লে-ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমিজদার চায়ের টংয়ে, বৃষ্টিবাদলের রোমান্টিক গান বাজলেও আজকের আকাশে মেঘের বদলে কড়কড়ে রোদ। রোদমাখা এই বিকেলবেলা টংয়ের পাশের মাঠটিতে লোকজনে গিজগিজ করছে। এরা উপভোগ করছে মহল্লার সিনিয়র ঝন্টু ভাইয়ের গ্রুপ ভার্সাস জুনিয়র মন্টু অর্থাৎ আমাদের গ্রুপের মধ্যবর্তী জমজমাট এক ক্রিকেট ম্যাচ। টস জিতেই ঝন্টু গ্রুপ ব্যাটিং করে ৯০ রান তুলে নিল। এবার আমাদের পালা। জাতি জানে, আমি এই মহল্লার ‘লিটল মাস্টার শচীন টেন্ডুলকার’। তাই আমাদের দলের একের পর এক উইকেট ডাউন হতে থাকলেও আমি টিকে রইলাম একদম শেষ অবধি। ঝন্টু ভাই ছাড়া বাকি বোলারদের তুলাধোনা করে চার-ছক্কা হাঁকাতে লাগলাম। মাঠের ঠিক পূর্ব পাশের বাড়িটির দোতলার বারান্দায় সিমি দাঁড়িয়ে থেকে আমাদের খেলা দেখছিল। সিমি কিনা আবার এই মহল্লার বিউটি কুইন! তাই মাঠে উপস্থিত জনতার আকর্ষণ খেলায় কম, ম্যাডামের দিকেই বেশি। তা যা-ই হোক। ম্যাচের শেষ ওভারের শেষ বল। জিততে চাইলে লে-ছক্কা। আজ সুযোগ এসেছে ম্যাচ জিতিয়ে, সিমির কাছে নিজের ইমপ্রেশন বাড়ানোর। কিন্তু ঝন্টু ভাইও তাঁর আগ্রাসী বোলিং করে বুঝিয়ে দিচ্ছিলেন, মরে যাবেন মাগার সিমির সামনে কিছুতেই নিজের ইজ্জতের ফালুদা হতে দেবেন না।

পরিশেষে ঝন্টু ভাই তাঁর শেষ বলটি করার জন্য বুনো ষাঁড়ের মতো মাটিতে পা ঘষে তেড়ে এলেন। আমিও দুই চোখ বন্ধ করে। মনে মনে চেঙ্কুলি-মেঙ্কুলি বলে ব্যাট চালালাম। টুং করে একটি শব্দ হলো। চোখ খুলতেই দেখি বল বাউন্ডারি পার। বুঝলাম জিতে গেছি। তৎক্ষণাৎ খুশিতে টগবগ করতে লাগলাম। ম্যাচ হেরে সিমিকে পটানোর এ সুবর্ণ সুযোগ মিস হওয়ায়, ঝন্টু ভাইয়ের হৃদয় ভেঙে হয়ে গেল চূর্ণবিচূর্ণ। তিনি আমার ওপর রাগে ফুলে-ফেঁপে উঠতে লাগলেন। রাগের চোটে একপর্যায়ে, স্টাম্প তুলে নিয়ে আমার দিকে তেড়ে এলেন। বুঝে গেলাম আজ আমার এসপার কি ওসপার! তাই কিছু না ভেবে উল্টো পথে দিলাম দৌড়। ঝন্টু ভাইও পিছু নিলেন। তাঁর দেখাদেখি পুরো ঝন্টু গ্রুপ।

আজ দাদা নো থামাথামি। থেমে যাব তো ঝন্টু ভাইদের সোনায়-সোহাগায় নিজের বাপের নামটাই ভুলে যাব।