লুৎফরের সংগ্রহ

মোগল সাম্রাজ্য নেই, কিন্তু সাম্রাজ্যের ধাতব মুদ্রা এখনো রয়ে গেছে। শুধু মোগল সাম্রাজ্যই নয়, প্রাচীন ইন্দো-গ্রিক যুগের মুদ্রা, ১৭৮০ ও ১৮০০ সালের তৈরি একপাই সিক্কা, ফুটো পয়সা, কানাপাইসহ পৃথিবীর ২৫০টি দেশের আড়াই হাজার রকমের প্রাচীন ও বর্তমান সময়ের অন্তত আধা মণ ওজনের মুদ্রার এক সংগ্রহশালা রয়েছে যশোরে। এসব মুদ্রা তামা, পিতল, অ্যালুমিনিয়াম, লোহা, রুপা ও মিশ্র ধাতু দিয়ে তৈরি। ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহশালাটি গড়ে তুলেছেন যশোর শহরের বিমানবন্দর সড়কের বাসিন্দা লুৎফর রহিম।
কাছের মানুষদের কাছে লুৎফর রহিম লুল্টু নামে পরিচিত। তাই তাঁর এ উদ্যোগের নাম ‘লুল্টুর সংগ্রহশালা’। এখানে ধাতব মুদ্রার পাশাপাশি রয়েছে নানা ধরনের প্রাচীন দুর্লভ সব জিনিসপত্র। কিছুদিন আগে এই সংগ্রহশালায় গিয়ে দেখা গেল, দোতলা বাড়ির একটি ঘরে থরে থরে সাজানো রয়েছে প্রাচীন সব নিদর্শন। যার মধ্যে রয়েছে দেড় থেকে দুই হাজার বছর আগের টেরাকোটা, নকশাকাটা ইট। বগুড়ার মহাস্থানগড় থেকে এসব টেরাকোটা সংগ্রহ করা হয়েছে। রয়েছে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরের জমিদারের শেষ বংশধর ইয়াহিয়া বিশ্বাসের চার ফুট লম্বা ঐতিহাসিক তরবারি, যা ৫০০ বছর আগের নিদর্শন।

সংগ্রহশালায় আরও রয়েছে মাটির প্রাচীন শঙ্খ, ব্রোঞ্জের বৌদ্ধমূর্তি, বিষ্ণুমূর্তি, মাটির গণেশ, হাতির দাঁতের ছুরি ও কারুকার্যখচিত ছুরির খাপ, উপজাতিদের ব্যবহৃত গয়না (বাজু, নূপুর, বিছা, গলার হার, চুড়ি), পাথরের থালাবাসন, হুকা, অভিনব তালাচাবি, জার্মানির তৈরি হ্যাজাক, ল্যাম্প, সুইডেনের তৈরি পিতলের স্টোভ, বিভিন্ন সময়ে প্রকাশিত বাংলাদেশের সব ধরনের ডাকটিকিট, কলের গানের রেকর্ড, পিতলের তৈরি কয়লার ইস্তিরি, পুরোনো আমলের বিভিন্ন ধরনের ক্যামেরা, সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থার লটারির টিকিট, দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত সংবাদপত্রের একটি করে কপিসহ প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন।
প্রাচীন জিনিসপত্র সংগ্রহ করা লুৎফর রহিমের শখ। বললেন, ‘যেখানেই প্রাচীন জিনিসপত্রের খোঁজ পাই সেখানেই ছুটে যাই।’ বেসরকারি একটি সংস্থায় তিনি চাকরি করেন। সেই সুবাদে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা ঘুরে বেড়িয়েছেন তিনি।
লুৎফর রহিম বলেন, ‘লেখাপড়া শেষ করে চাকরিজীবনে ঢুকে বুঝলাম, এ দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। অথচ আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে জানানোর জন্য সবার প্রচেষ্টায় ব্যক্তিগত সংগ্রহশালাটি গড়ে তুলেছি। ৩০ বছর ধরে এ কাজ করে যাচ্ছি।’
লুৎফর রহিমের সংগ্রহশালা দেখতে অনেকেই আসেন। শিক্ষার্থীরাও আসে। অনেক সময় প্রবীণ মানুষেরা এসে কলের গানের রেকর্ড শুনতে চান। কলের গান শুনে তাঁরা তাঁদের শৈশবে ফিরে যান।

সংগ্রহশালার দর্শনার্থী যশোর জেলা সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর-রহমান এই প্রতিবেদককে বলেন, ‘সংগ্রহশালায় প্রাচীন আর্য ও মৌর্য যুগের শিলালিপি দেখে খুবই ভালো লেগেছে। বগুড়ার মহাস্থানগড়ের বৌদ্ধবিহারের টেরাকোটার কথা ইতিহাসে পড়েছি। এ ছাড়া প্রাচীন যুগের অনেক কিছুই দেখা ছিল না। আলাদা একটি জাদুঘরের মতো তৈরি করে সংগ্রহশালাটি মানুষের জন্য উন্মুক্ত রাখলে প্রাচীন ইতিহাস-ঐতিহ্য জানা আরও সহজ হবে।’
এ বিষয়ে লুৎফর রহিম বললেন, ‘বাড়ির আঙিনায় খোলা জায়গা রয়েছে। সেখানে একটি জাদুঘরের মতো তৈরি করার ইচ্ছা আমার রয়েছে।’