
ক্ষণে ক্ষণে বৃষ্টির ঝাপটা। লেকের পাড়ও ফাঁকা। গিটারে টুংটাং শব্দ হতেই ভিড় বাড়ে। কিছুক্ষণের মধ্যেই গানের তালে তালে জমে ওঠে লেকের পাড়। গত ৩১ জুলাই ফয়’স লেকে ঈদ কনসার্টের আয়োজন করে কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড।
বিকেল চারটায় বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে মঞ্চে আসে ব্যান্ডদল সাসটেইন। তারা পরিবেশন করে ১০টি গান। ব্যান্ডদল সাসটেইনের বিদায়ের পর বৃষ্টির বেগ আরও বাড়ে। এবার মঞ্চে আসেন সংগীতশিল্পী আরেফিন রুমি। শুরুতেই ‘বল না তুমি কোথায়’ গানের মাধ্যমে জমিয়ে তোলেন লেকের পাড়। গেয়ে শোনান ‘সোনা বউ’, ‘তোমার চোখে আকাশ আমার’, ‘সহে না যাতনা’, ‘সোনার ময়না’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’, ‘তুমি বিনে আকুল পরান’ ও ‘লাল সবুজের বিজয় নিশান’।
সন্ধ্যা নামতেই মঞ্চ মাতাতে আসেন সংগীতশিল্পী মিলা। বৃষ্টি তখন রীতিমতো আকাশ ভেঙে পড়ছে। কিন্তু তাই বলে তো আর আনন্দ আয়োজনে ভাটা পড়ে না। বৃষ্টি মাথায় নিয়ে মিলার গানের তালে আনন্দে মেতে ওঠেন। ‘ঈশ্বর জানে’ গানের মাধ্যমে শুরু হয় মিলার পরিবেশনা। এরপর ‘তুমি কি সাড়া দেবে’ ও ‘ডিসকো বান্দর’ ‘বাবুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানের সঙ্গে কণ্ঠ মেলান দর্শকেরাও। সবশেষে মিলার ‘দোলা’ গানটি পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজন।