লেকের পাড়ে ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়’স লেকে কনসার্টে গান করেন ব্যান্ড দল রিসেন্টের সদস্যরা
ফয়’স লেকে কনসার্টে গান করেন ব্যান্ড দল রিসেন্টের সদস্যরা

দুটি বড় উৎসব ঈদ ও দুর্গাপূজা এবার হাতে হাত ধরেই যেন এসেছে। এ দুটি উৎসবের রঙে রঙিন সময় কেটেছে নগরবাসীর। উৎসবের আনন্দের রং ছড়িয়ে দিতেই যেন গত শনিবার নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে বসেছিল গানের আসর। ‘ঈদ কনসার্ট’ শিরোনামের এই আনন্দ উৎসব যৌথভাবে আয়োজন করে কনকর্ড ও বাংলালিংক।
বেলা তিনটা। রৌদ্রোজ্জ্বল দিনেও দর্শনার্থীদের কমতি নেই ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে। শুরুতে মঞ্চে এল চট্টগ্রামের আঞ্চলিক ব্যান্ড দল রিসেন্ট। ‘তোমাকে ভেবে’ গানটি পরিবেশনের মাধ্যমে তারা শুরু করে পরিবেশনা। এরপর ‘দ্য সার্কেল’, ‘সব অভিমান’সহ একে একে নয়টি গান গেয়ে শোনায় তারা। এলআরবি ও ওয়ারফেজের জনপ্রিয় সব গানের তালে মাতিয়ে রাখে দর্শকদের।
এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল ইফতিজ অ্যানথাম। পরিবেশনা শুরু হয় যন্ত্রসংগীতের মধ্য দিয়ে। এরপর তারা বাংলা ও ইংরেজি ভাষায় মোট নয়টি গান পরিবেশন করে। তাদের পরিবেশিত গানের মধ্যে ছিল ‘তোমার চোখের কথায়’, ‘ইটস মাই লাইফ’, ‘মুখরিত জীবন’সহ কয়েকটি জনপ্রিয় গান। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।
‘দোলনায় দুলে’ শিরোনামের গানটি গেয়ে তিনি শুরু তাঁর পরিবেশনা। ‘বাবুজি’ শিরোনামের গানের মাধ্যমে তিনি মাতিয়ে তোলেন দর্শকদের। এ ছাড়া তিনি ‘পিরিতি বিষের কাঁটা’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘দমে দমে ডাকি তোমায়’ ও ‘ওরে সাম্পানওয়ালা’ গেয়ে আনন্দ দেন দর্শকদের।
সন্ধ্যায় আলো যখন নিভে এসেছে, তখনই মঞ্চে উঠে আলো ছড়ালেন সংগীতশিল্পী আসিফ। প্রথমেই পরিবেশন করেন ‘উপমা’ শিরোনামের গানটি। এরপর একে একে ‘একাকী গভীর রাতে’, ‘জল পড়ে’, ‘ভালোবাসা মানে’ গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের। সবশেষে তাঁর ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের গানের মাধ্যমে শেষ হয় এ আনন্দ উৎসবের।