
‘আচ্ছা, আমাদের আলমারিতে অচেনা পুরুষ এল কোত্থেকে, বলো না গো?’ আমি সরোষে জিজ্ঞেস করলাম স্ত্রীকে।
‘পুরুষ মানে?’ রান্নাঘর থেকে ছুটে এসে চোখ গোল করে তাকাল সে।
আমি অঙ্গুলি নির্দেশ করে দেখালাম। ‘ওই যে, ওখানে।’
মুখ শুকিয়ে গেল স্ত্রীর।
‘বিশ্বাস করো, আমার কোনো ধারণাই নেই, কী করে সে এখানে এল। নাকি চুরি করেছে কিছু? এই যে মশাই, সাবধান! আমার হাতে কিন্তু রুটি বেলার বেলন!’
‘চুরি করেছে মানে! আমাদের এখানে চুরি করার আছেটা কী? বের হ আলমারি থেকে! শালা ক্যাসিনোভা!’
খোঁচা খোঁচা দাড়িওয়ালা এক লোক আলমারি থেকে বের হয়ে এসে পা রাখল মেঝের ওপর, নাক টানল একবার, তারপর কোনো কথা না বলে ইঙ্গিত করল খাটের তলার দিকে। ওখানে শুয়ে ছিল আরেক পুরুষ।
‘হায় রে আমার ভাগ্য!’ বলল স্ত্রী। ‘কোত্থেকে যে এরা আমার ঘাড়ে এসে চাপল! বিশ্বাস করো, আগে কখনো দেখিনি এদের। আর এদের সঙ্গে বিছানায় যাওয়া তো দূরের কথা, বাসে পাশাপাশিও বসতাম না। আর তা ছাড়া আমি তো একটু আগে মাত্র বাসায় ফিরলাম। তাহলে কখনই বা তাদের ঘরে নিয়ে এলাম, আর কখনই বা লুকালাম?’
‘তোমার কথা কোনো অর্থই বহন করে না,’ প্রতিবাদ করলাম আমি। ‘হয়তো এরা এখানে লুকিয়ে আছে গতকাল থেকে।’
দ্বিতীয় পুরুষটি বেরিয়ে এল খাটের তলা থেকে, উঠে দাঁড়িয়ে গায়ের ধুলা ঝাড়ল।
‘এই দুজনকে এখন সিঁড়ির ওপর থেকে ফেলে দেব নিচে,’ ঘোষণা করলাম আমি। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, ‘আর তোমার সঙ্গে বোঝাপড়া হবে পরে।’
বাড়ি থেকে বেরিয়ে এলাম আমরা তিনজন।
‘হাফ লিটার ভদকার বোতলটা আনতে ভোলোনি তো?’ ব্যাকুল স্বরে জানতে চাইল সম্প্রতি আলমারি থেকে বের হয়ে আসা ব্যক্তি।
‘না, এমনকি গ্লাসও সঙ্গে এনেছি,’ পকেটের ওপরে আলতো করে আঘাত করে সগর্বে জানালাম।
একটু আগেও খাটের তলায় লুকিয়ে থাকা লোকটি প্রশ্ন করল, ‘আচ্ছা, আমাকে বুঝিয়ে বলো তো, তোমার বাসায় গিয়ে লুকিয়ে থাকার কী দরকার ছিল? সরাসরি এখানে, বাড়ির বাইরে, দেখা করে খাওয়া যেত তো!’
‘বাইরে তো খুব শীত!’ বুঝিয়ে বললাম আমি। ‘আর তা ছাড়া আমি অনুমান করতে পারিনি, বউ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরবে। বউ যদি সেটা অনুমান করে ফেলত, তোমরা আসলে কে—ভাবতে পারো, তাহলে কী অবস্থা হতো আমাদের?’
‘তুমি মহা বজ্জাত একটা!’ মুচকি হেসে বলল প্রথমজন। ‘নাও, ঢালো এখন...’