লেখক হতে চাও
শুরু হয়ে গেছে বইমেলা। প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। পত্রিকায় বইমেলার খবর বা বিজ্ঞাপন দেখে তুমিও নিশ্চয় কী কী বই কিনবে, তার একটা তালিকা করে ফেলেছ। আর যারা একধাপ এগিয়ে ভাবছ, তাদের নিয়েই কথা হবে আজ। হ্যাঁ, বলতে চাইছি লেখার কথা, বইয়ের লেখক হওয়ার কথা। তুমি কি পাঠকের সীমানা ছাড়িয়ে লেখকের সীমান্তে এসে পৌঁছাতে চাইছ? নিজেকে লেখক হিসেবে প্রস্তুত করতে চাইছ? তাহলে লেখক হিসেবে তোমার প্রস্তুতির ব্যাপারে জেনে নাও। আমরা আজ তিনজন প্রথিতযশা সাহিত্যিকের প্রথম বই লেখার অনুভূতির কথা জানব। আর জানব লেখক হয়ে ওঠার ক্ষেত্রে প্রস্তুতির বিষয়টিও। বলে রাখা দরকার, প্রত্যেকটা সৃষ্টির পেছনে থাকে অগাধ পড়াশোনা, পরিশ্রম ও মেধা। কীভাবে তরুণ লেখকেরা লেখার মান বাড়াতে পারেন, কখন বই প্রকাশের উদ্যোগ নেওয়া উচিত—এসব বিষয়েই ‘স্বপ্ন নিয়ে’র সঙ্গে কথা বলেছেন আমাদের দেশের খ্যাতিমান সাহিত্যিক ও প্রকাশকেরা। এসো, তাঁরা কী বলছেন শুনি।সৈয়দ শামসুল হকপ্রথম বই তাস প্রকাশিত হয়েছিল ১৯৫৪ সালে। এটি ছিল ছোটগল্পের বই। প্রথম বই প্রকাশের পর আলাদা কোনো আবেগ কাজ করেনি আমার ভেতর। এটা আমি আমার একটি পদক্ষেপ হিসেবে দেখেছি। সাহিত্যের জগতে সামনের দিকে ছোট্ট একটি পা ফেলা। আমার মনে হয়, লেখক হতে হলে প্রয়োজন কঠোর অনুশীলন। তরুণ যাঁরা লিখছেন, তাঁদের সময় নিতে হবে। অল্প কিছু লিখে রাতারাতি লেখক হয়ে ওঠা যায় না। তরুণদের লেখার মান ভালো করার জন্য সব সময় আমি একটা কথাই বলে থাকি, ‘পড়ো-পড়ো এবং পড়ো।’ এর কোনো বিকল্প নেই। কী আঙ্গিকে তুমি লিখবে, তোমার ভাষা, শব্দ চয়ন—এই সবকিছু পরিপক্বতা লাভ করবে পড়ার মাধ্যমে। নিয়মিত লিখতে হবে। নিয়ম করে বসতে হবে লেখার টেবিলে। লেখা শুধু ভাবের ঘোরেই আসে না। ঘাম ঝরাতে পারলেই লেখক ভালো কিছু লেখার আশা করতে পারেন। তরুণ লেখকদের জন্য বইমেলা বিশাল একটি সুযোগ। তবে বইমেলা এলেই গল্প, উপন্যাস লিখতে হবে—এমনটা ভেবে নিজের ওপর জোর দেওয়া উচিত নয়। যখন যা লিখতে ইচ্ছে করে, লেখকের তা-ই লেখা উচিত। এসব ক্ষেত্রে ফাঁকি দিলে লেখকের নিজের লেখারই ক্ষতি হবে। তাই এসব দিক বিবেচনা করেই লেখালেখি করা উচিত একজন তরুণ লেখকের।সেলিনা হোসেনএমএ পাস করার পর আমার কলেজের শিক্ষক একদিন বললেন, ‘এমএ পাস তো করলে, এবার তোমার লেখাগুলো দিয়ে একটা বই বের করে ফেলো। তোমার জীবনবৃত্তান্তে এ বইয়ের কথাটা লেখা থাকলে চাকরি পেতে সুবিধা হবে।’ তাঁর কথা শুনে বই বের করার চেষ্টা শুরু করলাম আমি। লেখক হওয়ার মনোবাসনা নয়, বই বের করার ক্ষেত্রে এখানে অর্থনৈতিক মুক্তিটাই ছিল গুরুত্বপূর্ণ। তখন তরুণ লেখক আমি। কে ছাপবে আমার বই। টাকাপয়সা জোগাড় করাটাও অনেক ঝামেলার। এত কিছুর পর ১৯৬৯ সালে প্রকাশিত হলো আমার প্রথম বই উৎ স থেকে নিরন্তর। এ গল্পগ্রন্থটি ছাপা হওয়ার পরই চাকরি পেয়ে যাই আমি। তরুণ লেখকদের তিনটি জিনিসের ওপর নজর রাখতে হবে। এগুলো হলো পর্যবেক্ষণ, পরিশ্রম ও পড়ালেখা। হুট করে কখনোই বই প্রকাশ করা উচিত নয়। সাহিত্যকে নিজের শক্তি হিসেবে ভেবে অনুশীলন করে যেতে হবে। শুরুতে তাঁরা পত্রিকায় লিখতে পারেন। পত্রিকায় ছাপা হলে পাঠকদের কাছে পরিচিত হয়ে উঠবে তাঁদের নাম। নিজেকে ভালোমতো তৈরি করে তার পরই বই প্রকাশ করা উচিত।আসাদ চৌধুরী আমার প্রথম বইয়ের নাম তবক দেওয়া পান। প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালে। প্রথম বই প্রকাশের পর আমি আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম। প্রচণ্ড এক ভালো লাগা ঘিরে ধরেছিল আমাকে। বইয়ের প্রচ্ছদটাও ছিল দারুণ। ছাপা ছিল সুন্দর। রফিক আজাদ প্রুফ দেখেছিল আমার বইয়ের। সে এক অদ্ভুত সুন্দর সময়। যত দূর মনে পড়ে, ছাপা হওয়ার পর প্রথম বইটা কেড়ে নিয়েছিল রফিক আজাদ। ওঁরা সবাই বইটির সঙ্গে যুক্ত ছিলেন বলেই এমনটা হয়েছিল। কবিতা লেখা পুরোপুরি ভিন্ন একটা ব্যাপার। বলেকয়ে ভালো কবিতা লেখা যায় না। একজন তরুণ কবিকে সৎ হতে হবে। শব্দ চয়নে প্রথার ভেতরে থেকেও কীভাবে প্রথার বাইরে লেখা যায়, সেসব নিয়ে ভাবতে হবে। রেওয়াজের প্রয়োজন আছে তরুণ কবিদের। প্রচুর কবিতা পড়তে হবে। আফ্রিকা, স্প্যানিশ, চীন ও দক্ষিণ আমেরিকার কবিতাগুলোর সঙ্গেও পরিচিত হওয়া উচিত আমাদের। অনেকেই বলেন, ছন্দ, মিল ঐশ্বরিক দান। কিন্তু আমার মনে হয়, এগুলো কষ্ট করে রপ্ত করতে হয়। এখনকার তরুণেরা খুব ভালো লিখছেন। অনেকে জেনে-শুনে তাঁরা লেখার চেষ্টা করছেন। তাঁদের ভেতর সততা আছে বলেই কোনো কিছুর বিন্দুমাত্র পরোয়া তাঁরা করেন না। বইমেলা একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কবি, লেখক কখনোই তাঁর লেখা নিয়ে সন্তুষ্ট হতে পারেন না। বই ছাপা হওয়ার আগে বারবার তাঁরা পাণ্ডুলিপি পরিবর্তন করেন। তরুণদের এসব ব্যাপারে বায়নাক্কা কম। লেখা ছাপা হলেই তাঁরা খুশি। আমার মনে হয়, তরুণ লেখকদের সঙ্গে সঙ্গে তরুণ প্রকাশকদেরও বই প্রকাশের সুযোগ দিতে