লুণ্ঠিত অস্ত্র-গুলি এখনো উদ্ধার হয়নি, হামলাকারীরাও লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা এখনো ধরা পড়েনি। উদ্ধার হয়নি ক্যাম্প থেকে লুণ্ঠিত ১১টি অস্ত্রসহ ৬৭০টি গুলি। সন্ত্রাসীদের ধরতে টেকনাফের পাহাড় ঘিরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান।
পুলিশ বলছে, অস্ত্র লুণ্ঠনকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা একাধিক দলে বিভক্ত হয়ে পাহাড়ে অবস্থান করছে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত এবং পরবর্তী ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা পাহাড়ের এদিক-ওদিক পালিয়ে বেড়াচ্ছে। সুযোগ খুঁজছে পাহাড় থেকে নৌকায় অন্য কোথাও পালানোর।
কয়েক দিন ধরে যৌথ বাহিনী টেকনাফের পাহাড় ঘিরে সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন। নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের পাশে মুছনীর পাহাড়ে যৌথ বাহিনীর অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে।
পুলিশ জানায়, ১২ মে রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের শালবন আনসার ক্যাম্পে হামলা চালায়। তারা আনসার কমান্ডার আলী হোসেনকে গুলি করে হত্যা করে। তারপর অস্ত্রাগার থেকে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পাশের পাহাড়ে আত্মগোপন করে দুর্বৃত্তরা। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এসএমজি, চারটি এমটু রাইফেল ও পাঁচটি চায়না রাইফেল।
এ প্রসঙ্গে জানতে চাইলে যৌথ বাহিনীর প্রধান ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, লুণ্ঠিত অস্ত্র নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা টেকনাফের পাহাড়ে অবস্থান করছে। যৌথ বাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা একাধিক দলে বিভক্ত হয়ে উখিয়া ও কক্সবাজারের পাহাড়ের দিকে পালাচ্ছে বলে খবর পাচ্ছি। সন্ত্রাসীদের ধরতে সব জায়গাতেই আমরা নজরদারি বাড়িয়েছি।
মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘূর্ণিঝড় ও ঝড়-বৃষ্টির কারণে পাহাড়ে অভিযান চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পালানোর চেষ্টা করছে সন্ত্রাসীরা।
জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ‘নয়াপাড়া শিবিরের রোহিঙ্গা সন্ত্রাসী মো. হোসেন ওরফে রফিকের নেতৃত্বে ৩৬ জনের একটি দল ১২ মে রাতে আনসার ক্যাম্পে হামলা চালিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক সন্ত্রাসীকে শনাক্ত করতে পেরেছি। ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। মূল সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চালাচ্ছে।’
বনকর্মী ও পাহাড়ে বসবাসরত লোকজন জানান, ২০ মে বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গর্জন বনে অস্ত্রধারী ১০-১২ জন লোককে দেখেছেন স্থানীয় লোকজন। জাহাজপুরা পাহাড়ের বিপরীতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের অবস্থান। এ ছাড়া কাঠুরিয়ারা গত কয়েক দিনে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ের কুদুমগুহা এলাকা, উখিয়ার মনখালী পাহাড় ও টেলিভিশন উপকেন্দ্রের পাশের জঙ্গলে অস্ত্রধারী একাধিক বাহিনীর অবস্থান প্রত্যক্ষ করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব তথ্য আমাদের কাছে আছে। রোহিঙ্গা সন্ত্রাসীরা লুণ্ঠিত অস্ত্র নিয়ে পাহাড় থেকে নৌকাযোগে মহেশখালী অথবা অন্য কোনো উপকূলে আত্মগোপন করতে পারে। সন্ত্রাসীদের গতিবিধি নজরদারিতে রাখতে মহেশখালী, উখিয়া, রামুসহ জেলার সব থানার পুলিশকে সতর্ক রাখা হয়েছে।’
টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদ জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোহিঙ্গা সন্ত্রাসী রফিকের দুই স্ত্রী সুমাইয়া আক্তার ও আনোয়ারা বেগমকে আটক করে। এরপর রাজ্জাক ও হারুন নামে আরও দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। হামলাকারীদের ব্যাপারে তাঁরা যৌথ বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
নয়াপাড়া আনসার ক্যাম্পে হামলার ঘটনায় ১৪ মে রাতে আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা (হত্যা ও ডাকাতি) করেন।
জেলা আনসার কমান্ডার দেওয়ান মাতলুব রহমান বলেন, হামলার পর শালবন আনসার ক্যাম্প থেকে সদস্যদের প্রত্যাহার করে সেখানে নতুন ১৯ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা তিন ধাপে প্রায় ১৯ হাজার রোহিঙ্গা শরণার্থীর দেখভাল করছেন।