লেকার্স পাবলিক স্কুলে বাঁধভাঙা উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী মৈত্রেয়ী যশ তঞ্চঙ্গ্যা তার প্রয়াত বাবার মতো চিকিৎসক হতে চায়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেছে সে। তাই উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না।অর্ণব মল্লিক, রূপক খীসা ও ময়ুখ চৌধুরীর মতো মৈত্রেয়ীর অনেক সহপাঠীকে দেখা গেছে আনন্দ-উল্লাস করতে। গত সোমবার প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরপরই এমন দৃশ্য দেখা গেছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে। এবার রাঙামাটি জেলার মধ্যে এই বিদ্যালয়ের সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের উপাধ্যক্ষ বৈশালী রায় জানান, এ বছর তাঁদের বিদ্যালয় থেকে মোট ৮১ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। অকৃতকার্য হয়েছে একজন। অবশ্য গত বছরও প্রতিষ্ঠানটির শতভাগ পাসের কৃতিত্ব ছিল।লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন বলেন, ‘শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ছিল। বিদ্যালয় ও বাড়িতে শিশুরা সমান মনোযোগ পেয়েছে। এ ছাড়া বছরের শুরু থেকে নির্দিষ্ট পরিকল্পনামাফিক পাঠদান, মডেল টেস্ট ও শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা নিয়মিত অভিভাবকদের জানানো হয়েছে।’অভিভাবক নয়ন খীসা জানান, ‘তিনি ছেলেকে নিয়মিত পড়াশোনার উৎসাহ দিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমও ছেলের জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে।’জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার যথাক্রমে ৯৮ দশমিক ৩২ ও ৯৭ দশমিক ০৪। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন জানান, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে পাস করেছে ১০ হাজার ৬৩ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ৪৭৩ জন। পাস করেছে ৪৫৯ জন। প্রাথমিক সমপানীতে জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন এবং ইবতেদায়ি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র পাঁচজন।