২০ এপ্রিল ২০১১। সকাল সাড়ে নয়টায় অ্যাপয়েন্টমেন্ট করা ছিল পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং সলিডারিটি নেতা লেস ওয়ালেসার সঙ্গে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ওমর ফারুক। সেই মোতাবেক পোল্যান্ডের বন্দরনগর গদানস্কে তিনি উড়েও এসেছেন আগের দিন। সকাল সাড়ে নয়টার দুই মিনিট আগে আমরা এসে পড়ি গদানস্কের পুরোনো শহর এলাকায় এবং ঠিক একই সময় আমাদের সামনে দিয়েই দুজন প্রহরীকে নিয়ে যিনি লিফটে উঠলেন, এই লোকটার চেহারা অনেক পরিচিত বলে মনে হলো। লেস ওয়ালেসা নামের বিপ্লবী যে নেতার মুখচ্ছবি আমার মনে আঁকা—এ লোকটা তাঁর কাছাকাছি কিছু। লোকটার অনেক লম্বা একটা গোঁফ ছিল। গোঁফটা অনেক বিখ্যাত। জিলেট কোম্পানি এই গোঁফ কাটানোর জন্য ১০ লাখ ইউরো (১০ কোটি টাকার বেশি) উপহার ঘোষণা করেছিল। লেস ওয়ালেসা সে অনুরোধ রাখেননি। অবশ্য মাস দুই পর তিনি নিজেই সেই গোঁফ কেটে ফেলেছিলেন। গোঁফওয়ালা ছবিটি আমার চোখে ভাসছে। কিন্তু সেই গোঁফ কাটার পর নতুন গোঁফের চেহারাওয়ালা ছবিটা আমার দেখা হয়নি। লেস ওয়ালেসাকে দেখার জন্য আমার অনেক কৌতূহল ছিল। আমি কোনো দেশের কোনো প্রেসিডেন্টের সঙ্গে কখনো দেখা করিনি, কারও সঙ্গেই আমার হ্যান্ডশেক করার অভিজ্ঞতা নেই। লেস ওয়ালেসা শুধু প্রেসিডেন্টই নন, তিনি শান্তিতে নোবেল পুরস্কারও (১৯৮৩) পেয়েছেন। অতি সাধারণ একজন ডক শ্রমিক থেকে কী করে একটা লোক একটি শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন এক ধরনের রাষ্ট্রকাঠামো তৈরি করে এবং নির্মাণশ্রমিক থেকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে যান—এ বিষয়টি আমাকে বিস্মিত করে রেখেছিল অনেক দিন।আজ সেই মাহেন্দ্রক্ষণ, লোকটিকে কাছ থেকে দেখার এবং এক ঘণ্টা সময় তার সঙ্গে কথা বলার।১৯৯০ থেকে ১৯৯৫—এ পাঁচ বছর সময় তিনি প্রেসিডেন্ট ছিলেন পোল্যান্ডের। এখন ব্যস্ততা তাঁর সংগঠন নিয়ে, ফাউন্ডেশন নিয়ে, আর দেশ-বিদেশে রাজনৈতিক বিষয়ে বক্তৃতা দিয়ে। শুনেছি, বক্তৃতা দেওয়ার জন্য তিনি সর্বনিম্ন ২৫ হাজার ইউরো দক্ষিণাও নিয়ে থাকেন। এ অর্থ তাঁর ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হয়।আমরা কথা বলার জন্য তাঁর কামরায় প্রবেশ করতেই তিনি ব্যস্ত হয়ে পড়েন। সেক্রেটারিকে ডেকে একটা গ্রুপ ছবি তোলা হলো তাঁর নিজের আইপডে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিটি তিনি ব্লু টুথের সহায়তায় পাঠিয়ে দেন তাঁর টেবিলের ওপর রাখা ডেস্কটপ কম্পিউটারে। বাহ! ৬৮ বছর বয়সী ক্লাস এইট পড়ুয়া এক নির্মাণশ্রমিক যে এ রকম ডিজিটাল হবেন, আমাদের ধারণা থাকে না। আমরা কথা শুরু করি। তাঁর গল্প শুনি। ঠিক কী কারণে তাঁকে বিপ্লবী হতে হয়েছিল, কী কারণে তিনি সমাজতন্ত্রের