লেডিস ক্লাবের বৈশাখী মেলা
লেডিস ক্লাব আয়োজিত বৈশাখী মেলা শেষ হয়েছে কাল। ২৬ এপ্রিল নগরের লালখান বাজারের ক্লাব প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। মেলায় মেয়েদের থ্রিপিস, ফতুয়া, শাড়ি, ছেলে ও শিশুদের পোশাক ছাড়াও নানা রকম পিঠা, আচার, খাবার, শোপিস, বই, গয়নার দোকান ছিল। নিজেদের তৈরি পণ্য নিয়ে এসেছিল মিয়াবিবি, ড্রিম ফ্যাশন, সিফাত বুটিকস, সাউথ বুটিকস, এটপ বুটিকস, স্মারক ফ্যাশন অ্যান্ড বুটিকস ও নহলি ফ্যাশন অ্যান্ড ক্রাফটস। রাঙামাটির তবলছড়ি থেকে মেলায় অংশ নিয়েছেন রিহা টেক্সটাইল। আদিবাসী নারীদের হাতে বোনা ওড়না ৬০০ টাকা, পাটির তৈরি ব্যাগ ২৫০ টাকা ও পাঞ্জাবি ৩৫০ টাকায় বিক্রি হয়েছে। মনোয়ারা বেগম বলেন, ‘নিজেদের পণ্য এত দূর থেকে নিয়ে এসেছি। বিক্রির চেয়ে প্রচার করা আমাদের উদ্দেশ্য।’ অ্যাপ্লিক, ধুপিয়ান, কোটা, সুতি ও ব্লকের শাড়ি ও থ্রিপিস নিয়ে এসেছিলেন জিনিয়া বুটিকস হাউস। স্বত্বাধিকারী জাকিয়া বেগম জানান, ‘১০-১৫ বছর ধরে এখানে মেলা হচ্ছে। আমরা এবারই প্রথম অংশ নিয়েছি।’প্রায় সব দোকানে পোশাকের পাশাপাশি কাঠের, মাটির গহনা, চুড়ি বিক্রি হয়েছে। কাঠের চুড়ি ৪০ টাকা, সেট ৫০ টাকায় বিক্রি করেছিল রিহা টেক্সটাইল। গহনার পাশাপাশি শোপিস, বাচ্চাদের খেলনা, কাঠের মগ, মুখোশ, বেতের ঝুড়ি ছিল রুক্সি বিউটি পার্লার ও বুটিকসে। কাঠের মগ ৫০-৫৫০ টাকা, বাঁশের মুখোশ ৭৫০ টাকা, সুতার চুড়ির সেটের দাম ছিল ১৫০ টাকা। স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘কাঠের ও বাঁশের শোপিস বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছি।’ মেলায় বই নিয়ে মনীষা বুকস, বালিশ, কুশন, নকশিকাঁথা নিয়ে এসেছিল ফেদারটাচ। বিভিন্ন রঙের ও কাজের নকশিকাঁথা দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতিবন্ধীদের আঁকা ছবি নিয়ে এসেছিল নার্চার। শীতের পাতাহীন গাছ, দুজন নৃত্যরত নারী, ফুল, রাতের সমুদ্রের বাঁধাই ছবি দেড় হাজার টাকা ও বাঁধাই ছাড়া ছবি ৬০০ টাকায় বিক্রি হয়েছে। ঘরে তৈরি খাবার নিয়ে পাঁচ বোনের স্টল পিঠাঘর। পুডিং, সাজপিঠা, খাজুরি, প্লেন কেক, পুলিপিঠা সামনে নিয়ে বসেছিলেন ইসরাত জাহান। তিনি বলেন, ‘প্রথম দিনেই কয়েক হাজার টাকার পিঠা বিক্রি হয়েছে। দিনের খাবার দিনেই বিক্রি হয়ে যাচ্ছে।’ মাশরুমের আচার, জেলি, উপটান, কফি মিক্স, হালিম মিক্স, স্যুপ, ড্রিংক পাউডার নিয়ে এসেছেন ম্যাক্সওয়েল অ্যাগ্রো কমপ্লেক্স। এর স্বত্বাধিকারী শাহেদুল ইসলাম জানান, ‘মাশরুমের তৈরি খাবার অন্য খাবারের মতো নয়। ব্যতিক্রম খাবার বলে বিক্রি ভালো হচ্ছে।’মেলার অন্যতম আকর্ষণ ছিল শাবানাসে চিকেন অ্যান্ড মেহেদি স্টল। এখানে দক্ষিণ ভারতীয় খাবার যেমন দোসা, ইডলি, দইবড়া, দইফুচকা বিক্রি করছিলেন শাবানা। বিদেশি খাবারের সঙ্গে ছিল চিকেন বিরিয়ানি। খাবারের পাশেই মেয়েদের হাতে মেহেদি লাগাচ্ছিলেন বড় বোন সামিনা লোকমান। তিনি বলেন, ‘মাত্র ২৫-১০০ টাকায় নানা ডিজাইনের মেহেদি মেয়েরা আঁকিয়ে নিচ্ছেন। তাঁরাও মজা পাচ্ছেন, আমাদেরও ভালো লাগছে।’ ৫ নম্বর স্টল থেকে খিচুড়ি খাচ্ছিলেন নাইসা নওয়ার। জানালেন ‘বন্ধুদের নিয়ে মেলা দেখতে এসেছি, খাচ্ছি, খুব ভালো লাগছে।’