লুৎফা তাহের৩৪ বছরের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.তাঁর পরিচয় ছিল, তিনি দেশদ্রোহীর স্ত্রী। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাঁর স্বামী কর্নেল তাহেরের ফাঁসি হয়েছে। এই অপবাদ নিয়ে কেটেছে ৩৪টি বছর। সম্প্রতি আদালত রায় দিয়েছেন, কর্নেল তাহের একজন দেশপ্রেমিক। বিচারের নামে ঠান্ডা মাথায় তাঁকে খুন করা হয়েছে।তিন দশকেরও বেশি সময় ন্যায়বিচার পাওয়ার জন্য সংগ্রাম করেছেন লুৎফা তাহের। অবশেষে তিনি জয়ী হলেন। ফেলে আসা দিনগুলোতে প্রবল মানসিক শক্তি দিয়েই সব প্রতিকূলতা মোকাবিলা করেছেন। আজ তাঁর মনে প্রশান্তি। আজ লুৎফা তাহের সন্তানদের বলতে পারছেন, জেনে রাখো, রাষ্ট্র স্বীকার করে নিয়েছে, তোমরা দেশপ্রেমিক কর্নেল তাহেরের সন্তান।২.২০ জুলাই ১৯৭৬। সকাল।ভাসুরের ধানমন্ডির বাড়ি থেকে বের হলেন লুৎফা তাহের। কিছু দূরে এক প্রতিবেশীর বাড়ির ফোন থেকে লুৎফা একটি নম্বর ডায়াল করলেন।ফোনের অন্য প্রান্তে জেনারেল মঞ্জুর।‘ভাবি, কাল আপনি ফোন করেছিলেন। আমি ইচ্ছে করে ধরিনি। কী বলব!’সত্যিই তো, জেনারেল মঞ্জুর কী-ই বা বলতে পারেন! তাহেরের বিচার এতটাই গোপনীয়ভাবে হলো যে বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। কিছুই করার নেই।কিন্তু লুৎফা ভুলতে পারেন না, কাল তিনি তাহেরকে হাসিখুশি দেখেছেন! গ্রেপ্তারের পর কালই প্রথম তাহেরের সঙ্গে কথা হলো তাঁর। ১৯৭৬ সালের ১৯ জুলাই তাঁদের শেষ দেখা। তাহেরকে খুব প্রাণবন্ত লাগছিল। তাহের বলেছিলেন, ‘ক্ষুদিরামের পর এভাবে আমারই প্রথম ফাঁসি হচ্ছে। আমার জন্য গৌরব বোধ করতে পারো।’লুৎফা বুঝতেও পারেননি, পরদিনই তাহেরের ফাঁসি হবে। ভেবেছিলেন, রায় পরিবর্তিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হবে। যখন ফোনে কথা বলছেন, তখন জেনারেল মঞ্জুর জানেন, তাহের আর নেই। কিন্তু লুৎফাকে বললেন, ‘ভাবি, তাহের যদি বেঁচে থাকে, আমি চেষ্টা করব।’যে মানুষ কিছুক্ষণ আগে স্বামী হারিয়েছেন, তাঁকে সরাসরি সে খবর পৌঁছে দেওয়া কঠিন।১৭ জুলাইয়ের রায়ে তাহেরের হয়েছিল মৃত্যুদণ্ড। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। আইনজীবীরা বলছিলেন, এখানে আপিলের সুযোগ নেই। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে হবে। কিন্তু এ কথা তাহেরকে বলতেই তিনি তা তুড়ি মেরে উড়িয়ে দিলেন।তাহের না চাইলেও প্রাণভিক্ষার আবেদন করা হয়, কিন্তু তা নাকচ হয়ে যায়। এবং তার পরই তড়িঘড়ি করে ২০ জুলাই ভোররাতে ফাঁসি দেওয়া হয় তাহেরকে। লুৎফা তখনো সে কথা জানেন না।