
প্রয়োজনই যে উদ্ভাবনের জনক, ফের তা প্রমাণ করল জিয়ারুল ইসলাম। এই কিশোরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রূপনাকান্দি গ্রামে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লুঙ্গি দিয়ে মাথাল তৈরি করেছে জিয়ারুল। পুরোনো লুঙ্গি ছাড়াও মাথাল তৈরিতে সে ব্যবহার করেছে বাঁশের দুটি কঞ্চি ও কলাগাছের বাকল। জিয়ারুল বলল, ‘হেইদিন আব্বার লগে বাইগন খেতে কাম করতাছিলাম। তহন খুব গরম পড়ছিল। গাছের ছেমাত বইয়া বাতাস খাইতাছি, হেই সুময় ঘুমাইয়া পড়লাম। তহইন মাথাল বানানির এই পদ্ধতি স্বপ্নে দেহি। হেরপরই এইডা বানাইহালাইলাম।’
জিয়ারুলের বানানো মাথালের আছে অনেক বৈশিষ্ট্য। আছে নতুন নতুন সুবিধাও। আগে বাঁশের চটা বা পাতা দিয়ে বানানো মাথাল রোদ ও বৃষ্টি থেকে শুধু মাথা রক্ষা করত। কিন্তু জিয়ারুলের মাথাল শুধু মাথাই নয়, রোদ–বৃষ্টি থেকে পুরো শরীরকেই বাঁচাবে। স্থানীয় উন্নয়নকর্মী উলফত খাঁ বলেন, ‘জিয়ারুল মাথাল তৈরিতে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তার লুঙ্গি–মাথাল অনুকরণীয় হতে পারে।’

নিজের উদ্ভাবিত লুঙ্গি–মাথাল বাণিজ্যিকভাবে বাজারে আনার কোনো পরিকল্পনা আছে কি না, তা জানতে চাইলে জিয়ারুল মুচকি হাসে। বলে, ‘সবকিছু কি বেচা যায়?’ অন্য কেউ লুঙ্গি দিয়ে মাথাল বানাবে কি বানাবে না এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই বলেও জানিয়েছে সে। গ্রামবাসী অবশ্য জিয়ারুলের এই উদ্ভাবনটি পেটেন্ট করার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে। রফিকুল মিয়া নামের এক গ্রামবাসী বলেন, ‘আমরার জিয়ারুল বিরাট আবিষ্কার করছে। এইটার একটা দলিল থাকন দরকার আছে না?’