লেওনার্দো দা ভিঞ্চির স্বজনের খোঁজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেওনার্দো দা ভিঞ্চির
লেওনার্দো দা ভিঞ্চির

ইউরোপীয় রেনেসাঁ যুগের বিখ্যাত চিত্রকর, প্রকৌশলী ও গণিতজ্ঞ লেওনার্দো দা ভিঞ্চির দেহাবশেষ কয়েক শতাব্দী আগেই হারিয়ে গেছে। তবু ইতালির দুই গবেষক দাবি করছেন, তাঁরা দা ভিঞ্চির জীবিত আত্মীয়স্বজনের খোঁজ পেয়েছেন।
আলেসান্দ্রো ভেৎসোজি এবং আনিয়েজে সাবাতো নামের দুই ইতিহাস গবেষক গত বৃহস্পতিবার ফ্লোরেন্সে এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা পঞ্চদশ শতকের শিল্পী দা ভিঞ্চির আত্মীয়স্বজনের সন্ধান পেয়েছেন। আর তাঁদের একজন সমসাময়িক ইতালীয় শিল্পজগতে রীতিমতো সুপরিচিত। তাঁর নাম ফ্রাঙ্কো জেফিরেল্লি।
ওই দুই ইতিহাসবিদ বলেন, তাঁদের গবেষণার শুরু ১৯৭৩ সালে। মোনালিসার জন্য খ্যাত শিল্পী দা ভিঞ্চির প্রায় ৩৫ জন পরোক্ষ উত্তরসূরিকে তাঁরা অনুসরণ করেন, যাঁদের মধ্যে রয়েছেন ইতালির চলচ্চিত্র, অপেরা এবং টেলিভিশনের শিল্পী ফ্রাঙ্কো জেফিরেল্লি।

লেওনার্দো দা ভিঞ্চি জাদুঘরের পরিচালক ভেৎসোজি এবং আন্তর্জাতিক দা ভিঞ্চি অ্যাসোসিয়েশনের প্রধান সাবাতো বলেন, ইতালি, ফ্রান্স ও স্পেনে বিভিন্ন দলিল বিশ্লেষণ করে তাঁরা দা ভিঞ্চির স্বজনদের শনাক্ত করেন।

প্যারাসুট, হেলিকপ্টার প্রভৃতি উদ্ভাবনের জন্য খ্যাত দা ভিঞ্চির মৃত্যু হয় ১৫১৯ সালে। তিনি নিঃসন্তান ছিলেন। তবে ভাইবোন অনেক ছিল তাঁর। ষোড়শ শতকে যুদ্ধ চলাকালে তাঁর দেহাবশেষ হারিয়ে যায়। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিল্পীর বংশধর শনাক্ত করার সুযোগ নেই। কিন্তু ওই দুই ইতিহাসবিদ ধর্মীয় প্রতিষ্ঠান, জমিজমার কাগজপত্র ইত্যাদি ঘেঁটে দা ভিঞ্চির একটি বংশলতিকা তৈরি করেছেন।

দা ভিঞ্চির আত্মীয় হন এমন একাধিক নারীর ব্যাপারে তথ্যসমৃদ্ধ দলিলপত্র পান ওই দুই গবেষক। তাঁরা শিল্পীর স্বজনদের একজন গিওভান্নি কালোসির সঙ্গে যোগাযোগ করেন নয় বছর আগে। গিওভান্নি ইতালির লা স্তাম্পা পত্রিকাকে বলেন, তাঁদের বাড়িতে বেশ কিছু পুরোনো দলিল ছিল বলে মায়ের কাছে শুনেছেন। সেগুলো কেবল আয়নাতেই পড়া যেত। এসব দলিলের কিছু হারিয়ে যায়, আর বাকিগুলো বিক্রি করে দেওয়া হয়। তাঁদের পরিবার কখনোই দলিলগুলোকে তেমন গুরুত্ব দেয়নি। অথচ সত্যিটা এসবের মধ্য দিয়ে কয়েক প্রজন্ম ধরে প্রবাহিত হয়েছে।