সিটি করপোরেশনের আবাসন প্রকল্প লেকসিটি হাউজিংয়ের প্লটের মালিকেরা অবিলম্বে তাঁদের প্লট বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফাজ উল্লাহ চৌধুরী। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির উপদেষ্টা যদু চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ কে এম মজিবুল হক চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ সালামত উল্লাহ, সহসাধারণ সম্পাদক অমর কৃষ্ণ পাল, মামুন-উর রশিদ প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৬ সালে নগরের কৈবল্যধাম এলাকায় সিটি করপোরেশনের আবাসন প্রকল্প লেকসিটি হাউজিংয়ের প্লট বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আর তা দেখে যুক্তরাষ্ট্র প্রবাসী ৫৯ জনসহ ৫৪৭ জন আট লাখ টাকা করে বুকিং মানি জমা দেন। এ সময়ে তাঁদেরকে এক বছরের মধ্যে প্লট বুঝিয়ে দেওয়ার কথা বলা হয় করপোরেশন থেকে। অভিযোগ করা হয়, বুকিং মানি গ্রহণের পর প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ শেষ না করেই তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দায়িত্বকালে উন্নয়ন খরচের বাকি সাত লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০০৯ সালের ৩০ জুলাইয়ের মধ্যে ওই টাকা পরিশোধ না করলে প্লটের বরাদ্দ বরাদ্দ বাতিল হয়ে যাবে। এ অবস্থায় প্লট গ্রহীতারা বাধ্য হয়ে টাকা পরিশোধ করেন। তখন তাঁদেরকে একই বছরের ডিসেম্বরের মধ্যে প্লট বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্লট মালিকেরা এরপরও প্লট হাতে না পেয়ে এ বছরের ১৪ সেপ্টেম্বর বর্তমান মেয়র এম মন্জুর আলমের সঙ্গে সিটি করপোরেশন সম্মেলন কক্ষে বৈঠকে বসেন। সমিতির সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা বর্তমান মেয়রের সঙ্গে বৈঠকে বসলে তিনি জানান, ২০০৬ সালের ২৫ মে মাসের দ্বাদশ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ৩০ একর সম্পত্তির ওপর ৬০০ আবাসিক প্লট ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলার বিনিময়ে প্লট গ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন না করে তিনি ওই টাকা অন্য খাতে ব্যয় করায় প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। অবশ্য বৈঠকে মেয়র মন্জুর আলম প্লট হস্তান্তরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি।’ এ অবস্থায় প্লট গ্রহীতারা দ্রুত তাঁদের প্লট হস্তান্তরের মাধ্যমে ইজারা দলিল সম্পাদনের দাবি জানান।