ইউরোপের হূদয়ে হীরার টুকরোর মতো ছোট এক স্পন্দন।ঠিক যেন ঝিন্দের বন্দীর মতো এক রহস্যোপন্যাস, পড়তে শুরু করলে শেষ না করে পারা যায় না। এর পরও মনে হবে, ‘শেষ হয়েও হইল না শেষ’, লিসটেনস্টাইন সম্পর্কে এভাবেই বলা হয়েছে।লিসটেনস্টাইন পৃথিবীর একমাত্র দেশ, যে দেশটির নাম ব্যক্তিবিশেষের নামে। শুধু তা-ই নয়, পৃথিবীর মধ্যে যে ছয়টি দেশ বা রাজ্য আছে, লিসটেনস্টাইন এর অন্যতম। ইউরোপের স্বাধীন দেশগুলোর মধ্যে ভাটিকান সিটি, মোনাকো, সান মারিনো স্বনামধন্য। কিন্তু লিসটেনস্টাইন এ দেশগুলো থেকে স্বতন্ত্র ও ব্যতিক্রমী। চারদিকে পাহাড়ঘেরা আল্পস পর্বতমালায় শোভিত দেশটির আয়তন মাত্র ৬২ বর্গমাইল। লোকসংখ্যা মাত্র ৩৫ হাজার। কিন্তু ব্যতিক্রম হলো, দেশটিতে নিবন্ধন করা ব্যবসাপ্রতিষ্ঠানই রয়েছে ৭২ হাজারের ওপর। লিসটেনস্টাইনের টোটাল জিডিপি তিন হাজার ৫০০ বিলিয়ন ডলার, মাথাপিছু আয় ৯২ হাজার ডলার। ওই হিসাবে দেশটি ছোট হলেও বিশ্বের প্রথম সারির এক সম্পদশালী ও ধনী দেশ। এদিক দিয়ে দেশটি ব্যতিক্রমী বইকি।দক্ষিণ-পশ্চিমে সুইজারল্যান্ড ও পূর্বে অস্ট্রিয়ার মাঝে এই ছোট দেশটি কীভাবে ২০০ বছর ধরে স্বাধীনভাবে বেঁচে আছে, তা ভাবার বিষয়। ১৮১৫ থেকে ১৮৬৬ সাল পর্যন্ত প্রায় ৫১ বছর জার্মানি কনফেডারেশনের মধ্যে ছিল লিসটেনস্টাইন। ১৮৬৬ সালে কনফেডারেশন থেকে বের হয়ে স্বাধীনতা লাভের পর ১৮৬৮ সালে সেনাবাহিনী ভেঙে দিয়ে নিরপেক্ষতা ঘোষণা করা হয়। সেনাবাহিনীর সদস্য ছিলেন মাত্র ৮০ জন, তাও আবার তাঁরা কোনো যুদ্ধে অংশ নেননি। সেনাবাহিনীর শেষ সদস্য ৯৫ বছর বয়সে মারা গেছেন ১৯৩৯ সালে। পৃথিবীর স্বল্পসংখ্যক দেশের মধ্যে লিসটেনস্টাইন অন্যতম দেশ, যে দেশে কোনো সেনাবাহিনী নেই। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার নিরপেক্ষ দেশগুলোতে দাঁত বসাননি। এভাবেই হয়তো বেঁচে গিয়েছিল সুইডেন ও লিসটেনস্টাইন। অবশ্য লিসটেনস্টাইনের বাঁচার পেছনে আরও একটি কারণ থাকতে পারে, জার্মানির সঙ্গে কোনো সীমান্ত না থাকলেও দেশটি পুরোপুরি জার্মান ভাষাভাষীর দেশ, উপরন্তু শাসনকর্তা প্রিন্সরা খোদ অস্ট্রীয়।অস্ট্রিয়ান প্রিন্স ইউহান আদাম ভন লিসটেনস্টাইন জার্মান রাজন্যবর্গের কাছ থেকে ১৭০০ শতকে আল্পস পর্বতের কোলে ২৫ কিলোমিটার দীর্ঘ ও ১২ কিলোমিটার প্রস্থ জায়গাটি ক্রয় করে স্বীয় নামে দেশটির নামকরণ করেন লিসটেনস্টাইন। ১৭১৯ সালে রোমান সাম্রাজ্যের এক ডিক্রিবলে লিসটেনস্টাইন নামটি স্বীকৃতি পায়।