লিলুয়া বাতাস
তোমায় ডাকতাম ‘লিলুয়া বাতাস’। হঠাত্ করে এলে, আমায় উদাস করে হারিয়েও গেলে। নাকি তোমায় খুন করলাম! যন্ত্রণায় নীল তখন আমি। রাতগুলো যেন একেকটা কৃষ্ণগহ্বর, শুরু আছে কিন্তু শেষ নেই। গান শুনতাম। কখনো শ্রীকান্ত, কখনো বা বন্যা। আর দেখতাম গাঢ় অন্ধকার থেকে নতুন সূর্যের আত্মপ্রকাশ। দিনে তো থাকতাম ক্যাম্পাসে, বন্ধু-আড্ডা, ক্লাস টিউটোরিয়াল—হাজারো ব্যস্ততা। সামনে পরীক্ষা, আমি যে চোখে ঝাপসা দেখি, পড়ব কেমন করে। বইয়ের পাতাজুড়ে কেবলই তোমার ছবি। গাঢ় নীল গেঞ্জি, বাঁ বাহুতে উল্কি আঁকানো, মুখে হাজারো কষ্টের লাল-নীল আঁকিবুঁকি। আমার কাছে তুমি বলতে তো কেবলই এতটুকু ছবি ‘শুধু পটে আঁকা...’। অথচ কী আশ্চর্য, তোমার প্রতিটি স্পর্শ আজও আমার মধ্যে গান গায়, ‘প্রাণের মাঝে সুধা আছে চাও কি?’মফস্বল কলেজের মাথা খারাপ করা ছাত্রী আমি, দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি, শিক্ষক বাবার দুচোখ ভর্তি স্বপ্ন—আমি মানুষ হব (নাকি বড় চাকুরে হব?)! সব যে নষ্ট হতে বসেছে! স্যার-ম্যাডামের মুখে প্রিয় ছাত্রীর খারাপ রেজাল্টের বিস্ময়। এত কিছুর মধ্যে সত্যি কেবল ভালোবাসি তোমায়।হ্যাঁ, তোমায় মিথ্যা বলেছি আমি। মুঠোফোনে তো আর মানুষ দেখা যায় না, সুযোগটার যথাযথ ব্যবহার, ফলাফল হাজারো মিথ্যার ঝুলি। সেদিন বুঝলাম ভালোবাসি তোমায়, বললাম আমার কথা, সত্যি কথা। জানো, আমি অবাক হইনি যখন তুমি বললে, ‘বিদ্যয়ে করুণা তব লহো নমস্কার।’ কেবল হূিপণ্ডটা যন্ত্রণায় বেরিয়ে আসতে চাচ্ছিল বুকের মাঝখান থেকে। আর আজ শুধু নির্ঘুম রাতে অঝোরে কাঁদা হয়।জানি, ঘৃণা করো তুমি আমায়। তবু যে জানতে ইচ্ছে করে তোমার কথা, নারায়ণগঞ্জের কথা, তোমার বাবার কথা, যিনি তোমার প্রিয় মানুষ। কেউ যদি বলে দিত হেমলক খেলে তোমায় ফিরে পাব, তবে আমি তা-ই করতাম, সত্যি করতাম।নাম প্রকাশে অনিচ্ছুকরাজশাহী বিশ্ববিদ্যালয়।