লেকের পাড়ে সুরের টান
ক্ষণে বৃষ্টি ক্ষণে রোদ। মেঘ-সূর্যের লুকোচুরি খেলা। তারপরও কে মানে এতসব বাধা। লেকের পাড়ে হাজারো দর্শক। সুরের টানে উন্মাতাল সবাই। প্রায় প্রতিটি গানেই শিল্পীর সঙ্গে গলা মিলিয়ে নেচে চলেছেন। ফেটে পড়ছেন উল্লাসে। গত শুক্রবার নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত কনসার্টের চিত্র ছিল এমনই। ওই দিন দেশের খ্যাতনামা শিল্পীদের গানের সুরে মেতে ছিলেন সবাই। এ আনন্দ আয়োজনের আয়োজক প্রাণ ফ্রুটো, সহযোগিতায় ছিল কনকর্ড।
বিকেল সাড়ে তিনটায় ব্যান্ড দল সাসটেইনের ‘মায়াবন বিহারিণী হরিণী’ গানটি পরিবেশনের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠান। এরপর তারা একে একে ‘যদি কেড়ে নিতে বলে’, ‘লাইলী মজনু’, ‘অদ্ভুত সেই ছেলেটা’, ‘চাইতে পারো’সহ মোট ১০টি গান পরিবেশন করে। ‘বসে আছি একা’ গানটি নিয়ে মঞ্চে আসেন পাওয়ার ভয়েস তারকা মাসুম। এ ছাড়া পরিবেশন করেন আরও কয়েকটি গান। পড়ন্ত বিকেলে সূর্য যখন অস্তগামী, তখন মঞ্চে বেজে ওঠে ব্যান্ড দল লালনের গিটারের সুর। ‘সময় গেলে সাধন হবে না’ গানের সঙ্গে শুরু হয় তাদের পরিবেশনা। এরপর একে একে ‘বসন্ত বাতাসে’, ‘জাত গেল’, ‘আল্লাহ বলো’, ‘খ্যাপা’, ‘এক চোখেতে হাসন’, ‘গুরুনাম সুধা সিন্ধু’, ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ শিরোনামের গানগুলি পরিবেশন করে।
এদিকে গানে গানে ঘোরে ঘড়ির কাঁটা। সন্ধ্যা সাড়ে সাতটায় আইয়ুব বাচ্চু মঞ্চে আসেন তাঁর ব্যান্ড দল এলআরবি নিয়ে। তাঁরা গেয়ে শোনান ‘রাখে আল্লাহ মারে কে’, ‘মন চাইলে মন পাবে’ ও ‘অভিলাষী আমি’সহ বেশ কয়েকটি গান। এলআরবির সুরের রেশ না কাটতেই ‘তুমি কি সাড়া দেবে’ গান নিয়ে মঞ্চে এসেই দর্শকদের মাঝে সাড়া ফেলে দেন মিলা। একে একে গেয়ে শোনান ‘বাবুরাম সাপুড়ে’, ‘ডিসকো বান্দর’, ‘রূপবান’, ‘দোলা দে’সহ কয়েকটি গান।