লুচি লাবড়া আর...

মাত্রই চুলা থেকে নামানো হলো গরম গরম লুচি। মচমচে গরম লুচি, নানা সবজির লাবড়া, বুটের ডাল, আনারসের চাটনি আর খেঁজুর গুড়ের পায়েসে তৃপ্ত হলেন অতিথিরা। লুচিঘরের উদ্বোধনী দিনের গল্প এটা। আপনিও যদি এই খাবারের স্বাদ পেতে চান, তবে চলে যেতে পারেন লুচিঘরে। ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের ২২/৯ তাজমহল রোড, সি-ব্লক।১৬ আগস্ট থেকে চালু হয়েছে লুচিঘর। খোলা থাকে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে রাত নয়টা পর্যন্ত। অবশ্য বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি। খাবারের এই দোকানের উদ্যোক্তা কবিতা গোস্বামী। সঙ্গে আছেন তাঁর দুই বোন কল্পনা ও শুক্লা। কথা হলো কবিতা গোস্বামীর সঙ্গে। তিনি বলেন, ‘আমার বানানো লুচির প্রশংসা করতেন সবাই। আগে কলেজে যখন পড়াতাম, তখন অনেকেই বলতেন “কবিতা শুধু ভালো পড়ান-ই না, ভালো লুচিও বানান।” তখন থেকেই স্বপ্নটা মনের ভেতর একটু একটু করে বেড়ে উঠছিল। এখন শিক্ষকতা ছেড়ে দিয়েছি।’ তিন বোন মিলেই এই খাবারের দোকান চালাচ্ছেন। তিনি জানান, কিছুদিন পরে এই পদগুলোর পাশাপাশি তিলের নাড়ু, নারকেলের নাড়ু, চিড়ার নাড়ু আর লেবুর শরবত পাওয়া যাবে।