লুবনা চর্যার জোনাকিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ঢাকা। শিল্পী: লুবনা চর্যা।
সিটি ঢাকা। শিল্পী: লুবনা চর্যা।

পাঠকের সামনে এসেছিলেন ‘চিড়িয়াখানায় ভূগোল’ আর ‘শয়তানের অভিনব কারখানা’ নিয়ে। পরের কবিতার বই ‘পপকর্ন’। কিন্তু এবার নগরের দর্শকদের ‘জোনাকি’ দেখাতে চান লুবনা চর্যা। ফায়ারফ্লাই বা জোনাকি লুবনার একক চিত্র প্রদর্শনীর নাম। কবিতায় আত্মপ্রকাশ ঘটলেও লুবনার ভাবনার ক্যানভাসে রাশি রাশি জোনাকির মতো জ্বলে নানা চিত্রকল্প। এবার রঙে-রেখায় সেসব ধরেতে চেয়েছেন লুবনা। সম্প্রতি আঁকা সেসব ছবি নিয়েই এই প্রদর্শনীর আয়োজন হয়েছে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুম-এ।

২৪ এপ্রিল, শুক্রবার এই নবীন শিল্পীর চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল ও সাংবাদিক এ কে এম জাকারিয়া। বিকেল পাঁচটায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে এ প্রদর্শনী শুরু হবে বন্ধুদের গান-বাজনায়। ফায়ারফ্লাই নামের এই প্রদর্শনী চলবে আগামী ৬ মে পর্যন্ত।

লুবনা চর্যা। আলোকচিত্র: হাসিবা আলী বর্ণা
লুবনা চর্যা। আলোকচিত্র: হাসিবা আলী বর্ণা

এ প্রদর্শনীতে স্থান পাচ্ছে লুবনার ১৮টি চিত্রকর্ম। কাপড়ের ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে আঁকা বেশির ভাগ ছবি। কয়েকটি ছবি আঁকা হয়েছে তেলরঙে। ফায়ারফ্লাই লুবনার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। লুবনা গত বছর প্রথমবারের মতো নিজের চিত্রকর্ম নিয়ে ‘ইনসাইডার’ শিরোনামে একটি হাউস শো করেছিলেন।

রূপসাপাড়ের মেয়ে লুবনার জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। স্কুল-কলেজের লেখাপড়াও খুলনাতেই। উচ্চশিক্ষা নিয়েছেন ইংরেজি সাহিত্যে। পেশায় বিজ্ঞাপনী সংস্থার কপি রাইটার লুবনার প্রথম ও দ্বিতীয় কবিতার বই ‘জিওগ্রাফি ইন এ জু’ এবং ‘শয়তানের অভিনব কারখানা’ প্রকাশ করে মাঞ্জাসুতা। এবারের বইমেলায় আগুনমুখা থেকে প্রকাশিত হয় তাঁর শেষ কবিতার বই ‘পপকর্ন’।

কবিতায় ছবি আঁকার মতোই ছবিতেও যেন কবিতা লিখতে চান লুবনা। জীবনের টানাপোড়েন, অনিশ্চয়তা আর সমকালীন নাগরিক সংকট নিয়ে কাজ করেন তিনি। ব্যক্তিগতই হোক কিংবা সর্বজনীন, চারপাশের যা কিছু তাঁকে ভাবায় সেসবই ছবিতে ফুটিয়ে তুলতে চান রংতুলিতে। একেকটা ভাবনার রূপায়ণে একেকটা কাজ। নিজের ছবি সম্পর্কে এমনই সহজ-সরল বক্তব্য লুবনার।

প্রদর্শনী: ফায়ারফ্লাই। ২৪ এপ্রিল-০৬ মে, ২০১৫। গ্যালারি জুম, আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি ঢাকা।
গ্যালারি খোলা: সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা।
শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। রোববার গ্যালারি বন্ধ।