
রাজধানী ঢাকা থেকে এসেছিলেন সাহিত্যিক হায়াৎ মামুদ ও আলী ইমাম। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন চট্টগ্রামের দুই কবি ওমর কায়সার ও রাশেদ রউফ। চারজনের প্রাণবন্ত আলোচনা শেষে ছিল লেখক-পাঠক মতবিনিময়। সব মিলিয়ে ভীষণ জমজমাট হয়ে উঠেছিল প্রমা আয়োজিত ‘লেখক–সান্নিধ্যে একবেলা’ শিরোনামে অনুষ্ঠানটি। ১৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি মিলনায়তনে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমার সভাপতি রাশেদ হাসান।
দর্শকদের অধিকাংশই ছিলেন তরুণ। আলোচনায় ছিল ঘরোয়া আবহ। ফাঁকে ফাঁকে আবৃত্তি শুনিয়ে আসর জমিয়েছেন প্রমার সদস্যরা।
শুরুতে নিজের বক্তব্য নিয়ে হাজির হন ছড়াকার ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বললেন, ‘আমাদের সময়টা এখন খুব অস্থির। সবাই দৌড়াচ্ছে। পড়ার বা ভাবার সময় নেই কারও। প্রত্যেকে নিজের আসন পাকাপোক্ত করতে চাইছেন। তবে আশার আলোও আছে। চট্টগ্রামে একদল তরুণ সাংস্কৃতিককর্মী রয়েছেন, যাঁরা খুব সক্রিয়। এঁরাই এ নগরের শিল্প-সাহিত্য অঙ্গনে নব জোয়ার আনবেন।’
রাশেদ রউফের পর বলার পালা কবি ওমর কায়সারের। তিনি বলেন, ‘আমরা বাস্তবকে যেভাবে দেখি, বাস্তব তেমন নাও হতে পারে। দেখার চোখ থাকলে কানা গলিতেও সমুদ্র দেখা সম্ভব। প্রকৃত কবিরা এভাবে আমাদের দৃষ্টির প্রসার ঘটান।’
আজকের এই প্রযুক্তিশাসিত বিশ্বে বইয়ের স্থান কোথায়? এমন প্রশ্নের মাধ্যমে কথা শুরু করেন জনপ্রিয় কথাসাহিত্যিক আলী ইমাম। আশা–জাগানিয়া উত্তরটাও দেন তিনি। বলেন, প্রযুক্তি যতই মনোজগতে বিস্তার লাভ করুক না কেন, এখনো বইয়ের আবেদন কমেনি কোথাও। বইয়ের আন্তরিকতার কাছে প্রযুক্তির কৃত্রিমতা ম্লান হয়ে যায়। এখন যে বিশ্ববিখ্যাত চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে, সেসবও কোনো না কোনো জনপ্রিয় গল্প বা উপন্যাসের কাহিনি থেকে নেওয়া হচ্ছে। আলী ইমাম আরও বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি পৃথিবীর সম্পদ। এ দেশের প্রবাদ–প্রবচনও যে গভীরতা ধারণ করে, তা অতুলনীয়। লালন ও হাসন রাজার মতো মরমি শিল্পীদের গান এখন বিশ্বে সমাদৃত হচ্ছে।
অনুষ্ঠানের শেষ বক্তা ছিলেন হায়াৎ মামুদ। তিনি নিজের সাহিত্যিক হয়ে ওঠার গল্প শোনান উপস্থিত দর্শকদের। তিনি বলেন, ‘বাবা ছিলেন ব্যবসায়ী। পরিবারের প্রথা অনুযায়ী আমারও বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করার কথা ছিল। কিন্তু আমি ঠিক করলাম, জীবনে দুটো কাজ করব, একটি হলো মাস্টারি, অন্যটি লেখালেখি। বাবা ছিলেন খুব উদার। তিনি আমার এই সিদ্ধান্ত মেনে নিলেন। তাই আমাকে লেখক হওয়ার জন্য তেমন কিছু করতে হয়নি।’
তিনি উপস্থিত তরুণ সাহিত্যকর্মীদের উদ্দেশে বাংলা ভাষা নিবিড়ভাবে চর্চা করে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বই পড়ার ওপরও গুরুত্ব দেন তিনি। আলোচনা শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।