লেডিস ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব
সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেছেন, চট্টগ্রাম লেডিস ক্লাবের সদস্যরা চিত্তবিনোদনের ফাঁকে আর্থসামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁরা ৫০ বছর ধরে যে সৃজনশীল ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত থেকে দেশ ও জাতিকে সমৃদ্ধ করছেন তা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি নারী জাগরণে তথা দেশের উন্নয়নে নারীসমাজকে যোগ্য ও সাহসী ভূমিকা রাখার ওপর জোর দেন। তিনি ৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম লেডিস ক্লাবের দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফাহমিদা আমিন, ক্লাবের সভানেত্রী জিনাত আজম, সম্পাদিকা খালেদা আউয়াল, উপদেষ্টা সাবেরা হোসেন, সেরিনা তাহের, শামসুন নাহার রহমান, সাবিহা মুসা, রুনু সিদ্দিকী, আসমা ইসলাম চৌধুরী, পারভিন চৌধুরী, সৈয়দা শামীম কাদের, পারভিন জালাল, আশরাফুন্নেসা, মিনু আলম, বোরহানা কবির, সুলতানা নুরজাহান, গুলনাহার শহীদ প্রমুখ। ফাহমিদা আমিন ক্লাবের গৌরবময় অর্জনকে আরও সমৃদ্ধ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রয়াস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।