জেনারেল মঞ্জুরের সঙ্গে কথা বলে ভাসুরের বাড়ি ফিরে তিনি দেখলেন বড় ভাসুর আরিফুর রহমান স্তব্ধ হয়ে বসে আছেন। বসে আছেন আইনজীবী মিন্নাত আলী, শাহ আলম ও কাশেম। তাঁরা জাসদের সদস্য। লুৎফা তাঁদের বললেন, ‘আপনারা বসে কেন? আমাদের তো আরও কয়েক জায়গায় যেতে হবে!’শাহ আলম বললেন, ‘ভাবি, আর কোথাও যেতে হবে না।’লুৎফা ধপ করে বসে পড়লেন চেয়ারে। তাঁর শরীর অবশ হয়ে গেল।৩.২৭ মার্চ, ২০১১। রাত সাড়ে আটটা।লালমাটিয়ার লুৎফা তাহেরের বাড়ির বসার ঘরে কুশল বিনিময়ের পর বলি, ‘আজ আমরা শুধু আপনার কথাই শুনব। কর্নেল তাহেরের ব্যাপারে আদালতের রায় পেয়েছেন। এত দিন যে অপমান বয়ে বেড়িয়েছেন, তা থেকে মুক্ত হয়েছেন। তাহেরকে দেশদ্রোহী বলা হয়েছিল একসময়, আজ আদালতের রায়েই স্পষ্ট, তাহেরকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল।’এ সময় জয়া এসে বসেন মায়ের কাছাকাছি। তাহের-লুৎফা দম্পতির বড় সন্তান। স্বামীর সঙ্গে দুবাইয়ে থাকেন। ১০ দিনের জন্য দেশে এসেছেন, দেশে বসেই আদালতের রায় শুনবেন বলে। বাবাকে হারানোর সময় জয়ার বয়স ছিল পাঁচ। প্রাণবন্ত উচ্ছল মেয়েটির দিকে তাকিয়েই লুৎফা তাহের বলতে থাকেন পেরিয়ে আসা দিনগুলোর কথা।৪.তাহের গ্রেপ্তার হলেন ১৯৭৫ সালের ২৬ নভেম্বর। এ যাবৎ কাটিয়ে আসা জীবনের সঙ্গে একেবারে সম্পর্কহীন নতুন জীবন শুরু হলো লুৎফার। বড় মেয়ে মিতুর (জয়া তাহের) বয়স তখন পাঁচ। যিশু আড়াই আর মিশু তখন নয় মাসের বাচ্চা। নারায়ণগঞ্জে অফিসের যে বাড়িটায় থাকতেন তাঁরা, তাহের গ্রেপ্তার হওয়ার সাত দিনের মধ্যেই সে বাড়ি ছেড়ে দিতে বলা হলো তাঁদের। তিনটি অবোধ শিশুকে সঙ্গে নিয়ে কোথায় যাবেন লুৎফা? তাহেরের কোনো সঞ্চয় ছিল না। সঞ্চয় করার জন্য যে পথ ও পদ্ধতি জানা প্রয়োজন, তাহের তার খোঁজ করেননি কখনো।ফলে, বাড়ি ছাড়ার নির্দেশ পেয়ে অসহায় বোধ করলেন লুৎফা। বাড়ির আসবাবপত্র অফিসকে বুঝিয়ে দিয়ে কিশোরগঞ্জে বাবা ডা. খুরশীদ উদ্দিন আহমেদের বাড়ির পথে রওনা দিলেন তিনি।৫.‘এরপর লাশ নিয়ে তুমি কাজলায় গেলে?’ মেয়ে জয়া প্রশ্ন করেন মাকে।‘তুমি পরের কথা বলছো। তাহেরকে গ্রেপ্তার করার পরপর পঁচাত্তরেই আমরা চলে যাই কিশোরগঞ্জে বাবার বাড়িতে। ছিয়াত্তরের জুন মাসে আমার ভাই চিঠি লিখে জানাল, বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে। তাহেরকে হয়তো দেখতে পাব, এই আশায় আমরা ট্রেনে করে ঢাকার পথে রওনা দিই।’ বললেন লুৎফা তাহের।