লুট করা শিল্প ও পশ্চিমা জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমের বিখ্যাত সব জাদুঘরই সারা দুনিয়া থেকে ‘সংগ্রহ করা’ শিল্প সম্ভারে ঠাসা। নানা সভ্যতার, নানা সংস্কৃতির প্রত্ন ও শিল্প সম্ভারে সমৃদ্ধ বলেই এদের ‘বৈশ্বিক জাদুঘর’ বলে অভিহিত করা হয়। এর মধ্য দিয়ে ‘বিশ্ব সংস্কৃতি সংরক্ষণে’ ভূমিকা পালনেরও দাবি করে থাকেন অনেকে। কিন্তু ভিনদেশ থেকে লুট করা সম্পদ ফেরত না দিয়ে, দেদার চলতে থাকা শিল্পকর্ম পাচারের ব্যবসা বন্ধে জোর না দিয়ে, পশ্চিমের জাদুঘরগুলো কী করে সেসব শিল্পকর্ম কিনছে এবং প্রদর্শন করছে? এখনো কী ‘ঔপনিবেশিক যুক্তি’ দিয়েই সবকিছু জায়েজ করা হবে?

প্যারিসে বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামের সম্মুখভাগ।
প্যারিসে বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামের সম্মুখভাগ।

দ্য গার্ডিয়ানে এক নিবন্ধে এ সম্পর্কে লিখেছেন কনিষ্ক থারুর। ‘জাদুঘর ও লুট করা শিল্প: বিশ্ব সংস্কৃতি সংরক্ষণের নৈতিক উভয়সঙ্কট’ শিরোনামে ২৯ জুন প্রকাশিত নিবন্ধটির সংক্ষিপ্ত ভাষান্তর এখানে তুলে ধরা হলো-

প্রতি মাসেই আমেরিকার বিভিন্ন জাদুঘর থেকে নানা শিল্পকর্ম সেগুলোর উৎসভূমিতে ‘ফেরত পাঠানোর’ ঘটনার কথা জানা যাচ্ছে। মে মাসের শেষদিকে ইতালিতে একসময় লুট হয়ে যাওয়া ২৫টি শিল্পকর্মের এক প্রদর্শনী হয়েছে। এগুলো সবই আমেরিকার জাদুঘর থেকে সম্প্রতি ফেরত পেয়েছে ইতালি। এগুলোর মধ্যে বেশ কয়েকটিই কুখ্যাত শিল্প-পাচারকারী গিয়াকোমো মেডিচির হাত ঘুরে আমেরিকায় পাচার হয়েছিল। এর কয়েক সপ্তাহ আগে ক্লিভল্যান্ড মিউজিয়াম অব আর্ট কম্বোডিয়াকে ফেরত দিয়েছে হিন্দু দেবতা হনুমানের ১০ম শতকের একটা মূর্তি। ১৯৬০ এর দশকে কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশ থেকে লুটের পর নানা পাচারকারীর হাত ঘুরে ১৯৮২ সালে হনুমান মূর্তিটি কিনেছিল ক্লিভল্যান্ড মিউজিয়াম।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা হনুলুলু মিউজিয়ামকে সাতটি প্রাচীন ভারতীয় প্রত্নসম্পদের বিষয়ে অবগত করে, ধারণা করা হচ্ছে নিউ-ইয়র্ক ভিত্তিক আর্ট ডিলার সুভাষ কাপুরের মাধ্যমে ওই সংগ্রহ পেয়েছিল জাদুঘরটি। শিল্প পাচারের দুনিয়াজোড়া এক নেটওয়ার্কের এই গুরু এখন ভারতে পুলিশের হেফাজতে আছে। সুভাষের পুরো নেটওয়ার্ক সম্পর্কে জানার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত-আমেরিকাসহ নানা দেশের কর্তৃপক্ষ। সুভাষ কয়েক দশক ধরে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পশ্চিমা দেশগুলোর নানা জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে চুরি করা প্রত্নসম্পদ পাচার করে আসছিল।

