লেখকদের প্রভাবিত করা বইগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ‘আপনার শখ কী?’ তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই উত্তর আসে ‘বইপড়া’। কোনো বই তো অনেকের জীবনবোধই পাল্টে দেয়। বিখ্যাত লেখকদেরও আছে প্রিয় বই, প্রিয় লেখক। সেই সব বই তাঁদের জীবনে যথেষ্টই প্রভাব ফেলেছে। কয়েকজন লেখকের প্রিয় বইয়ের কথা থাকছে এবার

মার্ক টোয়েনের পছন্দ আরব্য রজনী

টোয়েনের পরিচিত একজন মানুষ একবার তাঁর প্রিয় বইগুলো সম্পর্কে জিজ্ঞেস করে চিঠি লেখেন। চিঠির জবাবে টোয়েন শুরুতেই উল্লেখ করেন দ্য অ্যারাবিয়ান নাইটস-এর কথা। আরব্য রজনীর সেই কল্পকাহিনি আর জাদুর দুনিয়া টোয়েন যেন ভুলতেই পারেননি।

হাসান আজিজুল হকের প্রিয় ‘পুতুল নাচের ইতিকথা’

‘মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা আমার জীবনবোধ পাল্টে দিয়েছিল। এই বইয়ের ভাষা, গঠন, কাহিনির মধ্যে নারী-পুরুষের সম্পর্ক এবং তাঁদের মনস্তাত্ত্বিক বিষয়গুলোর বিশ্লেষণ আমাকে অনেক চমৎকৃত করে। মাঝেমধ্যে মনে হয়, এটি উন্নত সাহিত্য তথা বিশ্বসাহিত্যের সমতুল্য।’ বললেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ১৯ বছর বয়সে প্রথম এ বইটি পড়েছিলেন তিনি।

হ্যারি পটার লেখিকার প্রিয় ‘এমা’

বাস্তব পৃথিবীর পাঠককে এক জাদুর দুনিয়ার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকটি পুরস্কার রয়েছে জে কে রাওলিংয়ের ঝুলিতে। অনেকে বলেন, কিশোর হ্যারি পটারের মধ্যে আসলে নিজের কৈশোরের দিনগুলোই তিনি তুলে ধরেছেন। সে যাই হোক, রাওলিংয়ের পছন্দের তালিকায় রয়েছে এমা নামের বইটি। জেন অস্টেনের লেখা এই বইটি তাঁর কেন পছন্দ? উত্তরে লেখিকা জানান, ‘এমা চরিত্রটি আসলে আমাদের জেন অস্টেনের দুনিয়ায় নিয়ে যায়।’ রাওলিং হয়তো সেখানেই নিজেকে খুঁজে পান।

জ্যাক লন্ডনের ভক্ত অ্যান রাইস

অ্যান রাইস নিজে ভৌতিক কল্পকাহিনি লিখতেই বেশি পছন্দ করেন। তাঁর দ্য ভ্যাম্পায়ার ক্রনিকলস-এর কথা না বললেই নয়। নিজে কিন্তু পছন্দ করেন জ্যাক লন্ডনের লেখা সেই মার্টিন এডেন উপন্যাসটি। এই উপন্যাসটি ছিল একজন তরুণ লেখককে নিয়ে। যিনি কিনা শত বাধা-বিপত্তির মধ্যেও নিজের লেখনীশক্তিকে স্বীকৃতি দিতে পেরেছিলেন। হয়তো তরুণ এই লেখকের গল্পটিই কিশোরী অ্যান রাইসের মনে দাগ কেটেছিল!

হেমিংওয়ের প্রিয় ‘ওয়ার অ্যান্ড পিস’

রুশ লেখক লিও তলস্তয় তাঁর লেখায় যুদ্ধের বর্ণনা এমনভাবে উল্লেখ করতেন, যেন ইতিহাস আর কল্পকাহিনি এক হয়ে যেত। আর তাই হয়তো আর্নেস্ট হেমিংওয়ের প্রিয় লেখকের তালিকায় তাঁর নাম বারবার উঠে এসেছে। কালজয়ী এই লেখক সম্পর্কে হেমিংওয়ে বলতেন, ‘আমি জানি না, তলস্তয়ের মতো আর কেউ এত সুন্দর করে যুদ্ধের কাহিনি লিখেছেন কি না। তার বই ওয়ার অ্যান্ড পিস আমার সবচেয়ে বেশি পছন্দের।’

শেক্‌সপিয়ারের অনুপ্রেরণায় ড্যান ব্রাউন

দ্য ভিঞ্চি কোড লিখে পাঠকসমাজে বেশ ভালোই সাড়া ফেলে দেন ড্যান ব্রাউন। একই সঙ্গে সাংবাদিক, সুরকার এই লেখকের বইয়ের অন্যান্য তালিকায় রয়েছে দ্য লস্ট সিম্বল, দ্য ডিসেপশন পয়েন্ট। পাঠককে বিভিন্ন রহস্যের বেড়াজালে বিভিন্ন প্রতীকের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কিন্তু নিজে সব সময় পছন্দ করেন ব্রিটিশ কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্‌সপিয়ারের লেখা। আর শেক্‌সপিয়ারের মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং বইটি তাঁর খুবই পছন্দের।

ভ্লাদিমির নাবোকভের পছন্দ ‘দ্য মেটামরফসিস’

বিখ্যাত লোলিতা বইটির জনক ভ্লাদিমির নাবোকভ। সাক্ষাৎকারে নিজের প্রিয় লেখকের প্রসঙ্গে তিনি সবার আগে উল্লেখ করেন ফ্রানৎস কাফকার নামটি। কাফকার দ্য মেটামরফসিস নাবোকভের প্রিয় বইয়ের মধ্যে একটি।

গ্রন্থনা: নাদিয়া নাহরিন

সূত্র: ব্রাইটসাইড