লুকের ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার কাজের জন্য বাংলাদেশকে কেন বেছে নিলেন? উত্তর দেওয়ার আগে লুক হাসলেন একটু। তারপর আধো বাংলা ও ইংরেজির মিশেলে উত্তর দিলেন, যার সারমর্ম দাঁড়ায়, ‘সিলেটে কাজ করার সময় দেখেছি, এই দেশের অনেক শিশুই সুবিধাবঞ্চিত। তারা স্কুলে যেতে পারে না। এমনকি তারা প্রযুক্তি সম্পর্কে কিছুই জানে না। এই ব্যাপারগুলো আমাকে বাংলাদেশের প্রতি আগ্রহী করে তোলে। ’ ইংল্যান্ডের আলো-বাতাসে বড় হয়েছেন তিনি। উচ্চতর ডিগ্রি নিয়েছেন অস্ট্রিয়া থেকে। পড়াশোনার পাশাপাশি কাজ করেন সেই নয় বছর বয়স থেকে। কীভাবে ইংল্যান্ডের এই তরুণ থিতু হলেন বাংলাদেশে? লুক বলছিলেন, ‘আমার জন্ম ইংল্যান্ডের ছোট্ট শহর ওয়েস্টনিংয়ে। জায়গাটা এত ছোট, যেখানে সবাই সবাইকে চেনে। লন্ডন থেকে গাড়িতে মাত্র দুই ঘণ্টার পথ।’ নিজের এলাকা নিয়ে এভাবেই বললেন লুক। তিনি বলেন, ‘আমরা ধনী পরিবারে বড় হইনি। বাবা ছোটখাটো ব্যবসা করতেন। সেই আয় দিয়ে সংসার চলত না। বাধ্য হয়ে আমরা সব ভাইবোনই পড়াশোনার পাশাপাশি কাজ করেছি।’ লুক প্রথমবার বাংলাদেশে আসেন ২০০৪ সালে। একটা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসেবে। কাজের অংশ হিসেবে পুরো সিলেট বিভাগ চষে বেড়াতে হয়েছে তাঁর। ২০০৭ সালের শেষ দিকে চলে যান নিজ দেশ ইংল্যান্ডে। এরই মধ্যে আরও কয়েকটি দেশে গিয়েছেন। কিন্তু মন পড়ে ছিল বাংলাদেশেই। ভালোবাসার টানেই বলি আর নতুন কিছু করার তাগিদই বলি, লুক আবার বাংলাদেশে আসেন ২০১০ সালে। এসেই ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসটি) যোগ দেন। পাশাপাশি গড়ে তোলেন ক্যাফে। নাম শোনার পর যাঁরা ভাবছেন লুকের ক্যাফেতে গিয়ে চা-কফি কিছু খেয়ে আসবেন, তাঁদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো, এটা একটি কম্পিউটার স্কুল। বিনা মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় কিছু প্রোগ্রাম শেখানো হয় এখানে। যার পুরো নাম ‘কম্পিউটারস আর ফ্রি ফর এভরিওয়ান।’অলিগলি পেরিয়েবাড্ডা নতুন বাজার পৌঁছানোর মিনিট দশেক আগেই লুকের ফোন। স্পষ্ট বাংলায় জানতে চাইলেন কোথায় আছি? আমি নেমেই ফোন করব জানালাম। নেমে যথারীতি লুকের নম্বরে ফোন করতেই ওপাশে পাওয়া গেল লুককে। ‘আপনি কি একটা গেট দেখতে পাচ্ছেন। রাস্তার ওপর। অনেক বড়! আমি গেটের মাঝখানে দাঁড়িয়ে আছি।’ উল্টো পাশে তাকাতেই চোখে পড়ল ঠিক রাস্তার মাঝখানে সড়কদ্বীপের ওপর এক ভিনদেশি তরুণ দাঁড়িয়ে। তরুণের মুখে চিক চিক করছে বিকেলের রোদ। পরিচয় দিতেই হাত বাড়িয়ে দিলেন সড়কদ্বীপ থেকেই। হাত ধরে নিচে নামলেন। লুকের সঙ্গী কবির উদ্দিন। তাঁর প্রায় অর্ধেক বয়সী কবির ক্যাফে স্কুলের উপদেষ্টা! লুক অবশ্য বন্ধু বলে পরিচয় করিয়ে দিলেন। আমরা ধুলোমাখা পথ ধরে হাঁটতে থাকলাম লুকের স্কুলের দিকে। ভাটারা এলাকার বেশ কয়েকটি অলিগলি পেরিয়ে যখন ক্যাফেতে পৌঁছাই, তখন বিকেল। অর্ধনির্মিত বাড়ির দোতলার একটা ফ্ল্যাটে ক্যাফের ক্যাম্পাস। ফ্ল্যাটের পুরোটাই খোলা। অনেকটা হলঘরের মতো। এখানে ‘এল’ আকৃতির করে টেবিল বসানো। প্রতিটি টেবিলেই ল্যাপটপ সাজানো। ল্যাপটপের সামনে চেয়ার। প্রতিটি চেয়ারেই বাচ্চাকাচ্চারা বসে। ওদের কৌতূহলী চোখ ল্যাপটপের পর্দার দিকে। ফুলমতী ও তার সঙ্গীসাথিরাফুলমতীর সামনে শহীদ মিনার। নির্মাণাধীন! হাতের মাউস পয়েন্টার দিয়ে সেখানে রং করছে সে। কিন্তু লাল রংটা ঠিক মেলাতে পারছে না। বারবারই বৃত্ত থেকে বাইরে চলে যাচ্ছে। পাশে দাঁড়ানো শিক্ষক এগিয়ে এলেন। গোল বৃত্তে লাল রং দেওয়ার পর পূর্ণাঙ্গ রূপ পেল ফুলমতীর ল্যাপটপের শহীদ মিনার। পাশে এঁকে ফেলল একটা জাতীয় পতাকাও। তারপর শহীদ মিনারের নিচে নিজেই লিখল, ফুলমতী আক্তার, প্রথম শ্রেণী, নুরেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুলমতীর কাছে জানতে চাই এখানে পড়তে কেমন লাগে। ফুলমতী নিজেকে আড়াল করে হাসে একটু। তারপর বলে ‘ভালোই...।’ফুলমতী পড়ে নুরেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর বিকেল হলেই ক্যাফেতে আসে কম্পিউটার শিখতে। তার বাবা স্থানীয় বাজারের ফলবিক্রেতা। ফুলমতীর মতো এখানে আছে সখিনা আক্তার। যার বাবা বিদেশ থাকেন। আছে মাছবিক্রেতার ছেলে সুজন হোসেন। আছে মো. রনি। যে নিজের স্কুলের নামও ঠিকমতো বলতে পারে না। এরাই ক্যাফের শিক্ষার্থী। সপ্তাহের তিন দিন মাতিয়ে রাখে এরাই। ক্যাফেতে প্রশিক্ষণ হয় দুই পদ্ধতিতে। প্রাথমিক বা তার আগের ধাপের শিক্ষার্থীদের জন্য ক্লাস হয় সপ্তাহের তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার। তিন দিনের যেকোনো এক দিন এক ঘণ্টা করে ক্লাস করে ছোট শিশুরা। লুককে প্রশ্ন করি, কম্পিউটারে কী প্রোগ্রাম শেখান ওদের। ওরা তো গেমস খেলতে আগ্রহী বেশি! লুক হেসে উত্তর দেন, ‘ওদের গেমসই খেলতে দিই। খেলতে খেলতে মাউসটা নাড়াচাড়া শিখল তো! তা ছাড়া ড্রয়িং শেখাই। এই ব্যাপারটা বাচ্চারা আনন্দ নিয়ে করে।’ সেই আনন্দের প্রকাশ টের পেলাম দেয়ালে ঝোলানো বোর্ডে। সেখানে শিশুদের আঁকা বেশ কিছু ছবি টাঙিয়ে রাখা হয়েছে। ক্যাফের শিক্ষক শিপলু খান জানালেন, বাচ্চাদের কোর্সের মধ্যে রয়েছে পেইন্টিং, অনলাইন গেমস, অঙ্ক ও বর্ণমালা দিয়ে মজার মজার ছড়া। শিশুদের কোর্স শেষ করতে পাঁচ থেকে ছয় মাস লাগে। হাইস্কুলের শিক্ষার্থীদের শেখানো হয় এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং। কোর্স শেষ করে তাদের পাওয়ার পয়েন্টের ওপর প্রেজেন্টেশন দেখাতে হয়। তারপর চাইলে যে কেউ এক্সেল এবং ফটোশপে কাজ শিখতে পারে। শিশুদের জন্য প্রতিনিয়ত সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। এরই মধ্যে ম্যাথলেটিক্স নামের একটি সফটওয়্যার তৈরিকারক প্রতিষ্ঠান একটি সফটওয়্যার বিনা মূল্যে দিয়েছে। যার মাধ্যমে বাচ্চারা যোগ-বিয়োগের গেম খেলতে পারে। ক্যাফের শিক্ষক ও কারিকুলাম ডেভেলপার মেরি মিতা ঢালী বলেন, ‘আমরা শিশুদের উপযোগী নতুন একটি শিক্ষাপদ্ধতি তৈরির চেষ্টা করছি। বাংলায়।’ছাত্র থেকে শিক্ষকমো. জাহাঙ্গীর আলম অষ্টম শ্রেণীতে পড়ে স্থানীয় একটি স্কুলে। পাশাপাশি শিক্ষকতা করে। যাঁরা অবাক হচ্ছেন, তাঁদের জন্য বলি, ক্যাফেতে কোর্স শেষ করে এখানেই শিক্ষকতা করার সুযোগ রয়েছে। যাকে বলা হয় স্বেচ্ছাশ্রম। জাহাঙ্গীর আলম সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তবে স্বেচ্ছাশ্রম শেষে মাস পেরোলেই মেলে কিছু সম্মানীও। এ পর্যন্ত দুজন ছাত্র থেকে শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছে ক্যাফেতে। অন্যজন রুমানা আকতার। সে মাত্র এসএসসি দিয়েছে। রুমানা আকতার বলে, ‘এখানে কোর্স শেষ করে পরীক্ষা দিয়েছি। তারপর ভালো ফলাফল করায় কাজ করার সুযোগ পেয়েছি। আমার জন্য এটা অনেক আনন্দের ব্যাপার।’হাত বাড়ানো হাতভাবুন তো, এ দেশে একটা স্কুল চালু আছে। যেখানে পড়াশোনা করে বাংলাদেশের সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুরা। অথচ এই স্কুলের খরচ আসে ওয়েস্টনিং শহরের একটা দোকানে অব্যবহূত পণ্যসামগ্রী বিক্রি করে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই দোকানে কাজ করেন লুকের বাবা-মা ও তাঁর বন্ধুরা। শহরের মানুষ অব্যবহূত জিনিসপত্র এই দোকানে বিক্রির জন্য দিয়ে যায়। বিক্রি করে যে অর্থ আয় হয়, তা-ই পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। দোকানে কী পাওয়া যায়, তা জানতে হলে যেতে হবে www.caffebd.com ওয়েবসাইটে। যে কেউ চাইলে তরুণ লুক ডয়েলের স্বপ্নের সঙ্গে তাল মেলাতে এগিয়ে আসতে পারেন। ‘প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা আছে। এটিকে শুধু জাগিয়ে তুলতে হবে। আমি সেই কাজটিই করছি মাত্র।’ বলছিলেন লুক ডয়েল।ছবি: সৈকত ভদ্র