সুভাষ কাপুরের সঙ্গে যুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট, শিকাগোর আর্ট ইনস্টিটিউট এবং সান ফ্রান্সিসকোর এশিয়ান মিউজিয়াম অব আর্টের মতো নামীদামি জাদুঘরও। ২০১২ সাল থেকে হোমল্যান্ড সিকিউরিটির গোয়েন্দাদের ‘অপারেশন হিডেন আইডল’ নামে এক অভিযানের কারণে এখন চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের জাদুঘরগুলো। নিজেদের সংগ্রহে চুরি করা বা পাচার হওয়া শিল্পকর্ম ও প্রত্নসম্পদ না থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে জাদুঘরগুলোকে।

নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর নতুন গ্রিক ও রোমন গ্যালারি ভবন।
নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর নতুন গ্রিক ও রোমন গ্যালারি ভবন।

এই পরিস্থিতিতে অনেক জাদুঘরের প্রধান এবং শিল্প-সংগ্রাহকেরাই এখন চিন্তিত। এই চিন্তা কেবল আর্থিক ক্ষতি বা ব্যবসায় মন্দার জন্য নয়। শিল্প-পাচারের নানা কেলেঙ্কারি নিয়ে সংবাদপত্রে বড় বড় শিরোনাম আর বিভিন্ন দেশে শিল্প ও প্রত্নসম্পদ ফেরত পাঠানোর দাবিতে পশ্চিমের জাদুঘরগুলো চাপের মুখে পড়েছে। সারা দুনিয়ার ইতিহাস ও শিল্প-সংস্কৃতিকে উপস্থাপনের দাবিদার হয়ে নিজেদের ‘বৈশ্বিক জাদুঘর’ অভিধা বজায় রাখা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা।

চীন ও ভারত ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকায় এসব দেশে থেকে (অনেক ক্ষেত্রেই সরকারের পরিবর্তে নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষে) পশ্চিমা জাদুঘরগুলো থেকে নিজেদের প্রত্ন ও শিল্পসম্পদ ফেরত আনার দাবি উঠছে। এ পরিস্থিতিতে, নিজেদের জাদুঘরের রক্ষাকর্তা বলে ভাবেন এমন হর্তাকর্তারা মনে করতে শুরু করেছেন যে, হীন জাতীয়তাবাদী স্বার্থেই শিল্পকর্ম ফেরত চেয়ে বিভিন্ন সরকার ও সংগঠন তাঁদের এত দিনের সযত্নে লালিত বহুজাতিক ও বৈচিত্র্যময় সংগ্রহশালায় হামলা চালাচ্ছেন।

কিন্তু সবাই নিজেকে এমন রক্ষাকর্তা ভাবেন না। অ্যান্টিকুইটি কোয়ালিশনের আইনজীবী টেস ডেভিস স্বেচ্ছায় কম্বোডিয়াকে হনুমান মূর্তি ফেরত দেওয়ার ঘটনায় ক্লিভল্যান্ড মিউজিয়ামের প্রশংসা করেছেন। তবে ডেভিস এটাও বলেছেন যে, আসলে এই প্রত্নসম্পদটি জাদুঘরটির সংগ্রহে গ্রহণ করাটাই উচিত হয়নি। ডেভিস বলেন,‘হনুমান মূর্তিটি প্রথম বাজারে আসে কম্বোডিয়ায় যুদ্ধ এবং গণহত্যা চলার সময়ে। এই সময়ে কেউ কী করে ভাবতে পারে যে, এটা চুরি করা সম্পদ নয়? একমাত্র উত্তর হলো-কেউই তা জানতে চায়নি।’

অবশ্য, গেটি ট্রাস্টের প্রধান নির্বাহী এবং ‘বৈশ্বিক জাদুঘর’ ধারণার একজন প্রধান সমর্থক জেমস কুনো বলেন,‘কেউই অবৈধ ব্যবসার প্রসারে জড়াতে চায় না। সংগ্রাহকদের অবশ্যই বস্তুর আসল-নকল যাচাইয়ে এবং লেনদেনের আইনি বিষয় নিয়ে খুব সতর্ক হতে হবে।’