‘মা, আমি ট্রেনের ঘটনাটা বলি। আমি তো তখন একেবারে ছোট। মামা ও মা বসেছে একদিকে, আমি আর যিশু একদিকে। আমাদের স্যুটকেসগুলো ছিল ওপরে। আমাদের কাছাকাছি বসেছিল এক লোক। এখনো তার চেহারাটা স্পষ্ট মনে আছে। ট্রেন ঢাকায় আসার আগেই লোকটা নেমে গিয়েছিল। আমরা যখন ঢাকায় পৌঁছুলাম, তখন স্যুটকেস নামানোর পর দেখা গেল, সেগুলো অনেক হালকা। কী ব্যাপার! তক্ষুনি খোলা হলো। স্যুটকেসের ভেতরের জিনিসপত্র চুরি হয়ে গেছে। সেই লোকটাই এই কাজ করেছে। কীভাবে করল, এখনো ভেবে বের করতে পারি না।’দীর্ঘশ্বাস ফেলে লুৎফা বললেন, ‘সেই স্যুটকেসে ছিল আমার সব গয়না, বিয়ের শাড়ি...। আমার শেষ সম্বল। সব নিয়ে গেছে। তখনই মনে হলো, কী অলক্ষুণে ব্যাপার! তখনো জানি না, কিছুদিনের মধ্যেই আরও অনেক বড় কষ্ট আসছে আমার সামনে।’৬. পাঠক, আসুন, আমরা কল্পনায় ঘুরে আসি ছিয়াত্তরের ২০ জুলাই দিবাগত রাতটা। তাহের-পরিবারের জীবনে এ রকম নিকষ কালো রাত আর আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কেন্দ্রীয় কারাগার থেকে তাহেরের লাশ নিয়ে যেতে। লুৎফার মনে ভেসে উঠছে গত দিনের উচ্ছল তাহেরের মুখচ্ছবি। এখন দেখতে হবে লাশ! ২৪ ঘণ্টা আগে যিনি ছিলেন মানুষ, তিনিই এখন লাশ!নির্দেশ এল, দাফন করতে হবে গ্রামের বাড়িতে। কিন্তু কীভাবে লাশ নিয়ে যাওয়া হবে অত দূর! তখন যোগাযোগব্যবস্থাও ছিল নাজুক। শাশুড়ি আর ভাসুরকে নিয়ে লুৎফা গিয়েছিলেন লাশ আনতে। ওই নির্দেশের পর ভাসুর আরিফুর রহমান ক্ষোভের সঙ্গে বললেন, ‘লাশের নিরাপত্তা দেবে কে? আপনারা ওকে মেরেছেন, আপনারাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।’তখন স্বরাষ্ট্রসচিব কথা বললেন প্রধান সামরিক আইন প্রশাসকের সঙ্গে। ব্যবস্থা হলো হেলিকপ্টারের। তেজগাঁও বিমানবন্দরের হেলিপ্যাড থেকে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু হলো বেলা আড়াইটায়।সেনাসদস্যরাই গাড়িতে করে তাহের-পরিবারকে নিয়ে গেলেন হেলিপ্যাডে। লাশ ওঠানোর আগেই লুৎফার শাশুড়ি, তাহেরের ভাইবোন, লুৎফা, আইনজীবী জিন্নাত আলী, আবু ইউসুফ খানের স্ত্রী এবং জয়া উঠলেন হেলিকপ্টারে।একটি খাটিয়ায় করে নিয়ে আসা হয়েছিল তাহেরের লাশ। ছিল বাতাস। হেলিপ্যাডে রাখা লাশের মাথার চুল উড়ছে। একটা পা বেরিয়ে আছে।তাহেরের মা চিৎকার করে বললেন, ‘আমার ছেলের জন্য একটা কফিনও হলো না!’তাহেরের কবর হলো গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার কাজলার পারিবারিক কবরস্থানে। ২১ দিন সেনাসদস্যরা পাহারা দিয়ে রাখলেন সেই কবর।৭.লুৎফা ছাত্রজীবনে রাজনীতি করেছেন। স্বামীর কাছ থেকে রাজনীতির দীক্ষা পেয়েছেন। মুক্তিযুদ্ধের সময় স্বামীর পাশে থাকার চেষ্টা করেছেন। যুদ্ধের সময় তাহের যখন পা হারালেন, তখনো ভেঙে পড়েননি। বলেছেন, ‘পা গেছে, জীবন তো যায়নি।’ জীবনের এই বাঁক ঘোরার মুহূর্তে অসহায়ত্ব চেপে ধরলেও তিনি ভেঙে পড়লেন না।‘কিছুদিন পর কিশোরগঞ্জে বাবার বাড়িতে এলাম। অন্যরা যে যার কাজে ঢাকায় চলে গেল। বাবার বাড়িতে থাকতে থাকতেই মনে প্রশ্ন এল, কীভাবে সন্তানদের মানুষ করব? আমার বাবা সচ্ছল মানুষ, ভাইয়েরাও ভালো অবস্থায় আছেন। কিন্তু এ রকম অসহায় জীবন মেনে নিতে পারছিলাম না। আমি নিজে কিছু করতে চাইছিলাম। ড. মোহাম্মদ ইব্রাহিম ছিলেন বাবার বন্ধুস্থানীয়। আসা-যাওয়া করতে করতে তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কথাচ্ছলে ইব্রাহিম সাহেবকে আমার কথা বলেছিলেন বাবা। ইব্রাহিম সাহেব তখন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। সে সময় সেখানে কিছু অফিসার নেওয়া হচ্ছিল। ইব্রাহিম সাহেব বললেন, “ওকে আবেদন করতে বলুন।” আমার তখন বয়স ছিল, যোগ্যতা ছিল। চাকরিটা হয়ে গেল। ৩৭৫ টাকা স্কেলে চাকরিতে ঢুকলাম। বেশ কিছুদিন পর মোহাম্মদপুরের আজম রোডে একটি সরকারি কোয়ার্টার পেলাম। ছোট্ট মিশু থাকল আমার মায়ের কাছে। অফিসের বাসেই যাওয়া-আসা করতাম।’‘সরকার থেকে কোনো রকম সাহায্য করা হয়নি?’‘সরকারের পক্ষ থেকে সাহায্য করার কথা বলা হয়েছিল। কিন্তু আমি কখনোই তা নিইনি। একবার জেনারেল মঞ্জুর এসে বললেন, “ভাবি, আপনি কেন এ রকম বাসায় থাকবেন? দাবি করলেই তো ভালো বাড়ি পেতে পারেন।” বললাম, “আমি তো দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী। সে রকমই বাসা।” সরকারিভাবে কখনো কখনো বিদেশে দূতাবাসে চাকরি দিতে চেয়েছে। একবার ১০ হাজার টাকা পাঠানো হয়েছিল আমার জন্য। কিন্তু আমি এসব কিছুই গ্রহণ করিনি। নিজের যোগ্যতায় যা পারব, তা-ই করব বলে স্থির করেছি।সংসার চলতে চায় না। আপনি তো জানেন, তাহের কমান্ডো ছিল। বেতন ছিল অনেক। সে অবস্থা থেকে এ রকম অবস্থায় পড়েছি। কিন্তু এ জন্য আমার দুঃখ ছিল না।’ জয়া ধরিয়ে দেন, ‘রেশনের কথা বলো।’‘হ্যাঁ। সে সময় রেশন কার্ড করা হলো।’‘আমি একটু বলি?’ মায়ের কথার ফাঁকে নিজে বলার অনুমতি চান জয়া।লুৎফা সম্মতি দেন। জয়া বলেন, ‘যেদিন প্রথম রেশনের চাল নিয়ে এল, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম সেই ময়লা চালের দিকে। নারায়ণগঞ্জে বাবার কাজের জায়গায় বুয়া ছিল, আমাদের গাড়ি ছিল। সে অবস্থা থেকে যে অবস্থায় এলাম, তা ছিল আমার জন্য একটি প্রচণ্ড আঘাত।’‘আজম রোডের স্যাঁতসেঁতে সেই বাড়িতে ছিল দুটো ঘর। বৃষ্টি হলে ঘর ভিজে যেত।’ লুৎফা তাহেরের গলা একটু ধরে আসে। সে বাড়িতে কেউ যেত না। বলা যায়, যেতে পারত না। সাদা পোশাকের গোয়েন্দারা থাকত বাড়ির আশপাশে। কেউ দেখা করতে এলেই পড়তে হতো জিজ্ঞাসাবাদের পাল্লায়। ফলে একধরনের ভয় বা শঙ্কা থেকেই কেউ আর ওই বাড়িতে যেত না। জয়া বলেন, ‘বাড়ির পাশেই বস্তি। সেখানে বস্তির ছেলেমেয়েরা খেলে। আমি ওখানে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকি। ওদের সঙ্গে মিশতে পারি না। কোনো মেয়ে হয়তো বলে, “এই রকম করে কী দেখো? আসো, একসাথে খেলি।’’ এবং সত্যি একটা সময় আমি মিশে গেলাম ওদের সঙ্গে।’‘তাহেরের কোনো পেনশনও ছিল না। কোনো টাকাপয়সাও রেখে যায়নি। জানেন, কত দিন শুধু আলুভর্তা দিয়ে ভাত তুলে দিয়েছি বাচ্চাদের মুখে...।’ এবার আর আবেগ ধরে রাখতে পারেন না লুৎফা তাহের। জীবনের সংকটকালে যিনি থেকেছেন অবিচল, তিনি আজ এই সামান্য কথা মনে করে কাঁদছেন! ‘পোলাও শুধু ঈদের দিন হতো। ভাইরা পাঠালে নতুন কাপড় হতো...।’ বলতে বলতে নিজেকে সামলে নেন লুৎফা। ‘নিজেকে বলতাম, নিজের রোজগারে চলতে পারছি, কারও সাহায্য নিচ্ছি না। এটাই বড় কথা!’৮.বড় মেয়ে জয়া তাহের দেশেই মাস্টার্স করে অস্ট্রেলিয়া থেকে এমএস করেছেন। বড় ছেলে আবু কায়সার যিশু ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি থেকে মাস্টার্স করেছেন। সিঙ্গাপুরের ওরাকল কোম্পানিতে কাজ করছেন। ছোট ছেলে আবু হাসান মিশু পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে। এখন এমএস করছেন ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে। প্রতিকূলতার মধ্যেও সন্তানেরা পড়াশোনায় প্রতিভার পরিচয় দিয়েছেন, মা হিসেবে সেটাও শান্তি দেয় লুৎফা তাহেরকে।৯.‘১৯৯৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম আদালতের নথিপত্র চেয়ে। উত্তর পাইনি। পঞ্চম সংশোধনী উঠে যাওয়ার পর ২০০১ সালে কর্নেল তাহেরের ট্রায়াল চ্যালেঞ্জ করে পারিবারিকভাবে আবার বিচার চাইলাম। যেসব নথিপত্র ছিল, সেগুলো গোছাতে লাগলাম। ড. আনোয়ার হোসেন, ফাতেমা ইউসুফ আর আমি আদালতের কাছে বিচার চাইলাম। লরেন্স লিফশুলজ এলেন, তাঁর সঙ্গে দেখা করলাম। আদালতের রায়ের পর আমার মন থেকে পাথর নেমে গেছে। আইনগতভাবে আমরা আমাদের সম্মান ফিরে পেলাম। যাঁরা তাহেরের সঙ্গে দণ্ড পেয়েছিলেন, তাঁরা যেন পুনর্বাসিত হন, সেটাই এখন আমার চাওয়া। তাহের নিঃস্বার্থচিত্তে জীবন দিয়ে গেছে। তাহের তার লক্ষ্যে ছিল অবিচল। আমার জীবন তাহেরের সঙ্গে বাঁধা, এ জন্য আমি গর্বিত।’ একজন ‘রাষ্ট্রদ্রোহীর স্ত্রী’ হিসেবে যে অপমান বহন করতে হয়েছে, তার অবসান হলো লুৎফা তাহেরের। এখন তিনি ভারমুক্ত।প্রচ্ছদের ছবি: সাহাদাত পারভেজ