লেখা ও কথার একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী

আমার শহীদ বাবা এবং অন্যান্য শহীদ বুদ্ধিজীবীর প্রতি নিবেদিত ১৪ ডিসেম্বরের বিশেষ তাৎপর্য শুধু মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম নয়, আমার বয়োজ্যেষ্ঠদের কাছেও সব সময় সুস্পষ্ট নয়। কোনো কোনো সময় প্রচ্ছন্ন ইঙ্গিত শুনতে হয়েছে, কেন শহীদ বুদ্ধিজীবীদের অন্য সব শহীদ থেকে একটু আলাদা করে দেখার প্রয়োজন হলো। মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি সম্মান রেখেই বলছি, শহীদ বুদ্ধিজীবীদের আলাদা সম্মান তাঁদের যথার্থ প্রাপ্য।
মুক্তিযুদ্ধের শেষলগ্নে পরাজয় আসন্ন জেনে তৎকালীন পশ্চিম পাকিস্তানি পরাশক্তির ইন্ধনে আলবদর বাহিনী গঠিত হয় এবং তালিকা প্রস্তুত করে প্রথমে হুমকি এবং পরে গুম, নির্যাতন ও হত্যা করা হয়। আমার বাবার নাম যে রাও ফরমান আলীর বুদ্ধিজীবী হত্যা তালিকায় ছিল, তা কোনো কাকতালীয় ব্যাপার নয়। ১৯৪৭-এ দেশ বিভাগের পর থেকেই বিভিন্ন কারণে বাবা তৎকালীন পূর্ব পাকিস্তান কর্তৃপক্ষের (পশ্চিম পাকিস্তান-নিয়ন্ত্রিত) রোষানলে পড়েছেন, সতর্কবাণী শুনেছেন। তারই ধারাবাহিকতায় হিটলিস্টে তাঁর নাম এসেছে এবং তাঁকে হত্যা করা হয়েছে। কেন? কারণ তাঁর মতো মানুষেরা বাঙালি জাতির অগ্রগতির জন্য অপরিহার্য ছিলেন এবং তাঁদের চিরতরে বিদায় করতে পারলে নতুন দেশটির (বাংলাদেশ) অগ্রগতি ধীরতর হবে।

সপরিবারে মুনীর চৌধুরী
সপরিবারে মুনীর চৌধুরী


আমার বাবা কেন কর্তৃপক্ষের রোষানলে পড়েছিলেন, তার কিছু দৃষ্টান্ত তুলে ধরা প্রয়োজন মনে করি। ১৯৪৭-এর ডিসেম্বরে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যে সভা অনুষ্ঠিত হয়, সেখানের একজন বক্তা আমার বাবা। তিনি তখন সবেমাত্র এমএ পাস করেছেন। ১৯৫০ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সে সময়ের দাঙ্গার বিরুদ্ধে যেমন তিনি কলম তুলে নিয়েছিলেন, তেমনি বায়ান্নর একুশে ফেব্রুয়ারির পরপর আরও অনেক শিক্ষকের মতো তিনিও সভায় বক্তৃতা করে প্রতিবাদ জানিয়েছিলেন। সে জন্যই ২৬ ফেব্রুয়ারি তিনি জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং দুই বছর কারাবরণ করেন। কারাগারে বসেই রচনা করেন ভাষা আন্দোলনের কালজয়ী নাটক কবর। একই বছর অর্থাৎ ১৯৫৪ সালে আবারও কয়েক মাস তাঁকে জেলে আটক রাখা হয়। দুবারই তিনি মুক্তি পেয়েছিলেন প্রত্যক্ষ রাজনীতি করবেন না, সরকারবিরোধী কথা বলবেন না, এই প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু রাজনীতি-সচেতন বিবেকবান মুনীর চৌধুরী আমৃত্যু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বক্তৃতা, বিবৃতি, নাটক ও প্রবন্ধের মাধ্যমে একদিকে শোষণ ও নিপীড়নের প্রতিবাদ করে গেছেন, অন্যদিকে বাংলা ভাষার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃত্তি নিয়ে ভাষাতত্ত্বের ওপর পড়ে ফেরত এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে বাংলা ধ্বনিতত্ত্ব, বাংলা ব্যাকরণ, বাংলা টাইপরাইটার (যা পরে বাংলা কম্পিউটার কি-বোর্ডের অনুপ্রেরণা) নিয়ে কাজ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা, বাংলায় সমকালীন ও কালোত্তীর্ণ গল্প-নাটক-প্রহসন লেখা, অনুবাদ সাহিত্যের মাধ্যমে বিশ্বসাহিত্য/নাটককে বাঙালিদের কাছে পরিচয় করিয়ে দেওয়া, নবপ্রতিষ্ঠিত রেডিও-টিভিতে বাংলা নাটক চালু করা—১৯৭১ পর্যন্ত তাঁর এই বিভিন্নমুখী অবদান দেশের জন্য। এত কিছু করেছেন বাঙালিবিদ্বেষী এক বৈরী, পরাধীন সময়ে। এর মধ্যে সরাসরি প্রতিবাদও করে গেছেন ১৯৫৮ সালের পূর্ববঙ্গ ভাষা কমিটির অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক রিপোর্টের রেডিও-টিভির সম্প্রচার নীতিমালার। পাকিস্তান কর্তৃপক্ষ কখনো তাঁকে ভয় দেখিয়েছে, কখনো কারাগারে নিক্ষেপ করেছে, কখনো রাষ্ট্রীয় সফরসঙ্গী ও খেতাবের প্রলোভন দেখিয়েছে। কিন্তু এর সবই যে বিফল হয়েছিল তার বড় প্রমাণ রাও ফরমান আলীর হিটলিস্টে আমার বাবার নাম; পরবর্তী সময়ে বাবাকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে তাঁর মৃতদেহ নিশ্চিহ্ন করে ফেলা।
কাজেই আজকের ১৪ ডিসেম্বর ও ভবিষ্যতের এই দিবসে আমাদের বারবার আমার বাবা শহীদ মুনীর চৌধুরীসহ শহীদ বুদ্ধিজীবীদের একটু বিশেষভাবেই স্মরণ করা উচিত।
আসিফ মুনীর: শহীদ মুনীর চৌধুরীর ছেলে