গত ১১ বছর ধরে আমরা একসঙ্গে আছি। কিন্তু এখনো ওকে আমার সহ্য হয় না। ওর এসএসসি পরীক্ষার তিন মাস আগে ওর মা অর্থাত্ আমার মামি মারা যান। এর পর থেকেই আসীফ আমাদের বাসায়। মামা আমেরিকায় থাকতেন। মামির মৃত্যুর পর খুব একটা দেশে আসেননি। মাসে মাসে ছেলের জন্য টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করেছেন। অবশ্য আসীফকে অনেকবার নিয়ে যেতে চেয়েছেন, ও যায়নি।সন্দেহ নেই, আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় শত্রু হলো আসীফ। প্রতি পরীক্ষায় ওর খুব ভালো ফলাফলের কারণে আমার যন্ত্রণার সীমা থাকত না। আম্মা সারা দিন আমাকে বকতেন—কেন তুই আসীফের মতো লক্ষ্মী না, কেন সারা দিন তোকে পড়ার কথা বলতে হয়? আসীফ তো তোর মতো টিভি-পাগল নয়। সবকিছু মিলিয়ে মাঝেমধ্যে মনে হতো, অবশ্যই একদিন আমি ওকে খুন করব। কী হয় ও না থাকলে। অথবা ওর প্রাণপ্রিয় দুধর গ্লাসে ইঁদুরমারা বিষ মিশিয়ে দিই? কিন্তু আসীফ ছিল আশ্চর্য রকমের শান্ত একটা ছেলে। খুব কাছের কোনো বন্ধুবান্ধব ছিল না। সারা দিন দরজা লাগিয়ে পড়ত। কত দিন ওর চুলে চুইংগাম লাগিয়েছি। নিজের থাকা সত্ত্বেও ওর জন্য মামার পাঠানো চকলেটের বাক্স কেড়ে নিয়েছি। কিন্তু ও নির্বিকার। ওকে কিল মেরে মেরে যখন ক্লান্ত হয়ে যেতাম, নিষ্পাপ গলায় শুধু জিজ্ঞেস করত—‘পানি খাবি, নীপু?’কিছু দিন আগে আমার অতিজ্ঞানী দাদি বাবাকে বলেছেন—বিএ পড়ার পাশাপাশি আমার বিয়েটাও নাকি পড়িয়ে দেওয়া উচিত। অতএব বাসা থেকে একজন ব্যাংকারকে আমার হ্যাংগার হিসেবে নির্বাচিত করা হয়েছে, যেখানে আমি বাকি জীবনের জন্য ঝুলে পড়ব। এদিকে আসীফের মাস্টার্সের পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য খাওয়ার সময় ছাড়া ওর দেখা পাওয়া যায় না। ব্যাংকারের খবরটা ওকে দেওয়া উচিত। পা টিপে টিপে ওর রুমে গিয়েই চক্ষু চড়কগাছ। বেয়াদবটা বিছানায় লম্বা হয়ে আছে। গায়ে জ্বর। চোখ লাল। খোঁচা খোঁচা দাড়িতে ভয়ংকর লাগছে। আমাকে দেখে হাসল। আস্তে আস্তে বলল, ‘নীপু, ভালো থাকিস। এত মেজাজ নিয়ে কী করবি? সবাই তো আমার মতো শান্ত নয় যে বসে বসে তোর ঝাড়ি খাবে। আমার না হয় একা একা থেকে অভ্যাস আছে, কিন্তু তুই সত্যি করে বল, আমাকে ছাড়া থাকতে পারবি?’লজ্জায় মাটিতে মিশে গেলাম। এত ভান করেও ধরা পড়ে গেলাম। এত বুদ্ধি কেন তোর? আজকেই যদি তোকে র্যাট এটম না খাওয়াই...!ভূমিশামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।