লেখার ইশকুলের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯ জুন লেখার ইশকুল-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনিসুল হকের সঙ্গে বন্ধুরা
১৯ জুন লেখার ইশকুল-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনিসুল হকের সঙ্গে বন্ধুরা

গত রোববার বিকেলে বাইরে তখন রিমঝিম বৃষ্টি ঝরছিল। মাটির সোঁদা গন্ধের সঙ্গে কদমের ঘ্রাণ যুক্ত হয়ে বাতাসকে মাতিয়ে তুলেছে। আর এদিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সিএ ভবনে প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে দফায় দফায় হাততালি শোনা যাচ্ছে।
ভেতরে ঢুকেই দেখা গেল প্রথম আলো বন্ধুসভার লেখা পাঠের আসরের লিটল ম্যাগ লেখার ইশকুল-এর মোড়ক উন্মোচন হচ্ছে। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ কর্তৃক প্রকাশিত এই লিটল ম্যাগের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা লেখক আনিসুল হক, জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, নির্বাহী সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, তরুণ লেখক সবুজ ওয়াহিদ।
লেখক আনিসুল হক বলেন, ‘লেখার ইশকুল যেভাবে সারা দেশের বন্ধুদের লেখালেখিতে উৎসাহ জুগিয়েছে তাতে দেশে অনেক তরুণ লেখক তৈরি করতে সহায়ক হবে।’
লেখার ইশকুল-এর উপদেষ্টা সম্পাদক সাইদুজ্জামান রওশন তরুণ প্রজন্মের লেখকদের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতি শনিবার বিকেল চারটায় বন্ধুসভাকক্ষে লেখার ইশকুল-এর আসর বসে। যাঁরা লেখালেখি করতে ভালোবাসেন, তাঁদের সবার জন্য এর দরজা খোলা।’
মোড়ক উন্মোচন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের, হাসান মাহমুদ, অনিক সাহা, রশীদুল হাসান, জাতীয় পর্ষদের সাবেক সদস্য আশফাকুজ্জামান, ঢাকা মহানগর বন্ধুসভার তানভীন নাহার, পল্লবী বন্ধুসভার মনোয়ারা মম প্রমুখ।
ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার অর্ধশতাধিক বন্ধু এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার অমিত হাসান, রবিউল ইসলাম, জাতীয় পর্ষদের অনিক সাহা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফরহাদ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুক।
লেখার ইশকুল সম্পাদনা করেছেন মাসুম বিল্লাহ। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি।