লেজওয়ালা
রফিক ভাই নিজেকে একজন ‘জনদরদি বিজ্ঞানী’ হিসেবে পরিচয় দেন। কোনোমতে এইচএসসি পাস করে তিনি বাবার হোটেলের অন্ন ধ্বংস করছেন আর ব্যতিক্রমী কিছু আবিষ্কারের চেষ্টা করছেন।সেদিন তাঁর বাসায় যেতেই তিনি আমার ওপর কী যেন স্প্রে করলেন। ‘কী স্প্রে করলেন?’ জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘এই জিনিসটা যুগান্তকারী এক আবিষ্কার, মেয়েদের স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে থেকে যে ফাজিলগুলো বখাটেপনা করে, ওদের ওপর এই জিনিসটা স্প্রে করতে হবে, তাহলে জিনিসটা নিঃশ্বাসের সঙ্গে ওদের মস্তিষ্কে প্রবেশ করবে, এরপর ওরা যখন কোনো মেয়েকে দেখে উত্তেজিত হয়ে শিস বাজাবে বা বাজে কথা বলবে, সঙ্গে সঙ্গে জিনিসটা ওদের শরীরে একটা পরিবর্তন এনে দেবে।’আমি বললাম, ‘আমার ওপর স্প্রে করলেন কেন? আমি কি বখাটে?’তিনি বললেন, ‘এখনো বখাটে হয়ে যাসনি। কিন্তু কখনো যদি হয়ে যাস, তাই তোকে একটা হালকা ডোজ দিলাম।’ এরপর রফিক ভাই আমার ওপর দায়িত্ব দিলেন জিনিসটা বখাটেদের ওপর স্প্রে করার, আমি প্রথমে রাজি না হলেও ‘সামাজিক দায়বদ্ধতার’ কথা বিবেচনা করে শেষ পর্যন্ত রাজি হলাম!আমাদের এলাকার গার্লস স্কুলে গেলাম। গিয়ে দেখি, স্কুলের সামনে তিন-চারজন ‘রোমিও’ দাঁড়িয়ে আছে, আমি ভয়ে ভয়ে ওদের কাছে গিয়ে বললাম, ‘আমার কাছে একটা পারফিউম আছে, এটা যদি আপনাদের ওপর স্প্রে করি তবে আপনাদের শরীর থেকে এমন সুগন্ধ বের হবে যে মেয়েরা আপনাদের সঙ্গে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে (এ মিথ্যাটা বলা ছাড়া উপায় ছিল না)!’আমার কথা শুনে তারা আমাকে জিনিসটা তাদের ওপর স্প্রে করতে বলল। আমি স্প্রে করে দিলাম, এরপর আর ওখানে দাঁড়াইনি।সন্ধ্যায় রফিক ভাই কল দিলেন, ‘মুনিফ, বাসায় আয় তো।’তাঁর বাসায় গিয়ে দেখি অবাক কাণ্ড। রফিক ভাইয়ের পা ধরে কান্নাকাটি করছে ওই ‘রোমিওগুলো’। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, ওদের প্রত্যেকের পশ্চাৎদেশে একটি করে লেজ গজিয়েছে! বখাটেগুলো আমার দিকে ফিরেও তাকাল না।লেজটাই তাহলে রফিক ভাইয়ের কথিত শারীরিক পরিবর্তন! এলাকার প্রায় সবাই জানে, ব্যতিক্রমী আবিষ্কার রফিক ভাইয়ের দ্বারাই সম্ভব। ব্যতিক্রমী সমাধানও রফিক ভাই-ই করতে পারবেন। তাই বখাটেগুলো বুঝেছে যে রফিক ভাই-ই তাদের বাঁচাতে পারবে (ভাগ্যিস! আমার বাসা কোথায়, তা বখাটেগুলো জানে না)।রফিক ভাই ওদের সান্ত্বনা দিলেন, ‘আগামী এক মাস তোমাদের ট্রেনিং সেশন। এই সময়ে তোমরা যদি বখাটেপনা ছেড়ে ভালো হয়ে যাও, তবে আমি তোমাদের লেজ তুলে (?) ফেলার ব্যবস্থা করব। কিন্তু আবার যদি বখাটেপনা করো...।’বখাটেগুলো কাঁদো কাঁদো হয়ে বলল, ‘আপনি যা বলবেন তা-ই করব। কিন্তু এক মাস আমরা কীভাবে থাকব?’রফিক ভাই রাগত স্বরে বললেন, ‘বাসায় লুকিয়ে থাকবে।’ এর পরও ওরা হাউমাউ করে কী যেন বলতে চাইছিল, কিন্তু রফিক ভাইয়ের এক ধমকে ওরা দ্রুত পালিয়ে গেল।এ ঘটনার দুই মাস পর, আমাদের এলাকায় এখন আর বখাটে নেই। বখাটেগুলো খুব ভালো ছেলে হয়ে গেছে, ‘রফিক ভাই দ্য গ্রেট’-এর বাসায় গেলাম, তাঁকে বললাম, ‘রফিক ভাই, বাংলাদেশের অন্যান্য এলাকার বখাটেগুলোকে শিক্ষা দেবেন না?’রফিক ভাই বললেন, ‘বখাটেরা যে আচরণ করে, তাতে তাদের আর পশুদের পার্থক্য শুধু একটাই, লেজ—পশুদের লেজ আছে, বখাটেদের নেই! আমি শুধু বখাটেদের একটা শিক্ষা দিয়ে মানুষ বানানোর চেষ্টা করেছি। এখন কেউ যদি মানুষ হিসেবে জন্ম নিয়েও পশু হয়ে থাকতে চায়, তবে পশুর মতো কষ্টের জীবন তাকেই কাটাতে হবে।’মুনিফ মুহ্তাসীম, ঢাকা।