
লেকের পাড়ে সুরের মায়া। গানে গানে ঈদের আনন্দ ভাগাভাগি। ৮ আগস্ট নগরের ফয়’স লেকে অনুষ্ঠিত হলো ঈদ কনসার্ট। কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক যৌথভাবে আয়োজন করে এই কনসার্ট।
বিকেল সাড়ে তিনটায় ব্যান্ডদল সাসটেইন আসে মঞ্চে। ‘তোমাকেই মনে পড়বে’ গানটির মাধ্যমে আনন্দ আয়োজনে শুরু হয় তাঁদের পরিবেশনা। এরপর একে একে পরিবেশন করলেন ‘জোছনা অজানা পথচলা’, ‘সারা বেলা বন্ধ জানালা’, ‘পাখিরে তুই দূরে থাকলে’সহ সাতটি গান।
এবার মাইক্রোফোন হাতে মঞ্চে দেখা গেল অনুষ্ঠানের সঞ্চালক নাবিলা ইসলামকে। তিনি এসেই মঞ্চে ডেকে নেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশকে। ‘অশান্ত এ ভুবন’ গান গেয়ে রন্টি শুরু করলেন তাঁর পরিবেশনা। শোনালেন ছয়টি গান। তাঁর কণ্ঠে ‘যদি কেড়ে নিতে বলে’ ও ‘মায়াবন বিহারিণী’ গান দুটি দর্শকদের হৃদয় ছঁুয়ে যায়। রন্টির বিদায়ের পর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল ‘লালন’। শুরু করল ‘সময় গেলে সাধন হবে না’ গানটি দিয়ে। অনুষ্ঠন জমিয়ে তুলে ‘বসন্ত বাতাসে সইগো’, ‘এক চোখেতে হাসন কাঁন্দে’, ‘খ্যাপা’, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ গানগুলো।
সন্ধ্যা নামতেই মঞ্চে আসেন হৃদয় খান। এসেই হাস্য-রসে তিনি মাতিয়ে তোলেন সবাইকে। এরপর সুর তুললেন— ‘এত কিছু বোঝ মন বোঝ না’। ‘তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো’, ‘কি জ্বালা দি গেলা মোরে’ ‘কেন এভাবে কাঁদাও’, ‘বল না তুই বল না’ গানগুলোতে মেতে উঠে পুরো ফয়’স লেক। হৃদয় খান যখন তাঁর শেষ গান ‘চাই না মেয়ে তুমি’ গেয়ে মঞ্চ ছাড়ছিলেন তখনো দর্শনার্থীদের ভিড় চেখে পড়ার মতো। পরিবার নিয়ে হালিশহর থেকে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম। কনসার্ট শেষে তিনি বললেন, সবার কাছেই কনসার্ট বেশ উপভোগ্য ছিল। আনন্দে মেতে ছিল ছোটরাও।