লেখক স্যার অ্যান্থনি হোপের The Prisoner of Zenda বা ঝিন্দের বন্দী এক অমর রোমাঞ্চ উপন্যাস। ১৮৯৪ সালে বইটি প্রকাশের পর আজও এর আবেদন ম্লান হয়নি। বইটিতে ‘রুরিটানিয়া’ নামের জার্মান ভাষাভাষী প্রাচীন এক রাজ্যের কথা উল্লেখ আছে। সেন্ট্রাল ইউরোপে অবস্থিত রুরিটানিয়ায় জার্মানি ও অস্ট্রিয়ার মতো রাজতন্ত্র ছিল। এই রাজ্যের ছোট এক শহর ঝেন্ডা। ঝেন্ডার দুর্গেই দৃশ্যত বন্দী জীবন যাপন করছিলেন উপন্যাসের প্রধান চরিত্র ঝেন্ডার রাজা। রাজাকে নিয়ে চলছিল ক্ষমতার দ্বন্দ্ব। অবশেষে বহিরাগত এক ইংরেজ যুবকের সহায়তায় বন্দী রাজাকে উদ্ধার করা হয়। এদিকে ঘটনাচক্রে রাজকুমারী ফ্লেভিয়া প্রেমে পড়ে যান যুবকের। রুরিটানিয়া রাজ্যটি লেখক অ্যান্থনি হোপের কল্পনাপ্রসূত হলেও লিসটেনস্টাইনের প্রধান শহরে অবস্থিত ভডুজ দুর্গের মিল আছে। অ্যান্থনি হোপ যে সময় রুরিটানিয়ার কথা বলেছেন, তার মাত্র ২৮ বছর আগে লিসটেনস্টাইন স্বাধীনতা পেয়ে রাজ্য হিসেবে পূর্ণতা লাভ করে। ইউরোপের মাত্র কয়েকটি দেশে নামসর্বস্ব রাজা থাকলেও রাজাদের শাসনতান্ত্রিক কোনো ক্ষমতা নেই। সুইডেনের রাজা কার্ল গুস্তাভের শাসনতান্ত্রিক ক্ষমতা দূরের কথা, ভোট দেওয়ার অথবা দেশীয় বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলারও অধিকার নেই। রাজারা দৃশ্যত দেশীয় প্রতীক হিসেবেই বেঁচে আছেন। কিন্তু সেদিক দিয়ে লিসটেনস্টাইনের প্রিন্স হান্স আদামের ক্ষমতা অপরিসীম। লিসটেনস্টাইনের প্রিন্স হান্স শুধু ক্ষমতার অধিকারীই নন, বিপুল অর্থ-সম্পদেরও অধিকারী তিনি। বর্তমানে প্রিন্স বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ষষ্ঠতম, সম্পদের পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার। উপরন্তু তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে বিশ্বের সেরা শিল্পীদের চিত্রকর্ম।ঝিন্দের বন্দীর মতো ছোট দেশটির কথা শুনেছিলাম, যখন প্রথমবার জুরিখে আসি। সুইজারল্যান্ডের মানচিত্রে চোখ বোলাতে গিয়েই ছোট পালকের মতো জায়গাটি দৃষ্টিতে ধরা দেয়। সে সময় দেশটির প্রতি আগ্রহ সৃষ্টি হলেও সময় ছিল না বলে যাওয়া হয়নি। জুরিখ রাইটার্স হাউস থেকে দ্বিতীয়বার আমন্ত্রণ পাওয়ার পর ভেবে রেখেছিলাম, ছোট রাজ্যটিতে যাওয়া যায় কি না। ভাবনাটা কাজে লাগাতেই রাইটার্স হাউসের সেক্রেটারি ব্রাত মার্লিসকে জানালাম। লিসটেনস্টাইনে কোনো বিমানপথ বা বিমানবন্দর নেই। নিকটতম বিমানবন্দর জুরিখ আর ওদিকে জার্মানির ফ্রেডরিখহাফেন বিনামবন্দর। জুরিখ থেকে লিসটেনস্টাইনের রাজধানী ভডুজের দূরত্ব মাত্র ১১৫ কিলোমিটার। এক ঘণ্টার পথ মাত্র। জুরিখ থেকে রেলপথে বা বাসে অথবা সড়কপথে যাওয়া যায়। জুরিখ থেকে সীমান্তবর্তী বুচ বা সার্গানস দুটি শহর থেকেই প্রতি ৩০ মিনিট অন্তর বাস ছাড়ে ভডুজের উদ্দেশে। সুইস রেল পাস বা টিকিট দিয়েই ভডুজে যাওয়া যায়। অতিরিক্ত টিকিট কাটতে হয় না। বুচ থেকে মাত্র ১৫ মিনিটেই বাস পৌঁছে যায় গন্তব্যে।[email protected]