‘সেই ছোটবেলা থেকেই যুদ্ধবিগ্রহ দেখে দেখে অভ্যস্ত, তবুও লক্ষ্য ছিল জীবনে অনেক বড় হওয়ার। তাই দেশ, মা-বাবা ছেড়ে এত দূরে পাড়ি জমানো।’ ভাঙা ভাঙা বাংলায় প্রায় এক নিঃশ্বাসে বলে গেলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফিলিস্তিনি নাগরিক সেলিম সোসাইন কামির।সেলিমের মতো এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন তিন সোমালিয়ান—হাসান ওসমান কাফি, আবদুল কাদের ও হাসান সাইয়েদ মুসা। নেপালের দুই নাগরিক মিথিলাশ কুমার জা এবং একমাত্র বিদেশি ছাত্রী শীতল নিরওলা।নিজের পরিচিত পরিবেশ, নিজের দেশ, আপনজনকে ছেড়ে এই দেশে পড়তে আসার প্রসঙ্গ জানতে চাইলে মিথিলাশ বলেন, ‘অনেক দেশের ইউনিভার্সিটিতে বৃত্তির জন্য আবেদন করেছিলাম, পরে এখানে ভালো সুযোগ পেয়ে গেলাম, তাই চলে এলাম।’ শীতল বলেন, ‘প্রথমে আমার চিন্তা ছিল ডাক্তারি পড়ব, মা-বাবাও চাচ্ছিলেন তা-ই। কিন্তু আমাদের নেপালে ডাক্তারি পড়া অনেক ব্যয়বহুল। কিছু বন্ধুর সঙ্গে বাংলাদেশে আসি। পরে ডাক্তারি পড়া আর হয়নি। আমার এক পরিচিত আত্মীয়ের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে ভর্তি হয়েছি।’ সোমালিয়ান তিনজনই গাজীপুরের আইইউটি থেকে ডিপ্লোমা শেষ করে এখানে বিএসসিতে ভর্তি হয়েছেন। সেলিম বলেন, ‘আমার ইচ্ছাটাকে অনুপ্রাণিত করেছেন আমার চাচা, যিনি ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন। মূলত তিনিই আমাকে বাংলাদেশে পড়তে আসার ব্যাপারে সহযোগিতা করেছেন।’বাংলাদেশ ও নিজের দেশ সম্পর্কে তাঁরা বলেন, ‘নিজের দেশকে ভালোবাসি, তবে এখানে পড়তে এসে বাংলাদেশকেও অনেক ভালোবেসে ফেলেছি।’ শীতল বলেন, ‘প্রথমে অনেক সমস্যা হচ্ছিল ভাষাগত কারণে। পরে সহপাঠীদের সহযোগিতায় ও নিজের চেষ্টায় অনেক ভালোভাবে বাংলা ভাষা রপ্ত করে ফেলেছি এবং এখন বলতেও ভালো লাগে।’ তাঁকে থামিয়ে দিয়ে মিথিলাশ বলেন, ‘বাংলা ভাষাকে এতটা ভালোবেসেছি যে এখন আমার মোবাইল ফোনের ওয়েলকাম টিউন বাংলাদেশি গান।’ কিন্তু সেলিম, হাসান, কাদের ও মুসা বলেন, ‘যেহেতু আমরা চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক হলে থাকি, তাই তেমন সুযোগ পাই না বাংলা ভাষা চর্চা করার, তবে অনেকটা শিখে ফেলেছি।’বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে অনেকটা নিজেদের মেলে ধরতে পেরেছেন সবাই। শীতল যেমন বাংলা গান গাইতে পছন্দ করেন, বাংলায় উপস্থাপনা করতে পছন্দ করেন, আবার দলবেঁধে আড্ডায় মেতে ওঠেন মাঝেমধ্যে। সেলিম ও হাসান বলেন, ‘তেমন সময় হয়ে ওঠে না অনুষ্ঠানে অংশ নিতে, তবে পয়লা বৈশাখে আমরা দলবেঁধে মজা করেছি।’ শীতল বলেন, ‘আমার বাংলা সিনেমা অনেক ভালো লাগে, সবার সঙ্গে সিনেমা হলে গিয়ে মনপুরা দেখেছিলাম।’ বাংলাদেশি খাবার, ফলমূলের অনেকটা ভক্ত হয়ে পড়েছেন সোমালিয়া থেকে আসা তিনজনই। আম তাঁদের বেশ প্রিয়।আর মিথিলাশ ও শীতল জানান, বাংলাদেশ ও নেপালের মধ্যে তেমনটা পার্থক্য নেই। তাই খাবার নিয়ে তত অসুবিধায় পড়তে হয় না। প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন আর হয় না। চলার পথে রিকশাকেই ভালো যানবাহন হিসেবে মানেন শীতল। তিনি জানান, সন্ধ্যার সময় রিকশায় ঘুরতে অনেক মজা লাগে।তবে ঢাকার রাজপথের যানজটকে প্রচণ্ড সমস্যা হিসেবে অভিহিত করেন তাঁরা সবাই। প্রথমে অনেক সমস্যা হতো বলে তাঁরা জানান। কেনাকাটা করতে গেলে বেশি দাম রাখত, ভাঙতি টাকা নিয়ে সমস্যা হতো। শীতল বলেন, ‘শুরুর দিকে পোশাক নিয়ে অনেক সমস্যায় পড়তাম। এখন তেমন সমস্যা হয় না।’ তবে পড়াশোনার ব্যাপারে একবাক্যে সবাই সহপাঠী ও শিক্ষকের সহযোগিতার কথা স্বীকার করলেন। হাসান বলেন, ‘ভাষাগত সমস্যা থাকলেও সহপাঠীরা এবং শিক্ষকেরা অনেক সহযোগিতা করেন, যা বলে শেষ করা যাবে না।’লেখাপড়া শেষ করে কী করবেন, জানতে চাইলে সেলিম, কাদের, হাসান ও মুসা প্রায় একই সুরে বললেন, ‘আমরা আমাদের দেশের জন্য কিছু করতে চাই, তাই লেখাপড়া শেষ করে দেশে ফিরব।’ এর সঙ্গে আরেকটু যোগ করে শীতল বললেন, ‘আমেরিকা বা লন্ডনে যেতে চাই উচ্চতর ডিগ্রি নিতে। তারপর যেখানে সুযোগ পাব চলে যাব।’নিজের সবকিছু ছেড়ে, দেশ ছেড়ে এখানে এসেছেন কেন জিজ্ঞেস করলে শীতল বলেন, ‘আমি খুবই আবেগপ্রবণ, তাই ছুটি পেলেই দেশে চলে যাই। আর মুঠোফোনে তো যোগাযোগ আছেই।’ মিথিলাশ বলেন, ‘প্রথমে অনেক খারাপ লাগত। এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে সবার সঙ্গেই যোগাযোগ হয়।’ সেলিম আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘সবার কথাই মনে পড়ে। অনেক টেনশন করি, কখন যেন কোনো দুর্ঘটনার কথা শুনতে হয়।’ হাসান ও কাদের বলেন, ‘দেশের জন্য খারাপ লাগবেই, তবুও নিজেদের বোঝাই, আমি এত কষ্ট করে পড়াশোনা করছি সে তো আমার দেশের জন্য। আমার পরিবারের জন্য। এই ভেবেই সান্ত্বনা পাই।’তবে এই ভিনদেশি শিক্ষার্থীরাও বিশ্বাস করেন, যে দেশের মানুষ এতটা অতিথিপরায়ণ, সেই দেশ অচিরেই উন্নত দেশে পরিণত হবে। তাঁরা গর্ব করে তখন নাকি বলবেন, ‘আমি বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি।’