লেজে ভর দিয়ে তিমির ঝিমুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণিজগতে কমবেশি প্রায় সবাই শুয়ে নয়তো বসে ঘুমায়। ঘোড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায়। ঘুমন্ত তিমিরাও লেজের ওপর ভর দিয়ে ‘দাঁড়িয়ে’ থাকে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে এক ডুবুরি এমনটাই দেখেছেন। তিনি ছবি তুলতে গিয়ে সাগরতলে দেখতে পান, একদল তিমি (স্পার্ম হোয়েল) লেজ নিচের দিকে শিথিল করে দিয়ে ঝিমুচ্ছিল।

ডুবুরি আলোকচিত্রীর নাম ফ্র্যাঙ্কো বানফি। তিনি গত ২৮ জানুয়ারি কোনো যন্ত্রপাতি ছাড়াই সাগরে নেমে পড়েছিলেন। জায়গাটা ডোমিনিকা উপকূলের কাছে মার্টিনিক এবং গুয়াদালুপের মাঝামাঝি। সেখানে পানির প্রায় ৬৫ ফুট নিচে ছয়টি তিমি সোজাসুজি স্থির অবস্থায় মাথা ওপরে ও লেজ নিচের দিকে ছিল।

গবেষকেরা স্পার্ম হোয়েলের এই ঝিমুনির স্বভাব প্রথম দেখতে পান ২০০৮ সালে। পরের বছরের জানুয়ারিতে এ বিষয়ে তাঁরা কারেন্ট বায়োলজি সাময়িকীতে একটি গবেষণা নিবন্ধ লেখেন। গবেষণায় তাঁরা দেখতে পান, তিমি প্রজাতিটি লেজ নিচের দিকে দিয়ে একটানা ১০ থেকে ১৫ মিনিট ঝিমুনি দশায় থাকে। এ সময় তারা নড়াচড়া এবং শ্বাসপ্রশ্বাস পুরোপুরি বন্ধ রাখে।

বানফি সাগরতলের ছবি তোলার কৃতিত্ব দেখিয়ে বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ১৯৮০–এর দশকের শুরুর দিকে তিনি এই কাজ শুরু করেন। বললেন, তিমির মতো সুবিশাল প্রাণীর ছবি তুলতে হলে দিনের আলোর উপস্থিতি জরুরি।

দেঁতো তিমি এবং ডলফিনের ঘুমের ধরন স্পার্ম হোয়েলের চেয়ে একেবারেই আলাদা। একবার চিলির উপকূলের কাছাকাছি সাগরে পানির উপরিতলের ঠিক নিচে ছয়টি তিমি ঝিমুচ্ছিল। ঘটনাচক্রে বিজ্ঞানীদের একটি নৌকা সেখানে ঢুকে পড়ে। প্রাণীগুলো তখন নিষ্ক্রিয় এবং কোনো সাড়া দিচ্ছিল না। নৌকাটি যখন একটি তিমির মাথার ওপরের ঢেউ নাড়িয়ে দিল, তখনই সব প্রাণী একযোগে সজাগ হয়ে সাঁতরে দূরে সরে যায়।