লুকোচুরির গল্পে নামল হঠাৎ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন শোয়ের শো স্টপার হিসেবে মঞ্চে আসেন ফেরদৌস ও চম্পা। ছবি: খালেদ সরকার
ফ্যাশন শোয়ের শো স্টপার হিসেবে মঞ্চে আসেন ফেরদৌস ও চম্পা। ছবি: খালেদ সরকার

যাত্রা শুরু করল এস ফ্যাশন হাউস নামের নতুন একটি ফ্যাশন উদ্যোগ। আর সেই খবর জানান দিতেই আয়োজন করা হয় ফ্যাশন শো। ফ্যাশন শোর মঞ্চে হেঁটে লুকোচুরির গল্প শোনালেন অভিনেত্রী চম্পা। আর তাঁর সঙ্গে মঞ্চে এসে হঠাৎ বৃষ্টিতে দর্শকদের ভেজালেন অভিনেতা ফেরদৌস। দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে ১ অক্টোবর সন্ধ্যায় এই আয়োজন ঘিরেই বসেছিল তারার হাট।
সাতটি ফ্যাশন কিউ দিয়ে রানওয়েতে দেখানো হয় এস ফ্যাশন হাউসের শাড়ি, গাউন, পাঞ্জাবি ও গয়না। পশ্চিমা নকশার সঙ্গে দেশি উপকরণ ব্যবহার করে এসব পোশাকে বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন ডিজাইনার সাব্বির শওকত। মসলিনের সঙ্গে যেমন মিশিয়েছেন জর্জেট, তেমন জরির পাড়ে করেছেন মুক্তার কাজ। শাড়ির নকশায় হ্যান্ড পেইন্ট, জরির কাজের বাইরেও পাখির পালকের ব্যবহার দিয়েছে নতুন মাত্রা। মসলিন, র সিল্ক ও সফট সিল্কে তৈরি ছেলেদের পাঞ্জাবি। বাটনপ্লেটে রুপা ও সোনালি কারুকাজের বোতাম আর ব্রোচ ব্যবহার করেছেন সাব্বির শওকত। ছিল সুতা, মুক্তা ও জরির কাজ। পুরো শোয়ের মূল আকর্ষণ নিয়ে শেষ কিউতে মঞ্চে আসেন অভিনয়শিল্পী চম্পা ও ফেরদৌস। সামু সার্টিন, সিল্ক ও নেটে তৈরি গাউনের ওপরে কালো মখমলে জরির কাজ করা গাউন কোট চাপিয়ে হাঁটেন চম্পা। এর সঙ্গে মিলিয়ে ফেরদৌস পরেন কালো র সিল্কের সোনালি জরির কাজের পাঞ্জাবি। গানের সুর তখন ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। এর আগেই ফেরদৌস রুপালি জরির কাজ করা বেগুনি পাঞ্জাবি পরে হঠাৎ বৃষ্টির ‘সোনালি প্রান্তরে’ গানের সঙ্গে হাঁটেন।
এস ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাতা সাব্বির শওকত, তাঁর ব্যবসায়িক অংশীদার হিসেবে আছেন বোন শায়লা শওকত। সাব্বির শওকত স্নাতক করেছেন কস্টিউম এবং জুয়েলারি বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পারসন্স স্কুল অব ডিজাইন থেকে। এর আগে দেশি-বিদেশি বিভিন্ন তারকার জন্য চলচ্চিত্র ও ফ্যাশন শোয়ের পোশাকের নকশা করেছেন তিনি।
সাব্বির শওকত বলেন, ‘গুলশান-২ নম্বরেই চলতি বছর স্থায়ীভাবে যাত্রা শুরু করবে আমাদের দোকান। তবে এখন কেনাকাটা করা যাবে অনলাইনে। এস ফ্যাশনের মাধ্যমে আমি দেশের পোশাক আন্তর্জাতিক বাজারে পরিচিত করাতে চাই। এগিয়ে যেতে চাই সবার ভালোবাসা নিয়ে।’

অনুষ্ঠানে তারকা তিন বোন অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পা ছিলেন অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সুচন্দা এবং ওয়েবসাইট উদ্বোধন করেন ববিতা। অনুষ্ঠানে এস ফ্যাশন হাউসকে শুভেচ্ছা জানান শামীম আরা নীপা, শিবলী মহম্মদ, সাদি মহম্মদ, ইভান শাহরিয়ার, চাঁদনী, বিপ্লব সাহাসহ অনেকে। অতিথিরা সবাই পরেছিলেন এস ফ্যাশন হাউসের পোশাক। ফ্যাশন শোটি কোরিওগ্রাফিতে ছিলেন বুলবুল টুম্পা। ওয়েবসাইট: www.sfashionhouse.com ।

আড়ং​ে​য়র ​পূজার পোশাক পরে ​ফ্যাশন শোতে হাঁটছেন মডেলরা
আড়ং​ে​য়র ​পূজার পোশাক পরে ​ফ্যাশন শোতে হাঁটছেন মডেলরা

পূজার পোশাক প্রদর্শনী
ঢাকের তালে তালে আড়ংয়ের পূজার পোশাক পরে হাঁটলেন মডেলরা। ১ অক্টোবর সকালে আড়ংয়ের ওয়ারী শাখায় অনুষ্ঠিত হয় ‘পূজা ২০১৬ সংগ্রহ’ প্রদর্শনী। এতে উপস্থিত ছিলেন আড়ংয়ের রিওয়ার্ড কার্ডধারীরা। এ আয়োজনে মডেলদের উপস্থাপিত পোশাক দেখে সরাসরি আগাম চাহিদা (প্রি-অর্ডার) জানানোর সুযোগ ছিল। ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন আজরা মাহমুদ। এবারের পূজার পোশাকের মূল ভাবনায় ছিল উৎসবের বর্ণিল আমেজ। পোশাকে সুতি, মসলিন এবং হাফ সিল্কে ফুলেল মোটিফ প্রাধান্য পেয়েছে। সালোয়ার কামিজ ও শাড়িতে চিরায়ত লাল-সাদার পাশাপাশি রয়েছে সবুজ, হলুদ ও ম্যাজেন্টা রঙের পরশ। ছেলেদের পাঞ্জাবি, ধুতি সেটের সঙ্গে মিশেল ঘটেছে হালফ্যাশনের কোটির। এবারের নতুন সংযোজন ছিল আড়ংয়ের পূজা উপহার বাক্স। দৃষ্টিনন্দন এ বাক্সটি পূজার ঐতিহ্যবাহী নানান সামগ্রীতে সাজানো হয়েছে।