লেবুর রসের দিন

আজ ২৯ আগস্ট, লেবুর রস দিবস। লেবুর উপকারিতা মাথায় রেখে প্রতিবছর এই দিনে পালিত হয় দিবসটি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদ্দুরে হাঁটাহাঁটি হয়ে গেছে বেশি। শরীরটা কেমন লাগছে। এক গ্লাস লেবুর শরবত পান করে নিন। ব্যস, বেশ একটা সতেজ অনুভূতি চলে আসবে মুহূর্তে। ভারী খাবার খাচ্ছেন, এক টুকরা লেবু হাতের তালুতে ফেলে চটকে রস মাখিয়ে নিচ্ছেন না, এ রকম সাধারণত হয় না।

লেবুর রস ভিটামিন সি-এর উৎকৃষ্ট উৎস। পেটফাঁপা কমানো, যকৃতে চর্বি ও ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো, প্রস্রাব ও মল পরিষ্কার রাখাসহ কত রকম অব্যর্থ উপকার যে রয়েছে, তা নিশ্চয়ই ঘটা করে বলার অপেক্ষা রাখে না। হালকা গরম পানিতে মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা তো সর্বজনবিদিত।

আজ ২৯ আগস্ট, লেবুর রস দিবস। লেবুর উপকারিতা মাথায় রেখে প্রতিবছর এই দিনে পালিত হয় দিবসটি। ১৪৯৩ সালে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর সঙ্গে টকজাতীয় এই ফলের পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠতে থাকে। তবে দিবসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু কীভাবে, তা ঠিক করে বলা যায় না।

দিবসটি নানা দেশে নানাভাবে পালিত হয়৷ ফ্রান্সে তো রীতিমতো ‘দ্য ফ্রেঞ্চ রিভেরাস অ্যানুয়াল লেমন ফেস্টিভ্যাল’ নামে বার্ষিক উৎসবই হয়ে থাকে৷ যুক্তরাষ্ট্রেও পালিত হয় জাতীয়ভাবে। আমরাও কিন্তু পারিবারিক পরিসরে উদ্‌যাপন করতে পারি দিনটি।

ডে’জ অব দ্য ইয়ার অবলম্বনে কবীর হোসাইন