিপত্তি। ছোট মেয়ে লিরা অসুস্থ বোধ করতে শুরু করল। শুরু থেকেই তার বমি বমি ভাব হচ্ছিল। ছোট মানুষ, ‘সি সিকনেস’ ভেবে খুব একটা দুশ্চিন্তা বোধ করেননি বাবা-মা। নিজেদের ভুল বুঝতে পারলেন, যখন লিরার অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নৌকা তখন মূল ভূখণ্ড থেকে প্রায় ৯০০ মাইল দূরে! ডায়রিয়ার প্রকোপে দ্রুত দুর্বল হয়ে পড়ছিল ছোট্ট মেয়েটা। এরিকদের ৩৬ ফুট দৈর্ঘ্যের নৌকাটাতে টুকটাক ওষুধপত্র ছিল। কিন্তু তা যথেষ্ট নয়। মাঝ সমুদ্রে অসহায় হয়ে পড়েছিলেন লিরার বাবা-মা। রেডিও সিগন্যালের মাধ্যমে উদ্ধারকর্মীদের কাছে সাহায্য চাইলেন তাঁরা। কিন্তু খারাপ আবহাওয়ায় উদ্ধারকর্মীরা ঠিক সময়ে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল।
উদ্ধারকর্মীদের ছোট জাহাজগুলোর পক্ষে কম সময়ে লিরার কাছে পৌঁছানো সত্যিই অসম্ভব ছিল। তখনই সাহায্যে এগিয়ে এল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসকসহ রওনা হলো মাল্টিমিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ—ইউএসএস ভ্যানডেগ্রিফট! প্রতিকূল আবহাওয়ায় জাহাজটিও খুব দ্রুত চলতে পারছিল না। এদিকে ক্রমেই লিরার অবস্থার অবনতি হচ্ছিল। বাধ্য হয়ে প্রাথমিক চিকিৎসাব্যবস্থাসহ হেলিকপ্টারে রওনা হয়েছিল প্যারাট্রুপারের দল। মাঝ সাগরে তারা লিরার কাছে ওষুধ পৌঁছে দিতে পেরেছিল। এরপর দক্ষ হাতে এরিক-কার্লট দম্পতির ছোট্ট নৌকাটা নিয়ন্ত্রণ করেছেন নৌবাহিনীর সদস্যরা। আর তেমন কোনো বাধা-বিপত্তি ছাড়াই এরিকের পরিবার পৌঁছে গেছে নিরাপদ আশ্রয়ে। ছোট্ট লিরা এখন সুস্থ আছে। সফল হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মিশন!
মো. সাইফুল্লাহ, সূত্র: ডেইলি মেইল