লেইস ফিতা লেইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘লেইস ফিতা লেইস, চুড়ি ফিতা রঙিন ফিতা রঙিন করিবে মুখ’ গানের কথাগুলোর সঙ্গে মিল রেখেই বলতে হয়—চুড়ি-ফিতা যেমন মানুষের মুখকে রঙিন করে, ঠিক তেমনি এক টুকরো কাপড়ের ঔজ্জ্বল্য অনেকখানি বাড়িয়ে দেয় পোশাকে ব্যবহূত লেইস। এখন কামিজের সঙ্গে সালোয়ার ও ওড়নায়ও ব্যবহার করা হচ্ছে নানা ডিজাইনের লেইস।গজকাপড় কিনে ব্যস্ত ভঙ্গিতে ছুটছেন ঢাকারই চাঁদনীচকের লেইসের গলিতে সাদিয়া ইসলাম। অন্যদিকে ইভা তাঁর ঈদের সবগুলো জামাতেই লেইস বসাতে চান। বাদ যাবে না ওড়নার চারপাশটা এবং সালোয়ারের নিচের অংশটাও। এই ঈদে নিজের জামাটা অন্য সবার থেকে আলাদা আর জমকালো করার জন্যই যেন তাঁর এত চেষ্টা।বিবিয়ানার স্বত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, একসময় মায়েরা কুরুশকাঁটা দিয়ে হাতে তৈরি করতেন লেইস। আর এই লেইস বসিয়ে দিতেন মেয়ের জামার হাতায়, গলায় বা ফ্রকের ঝুলে। আবার কখনো কখনো কাপড় কুঁচি দিয়ে সেলাই করে জামায় বসিয়ে দিতেন। সবকিছুর উদ্দেশ্য একটাই—পোশাকে বৈচিত্র্য আনা। দিনবদলের পালায় এখন আবার চল এসেছে লেইসের। তবে এখন মায়েদের খাটুনি কমে গেছে কয়েক গুণ। দোকানগুলোতে এখন পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের লেইস।ইউনিক লেডিস টেইর্লাসের মাস্টার সুকুমার পাল খানিকটা রসিকতা করে বলেন, নিজের পোশাকটা ইউনিকে করতে সবাই এখন ব্যস্ত। আর লেইস যেন এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। মাস্টারের কথার সত্যতা মিলল বানিয়ে রাখা ঝোলানো জামাগুলো দেখে। এর বেশির ভাগই লেইস দিয়ে বিভিন্ন ডিজাইন করা।ইস্টার্ন মল্লিকার পারুল লেইস কর্নারের কর্ণধার মোহাম্মদ গিয়াসউদ্দিন বললেন, এখন লেইসের বিক্রি ভালো। জামায় সব ধরনের লেইস এখন চলছে। মোটা, চিকন, কাতান থেকে শুরু করে সেই পুরোনো কুরুশের লেইসও জামায় হরহামেশাই ব্যবহূত হচ্ছে।দরদাম ও রকমফেরডিজাইন ও আকারভেদে লেইসের দামে ভিন্নতা লক্ষ করা যায়।কাতানের লেইস মোটা বা চওড়াটার দাম পড়বে গজপ্রতি ৩২০—৩৫০ টাকা, মাঝারি আকারের চিকন গজপ্রতি ৪০—৫০ টাকা। মসলিন কাপড়ের ওপর সুতার কাজ করা চওড়া লেইসের দাম পড়বে গজপ্রতি ৫০—৬০ টাকা, আর চিকনটার দাম পড়বে গজপ্রতি ৩০—৪০ টাকা। ফিতার লেইস গজপ্রতি ২০—২৫ টাকা।রিবন লেইস গজপ্রতি তিন থেকে পাঁচ টাকা। চুমকির কাজ করা চওড়া লেইসের দাম গজপ্রতি ৪০—৫০ টাকা। বেণী লেইসের দাম পড়বে গজপ্রতি ৫—১০ টাকা। দড়ি লেইসের দাম পড়বে গজপ্রতি ৩০—৪০ টাকা। কুরুশের লেইস আছে নানা আকারের। চওড়া লেইসের দাম পড়বে গজপ্রতি ৩০—৪০ টাকা, মাঝারিটার দাম পড়বে গজপ্রতি ২০—২৫ টাকা এবং চিকনটার দাম পড়বে গজপ্রতি ১০—১৫ টাকা। কাপড় আর তুলার বলের লেইসের দাম পড়বে গজপ্রতি ১৫—২০ টাকা। প্লাস্টিকের পুঁতি লেইসের দাম পড়বে গজপ্রতি ২০—৩০ টাকা।কোথায় কোথায় পাবেন নিউমার্কেট, চাঁদনীচক আর চকবাজারে রয়েছে লেইসের বিপুল সমারোহ। এ ছাড়া ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, মেট্রো শপিং মল, হ্যাপি আর্কেড, প্রিন্স প্লাজাসহ অনান্য মার্কেটে মিলবে লেইসের হদিস।