হবে। আহমেদ মাহমুদুল হক (মাওলা ব্রাদার্স)লেখকের ক্ষেত্রে নবীন-প্রবীণ বলে কোনো কথা নেই। লেখকের পাণ্ডুলিপির মানকে প্রাধান্য দিয়েই বই প্রকাশ করা উচিত। আমরা বই প্রকাশের সময় মানসম্পন্ন লেখাকে বিবেচনায় রাখি। শুধু বইমেলায়ই নয়, সারা বছরই আমরা নতুন বই এবং এর পাশাপাশি আগে প্রকাশিত বইয়ের পুনর্মুদ্রণ করে থাকি। বইমেলার সময় বিভিন্ন লেখকের বিষয়ভিত্তিক বই একই জায়গায় একই সময়ে পাওয়া যায় বলে পাঠকেরা নতুন বই সংগ্রহে আগ্রহী হয়ে ওঠেন। তাই লেখক ও প্রকাশকেরা অন্য সময়ের তুলনায় ভাষার এই মাসে বই প্রকাশের ক্ষেত্রে বেশি ব্যস্ত থাকেন। ১৯৯৬ সালে তরুণ লেখকদের উৎ সাহ দেওয়ার লক্ষ্যে আমাদের প্রকাশনী মাওলা ব্রাদার্স সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছিল। আগামী বছর থেকে পাণ্ডুলিপি আহ্বানের মাধ্যমে আমরা সৃজনশীল ও মননশীল প্রতিটি শাখায় পাঁচটি করে তরুণ প্রতিশ্রুতিশীল লেখকের নতুন বই প্রকাশের আশা রাখি।মাজহারুল ইসলাম (অন্য প্রকাশ)প্রতিবছরই আমরা তরুণ লেখকদের তিন থেকে পাঁচটি বই বের করে থাকি। এর মধ্যে একটি থাকে কোনো লেখকের প্রকাশিত প্রথম বই। পাণ্ডুলিপি আহ্বানের পর যাচাই-বাছাই শেষে মানসম্পন্ন লেখাগুলো ছাপানোর জন্য বেছে নেওয়া হয়। বই প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় লেখার মানের ওপর। গল্প-উপন্যাস যা-ই হোক না কেন, তা মানোত্তীর্ণ হতে হবে। তরুণ লেখকদের প্রধান সমস্যা, তাঁরা খুব দ্রুত প্রতিষ্ঠা পেতে চান। বই প্রকাশের আগে বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতায় লিখে পাঠকদের কাছে পরিচিত হয়ে ওঠা উচিত। লেখার জন্য কঠোর অনুশীলন না করে শুধু বই বের করার প্রবণতা থাকলে বইয়ের সংখ্যা বৃদ্ধি পেলেও মানসম্মত বই পাওয়া যাবে না। বইমেলার সময় নতুন নতুন বইয়ের জন্য পাঠকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে। এসব কারণে বইমেলা এলেই বই প্রকাশের পরিমাণ বেড়ে যায়। আমরা চাই, সারা বছরই পাঠকদের জন্য নতুন বই প্রকাশ করা হোক। এরই জের ধরে গত বছর আমরা প্রায় আটটি বই প্রকাশ করেছি। এসব বইয়ের জন্য প্রয়োজন সঠিক প্রচারণা। মিডিয়াকে তাই বইমেলাকেন্দ্রিক হওয়া উচিত নয়। তরুণ লেখকদের বইয়ের খবরগুলো যদি পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপা হয়, তবে পাঠকেরা সহজেই তাঁদের বইগুলো সম্পর্কে জানতে পারবে। তরুণেরাও তাঁদের লেখা দিয়ে পৌঁছে যেতে পারবেন পাঠকের কাছাকাছি।