অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির আদলে যেন গড়ে উঠেছে ভারতের হায়দরাবাদে হুসেন সাগরে লুম্বিনী পার্ক! যদিও স্ট্যাচু অব লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে, হুসেন সাগরে লুম্বিনী পার্কও যেন তেমনই অলিখিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে। দুটি দেশের দুটি স্থানই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা আছে বিনোদনকেন্দ্র হিসেবে। দুটি দর্শনীয় স্থানে একইভাবে জলযানে চড়ে জলপথ অতিক্রম করে যেতে হয় স্ট্যাচু-প্রাঙ্গণে। দুটি স্ট্যাচুই যেন অপার বিস্ময় আর সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলো ছড়াচ্ছে যেন সবাইকে।একটি আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণের জন্য ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আমার, মানে আমি একা নই, বাংলাদেশ থেকে সেই কনভেনশনে বেশ বড় একটা দল অংশ নিয়েছিল। ফাঁকে ফাঁকে আমরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হায়দরাবাদের আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ নিয়েছিলাম। হায়দরাবাদ মূলত গ্রানাইট পাথরের পাহাড়ে ঘেরা একটি ঐতিহ্যবাহী শহর। ঐতিহ্যবাহী বললাম এই কারণে যে এখানকার নানাবিধ স্মৃতিফলক আর ঐতিহাসিক নিদর্শনগুলো দেখেই বোঝা যায়, এলাকাটির অতীত ঐতিহ্য রয়েছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ও অশোকের সময় এলাকাটি তাদের রাজ্যভুক্ত ছিল। তৎকালে অত্র এলাকায় বৌদ্ধধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল। পরবর্তীকালে কখনো হিন্দু আবার কখনো মুসলিম আধিপত্য বিদ্যমান ছিল। বিভিন্ন সময়ে এলাকাটি স্বাধীন রাজ্য হিসেবে পরিচালিত হলেও ১৬৮৭ সালে কুতুবশাহী সুলতানের হাত থেকে দখল করে নেন মোগল সম্রাট আওরঙ্গজেব। আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল আধিপত্য কমতে শুরু করে। তখন এলাকাটি চলে যায় নিজামী শাসনের অধীনে।যা হোক, হায়দরাবাদের নতুন শহরে অবস্থিত হুসেন সাগর দেখার মতো একটা জায়গা। আমরা সাত-আটজনের একটি দল এক সোনালি বিকেলে হুসেন সাগর দেখতে বেরিয়ে পড়লাম। কী চমৎকার সেই সাগরের জলরাশি, মাঝখানে দ্বীপের মতো একটি স্থানে দাঁড়িয়ে আছে গৌতমবুদ্ধের মূর্তি। উত্তরে দেখা গেল আরেকটি শহর, তার নাম সেকেন্দ্রাবাদ। যে সড়কটি হায়দরাবাদের সঙ্গে সেকেন্দ্রাবাদের সংযোগ গড়েছে তার নাম মহাত্মা গান্ধী রোড। আর দক্ষিণে জওহরলাল নেহরু রোড।পড়ন্ত বিকেলে হুসেন সাগরের দৃশ্য অত্যন্ত মনোরম। সাগরের জলে শেষ বিকেলের সূর্যরশ্মি যেমন আলোকচ্ছটা বিকিরণ করে চলেছে তাতে সাগরজল চিকচিক করছে! হুসেন সাগরের তীরঘেঁষে রয়েছে চমৎকার ফুলের বাগান। নানা রকম খাবারের দোকান সারিবদ্ধভাবে রয়েছে হুসেন সাগরকে কেন্দ্র করে। সেখানে মুসলিম হোটেল, হিন্দু নিরামিষ হোটেল, তন্দুরির দোকান, নানা স্বাদের বিরিয়ানির দোকান, মোগলাই, পাঞ্জাবি খানার সঙ্গে চায়নিজ হোটেলও রয়েছে। দেখলাম, হাজার হাজার মানুষ আসছে হুসেন সাগরের নানা রং আর সৌন্দর্য উপভোগ করতে। আরও দেখলাম, সেখানে নানা দেশের মানুষের সমাগম।সাগরের বুকে ছুটে চলেছে অনেক ধরনের বোট। রয়েছে ছোট ছোট স্পিডবোট। বড় রিভার ক্রজ আবার স্টারলিট অন বোটে আহারসহ সমুদ্র বিহারের অত্যন্ত আকর্ষণীয় ব্যবস্থা। টিকিটের বিনিময়ে সব রকমের নৌভ্রমণে রত অসংখ্য আগ্রহী পর্যটককে সেখানে দেখতে পেলাম। আরও দেখলাম, সেখানে টিকিটের বিনিময়ে প্যারাসুট ভ্রমণেও অনেকে ব্যস্ত।এখানে বেড়াতে এসে জানতে পারলাম, এটা কৃত্রিমভাবে তৈরি করা একটি লেক। হায়দরাবাদ আর সেকেন্দ্রাবাদের সংযোগকারী বাঁধ গড়তে হুসেন সাগর সংস্কার করা হয়। ১৫৬২ সালে কুতুবশাহী সুলতান ইব্রাহীম কুলি কুতুবশাহ লেকটি খনন করেন। কথিত আছে, সুলতান কঠিন ব্যাধিতে আক্রান্ত হলে হুসেন শাহ ওয়ালীর চিকিৎসায় তিনি রোগমুক্তি লাভ করেন। হুসেন শাহ ওয়ালীর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সুলতান ইব্রাহীম কুলি খনিত লেকের নামকরণ করেন হুসেন সাগর।লেকের বুকে সেতুতে মর্মর পাথরে ৩৬ জন মনীষীর মূর্তি গড়া হয়েছে। লেকের পাড়ঘেঁঘে বাঙালির স্থপতি নীতিশ রায়ের নকশায় গড়ে তোলা হয়েছে ফাইবার গ্লাসে তৈরি নানা সম্ভারের এনটিআর গার্ডেন। বাগানটি খুবই মনোহর। এটিও পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে (টিকিটের বিনিময়ে)।আমরা টিকিট কাটলাম ময়ূরপঙ্খি নৌকায়, যাতে চড়ে যাওয়া যায় সাগরের মাঝখানে অবস্থিত লুম্বিনী পার্কে। প্রতি ১০-১৫ মিনিট পরপর ময়ূরপঙ্খি নৌকা ছাড়ে লুম্বিনী পার্ক অভিমুখে। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে দর্শনার্থীরা, আবার ফিরে আসে এ পাড়ে। আমরা লাইনে দাঁড়ালাম। একজন একজন করে চড়লাম ময়ূরপঙ্খি নৌকায়। ১০ মিনিটে পৌঁছে গেলাম লুম্বিনী পার্কে। প্রবেশপথে ফুলের একটি ঘড়ি দেখতে পেলাম। সত্যিই মুগ্ধ করার মতো। লুম্বিনী পার্কে প্রবেশ করে আরও বিস্মিত হলাম, বিশাল আকৃতির শ্বেতপাথরের গৌতমবুদ্ধের একটি মূর্তি দেখে। পার্কের আকর্ষণ বাড়াতে মূর্তির সামনে স্থাপন করা হয়েছে মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেনের জলের নাচ। আমরা লুম্বিনী পার্কের প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। চেনা-অচেনা অনেক রকম পাখি সেখানে এসে ভিড় করল। বুদ্ধের মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম।সেখানে গিয়ে জানতে পারলাম, এ মূর্তিটির উচ্চতা ১৭ দশমিক ৫ মিটার আর ওজন ৩৫০ টন। সাবেক মুখ্যমন্ত্রী এনটি রামারাওয়ের উদ্যোগে ১৯৮৫ সালে এর নির্মাণকাজ শুরু হয়, আর শেষ হয় ১৯৯০ সালে। এ মূর্তিটি নিয়ে আসার সময় হুসেন সাগরে বার্জ ডুবে আটজন শ্রমিকের প্রাণহানি ঘটেছিল। পরে ১৯৯২ সালে লেকের পানি থেকে মূর্তিটি তুলে এনে নতুন করে স্থাপন করা হয়। এর উদ্বোধন করেন দালাই লামা, ১৯৯৩ সালে। তখন থেকেই লুম্বিনী পার্ক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।সন্ধ্যার পর আমরা আবার ফিরে এলাম পাড়ে।