সান ফ্রান্সিসকোতে এশিয়ান মিউজিয়াম অব আর্ট।
সান ফ্রান্সিসকোতে এশিয়ান মিউজিয়াম অব আর্ট।

কিন্তু জেমস কুনোর ভয় অন্যখানে। তিনি মনে করেন, পশ্চিমের ‘বৈশ্বিক’ জাদুঘরগুলো সারা দুনিয়ার বিভিন্ন জাতির কাছ থেকে আরও গভীর একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। নানা দেশের সরকার এবং জাতীয় জাদুঘরগুলো প্রায়ই ‘জাতীয় অখণ্ডতা পুনরুদ্ধারে’ শিল্প ও প্রত্নসম্পদ ফেরত চেয়ে পাঠায়। কুনোর বক্তব্য হলো এসব দাবি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নাটকীয়। তাঁর ভাষায় সাংস্কৃতিক সম্পদকে ‘রাজনীতি এবং শাসক এলিটদের রাজনৈতিক এজেন্ডায় কাজে লাগাতেই’ এসব দাবি করা হচ্ছে।

কুনো মনে করেন, ‘বৈশ্বিক জাদুঘরগুলোই’ শিল্পের বিবেচনা থেকে এখনো সবচেয়ে সঠিক জায়গা হিসেবে টিকে আছে। তাঁর ভাষায়, ‘শিল্পকর্ম কখনোই আধুনিক রাজনৈতিক সীমানায় আটকে থাকেনি। সেগুলো সব সময়ই অন্য কোথাও অন্য কোনো খানে অদ্ভুত এবং সুন্দরের সঙ্গে সম্পর্ক খুঁজে নিয়েছে।’

‘বৈশ্বিক জাদুঘর’ ধারণার বিতর্কে নতুন করে উত্তেজনা সঞ্চার করছে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের চরমপন্থীদের হাতে প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো ধ্বংসের চলমান ঘটনায়। এসব ঘটনার প্রেক্ষিতে বাল্টিমোরের ওয়াল্টার্স আর্ট মিউজিয়ামের সাবেক পরিচালক গ্যারি ভাইকানের মতো বৈশ্বিক জাদুঘর ধারণার সমর্থকেরা বলছেন, পশ্চিমের প্রতিষ্ঠানগুলোই কেবল বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে পারে। নিউ ইয়র্ক টাইমসকে সম্প্রতি তিনি বলেছেন, ইসলামিক স্টেটের সাংস্কৃতিক বর্বরতা শিল্প ও প্রত্নসম্পদ ফেরত চেয়ে পাঠানোর নতুন প্রবণতার ইতি টানতে পারে।

কিন্তু আরেকটি পরিপ্রেক্ষিত থেকে অ্যান্টিকুইটি কোয়ালিশনের আইনজীবী টেস ডেভিস বলছেন,‘উপনিবেশবাদ এখনো সক্রিয় আছে, বিশেষত শিল্পের জগতে তো বটেই। এই জগতের তথাকথিত নেতারা তাঁদের “বৈশ্বিক জাদুঘরের” ধারণা টিকিয়ে রাখতে চুরি করা সম্পদ ধরে রাখতে চান। যাতে শিল্প রসিকেরা বিশ্বকোষের মতো সংগ্রহশালাগুলোয় সারা বিশ্বের শিল্পের স্বাদ নিতে পারেন। তাত্ত্বিকভাবে হয়তো দারুণ ভাবনা, কিন্তু চর্চায় এটা পশ্চিমাদের একচেটিয়া সুবিধা। এতে হয়তো নিউ ইয়র্ক, লন্ডন ও প্যারিসের নাগরিকেরা সুবিধা পাবেন। কিন্তু নমপেনের মতো শহরগুলোর মানুষেরা, কখনোই না।’