লেখা ও ছবিতে ভাষা আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াজ হায়দার পেশায় সাংবাদিক। পাশাপাশি তিনি চর্চা করেন সৃজনশীলতার। মহান একুশে উপলক্ষে বলাকা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর ‘ভাষার লড়াই’ বইটি। এ বইতে লেখা ও ছবিতে উঠে এসেছে ভাষা আন্দোলনের জানা-অজানা অনেক কাহিনি। বইটি নিয়ে লিখেছেন আল রাহমানমহান একুশে ফেব্রুয়ারির ইতিহাস, ছবি, ঘটনা পরম্পরা, প্রথম কবিতা, প্রথম শহীদ মিনার, ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ইত্যাদি বিষয়-আশয় নিয়ে অনেক বই বেরিয়েছে। নিঃসন্দেহে বলা যায়, এ ধরনের বই প্রতিবছরই বের হতে থাকবে। এ ধারায় নতুন একটি সংযোজন রিয়াজ হায়দারের ভাষার লড়াই। সুন্দর অঙ্গসজ্জা, ঝরঝরে লেখা, তথ্য-উপাত্তের বিন্যস্ততা, প্রাসঙ্গিক ছবির ব্যবহার এবং অফসেট কাগজে সুন্দর ছাপায় সমৃদ্ধ বইটি দেখামাত্র পাঠককে হাতছানি দেবে। এ বইয়ের বাড়তি আকর্ষণ সমাজবিজ্ঞানী অনুপম সেনের মূল্যবান ভূমিকাটি। এতে তিনি লিখেছেন, ‘ভাষার লড়াই তাঁর (লেখক) দীর্ঘকালীন গবেষণার ফল। বর্তমান প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের ইতিহাস, যে ইতিহাস ভাষার লড়াই থেকে শুরু, তা জানে না। রিয়াজের এ গ্রন্থ নতুন প্রজন্মকে সে-ইতিহাসে উদ্বুদ্ধ করতে সহায়ক হিসেবে বড় ভূমিকা রাখবে।’ ঠিক ৫২টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি। ‘ফাগুনের আগুন-ঝরা ফেব্রুয়ারি’ দিয়ে সূচনা এবং ‘আলোকচিত্রে ভাষাসংগ্রামের রূপ-রং’ দিয়ে শেষ। এর ভেতরে উঠে এসেছে ভাষা আন্দোলনের খণ্ড খণ্ড ঘটনাবলি। পড়ে পাঠকের মনে হবে লেখক এ ক্ষেত্রে সচেতন ছিলেন। তবে প্রাগ্রসর পাঠকের কিছুটা খাপছাড়াও লাগতে পারে। লেখক বইয়ে ব্যবহূত তথ্য-উপাত্তের ৫১টি তথ্যসূত্র উল্লেখ করেছেন বইয়ের শেষপ্রান্তে, এতে তাঁর স্বচ্ছতা নিয়ে সন্দেহের অবকাশ দূর হয়।চমৎকার এ বইটি আরও ভালো হতো যদি মুদ্রণ প্রমাদগুলো পুরোপুরি দূর করা যেত। এ ক্ষেত্রে ৫২ পৃষ্ঠায় আমাদের চোখ আটকে যায়, যেখানে ‘ভাষা প্রসঙ্গে ড. মুহাম্মদ শহীদুল্লাহ যা বলেন—’ অধ্যায়ের শিরোনাম থেকে শুরু করে সব জায়গায় লেখা হয়েছে ‘মুহাম্মদ’। অথচ তাঁর নামের সঠিক বানানটি হবে ‘মুহম্মদ’। ১৯ পৃষ্ঠায় ছবির পরিচিতিতে আবার লেখা হয়েছে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ’ কিন্তু নিচ থেকে পঞ্চম লাইনে লেখা হয়েছে ‘মুহাম্মদ’। এ প্রসঙ্গে আরও কিছু শব্দের উদাহরণ দেওয়া যায়—কেন্টিন, ঘটনাবলী ইত্যাদি। বইয়ের ব্যাপারে আধুনিক-প্রমিত বানানরীতি জরুরি। পরবর্তী সংস্করণে এ ব্যাপারে অধিকতর মনোযোগী হওয়া উচিত।আরও একটি দৃষ্টিকটু ব্যাপার আছে। এখানে লেখকের বেশকিছু প্রচারমুখি আয়োজনও দৃষ্টি কাড়ে। ভূমিকা থেকে ফ্ল্যাপ তো আছেই, পাশাপাশি ৭২ পৃষ্ঠাটিতে যেসব পেপারকাটিং ছাপা হলো তার মধ্যে সব কিন্তু ভাষার লড়াইয়ের নয়! ভাষা আন্দোলনের মতো স্পর্শকাতর একটি বইয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ছবিও ছাপা হয়েছে (৬৩ পৃষ্ঠা)।৭৯ পৃষ্ঠার এ বইয়ের সুন্দর প্রচ্ছদ করেছেন মাহতাব শফি। বইটি বলাকা প্রকাশন ছাড়াও অভিজাত বইয়ের দোকানে পাওয়া যাবে। দাম ১৫০ টাকা।