বিরোধিতা করে গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য লড়েছেন এবং কীভাবে দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন—এসবই গল্পের বিষয়। পোল্যান্ডের কনসাল জেনারেল ওমর ফারুক এখানে আমাদের দোভাষী। আমরা বাংলায় প্রশ্ন করি, তিনি পোলিশ ভাষায় ওয়ালেসাকে বোঝান। একসময় দেখি, কথায় পেয়ে যায় লেস ওয়ালেসাকে। তিনি বলেন, আসলে ১০ বছর বয়সে প্রথম আমি দ্বিমত পোষণ করি আমার গির্জার পাদিরর সঙ্গে। পরে তিনি বলেছিলেন, আমি ঠিক। ছোটবেলায় দুই বছর বয়সে বাবা মারা যান। আমার মা আমার চাচাকে বিয়ে করেন, ঘরে খাবার নেই, স্কুল বাদ দিয়ে আমি ইলেকট্রিশিয়ানের চাকরি নিই। ডকে কাজ করি। কিন্তু যেকোনো অন্যায় দেখলেই আমি প্রতিবাদ জানাতাম। একসময় দেখি, অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে পরিচালকের ঘরে যখন আমার সহকর্মীরা আমাকে পাঠাল, পেছনে তাকিয়ে দেখি কেউ সঙ্গে নেই, আমি একা। একা একা শ্রমিকদের দাবি নিয়ে কথা বলতে বলতে দেখি, একসময় আমাকে নেতা বানানো হয়ে গেছে। বহুবার আমার চাকরি গেছে, আমি জেলে গেছি, কিন্তু থামিনি। এক প্রসঙ্গে আমরা চলে আসি বাংলাদেশের বিষয়ে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা অনুন্নতির একটা বড় কারণ। পাঁচ বছর পরপর দল পরিবর্তন করে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নতি করা সম্ভব নয়। দেশের উন্নতি করতে চাইলে শ্রমিক শ্রেণীর সঙ্গে বুর্জোয়াদের সমন্বয় ঘটাতে হবে। একসঙ্গে বসতে হবে। এটা সময়সাপেক্ষ একটা ব্যাপার। শুধু রাজনৈতিক দলের ক্ষমতা বদল করলেই এর সমাধান সম্ভব নয়।বাংলাদেশের কোনো আমন্ত্রণ পেলে তিনি বাংলাদেশে যেতে চান। তবে শর্ত আছে, বাংলাদেশের কোনো ট্রেড ইউনিয়নের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের দাবিদাওয়া শুনবেন। লেস ওয়ালেসা মনে করেন, মধ্যপ্রাচ্যে এখন যে সংকট তৈরি হয়েছে, তার পূর্বাভাস তিনি অনেক আগেই করেছিলেন।রাজনৈতিক কথাবার্তার একপর্যায়ে আমরা তাঁর ব্যক্তিগত জীবনাচার নিয়ে উৎসুক হয়ে পড়ি। জিজ্ঞেস করি, শেষ কবে ইলেকট্রিশিয়ানের কাজ করেছিলেন। রসিক ওয়ালেসা বলেন, এই তো পরশু দিনও ঘরেই ইলেকট্রিক লাইনের কাজ করলাম।প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেওয়ার পর গদানস্কের ডকইয়ার্ডে আবার গিয়েছিলেন ওয়ালেসা। জীবনধারণের জন্য চাকরি চেয়েছিলেন আবার। কিন্তু শ্রমিক হিসেবে নিয়োগ না দিয়ে তাঁকে বানানো হয়েছিল এদের পরিচালক হিসেবে। তাতে নাখোশ ছিল শ্রমিকেরা। কারণ তারা চেয়েছিল, তিনি আবার শ্রমিক হিসেবেই তাদের সঙ্গে থাকবেন। তিনি আছেনও।লেস ওয়ালেসা বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কারণ, ২০ বছর আগে আমি যা কল্পনাও করতে পারিনি, পোল্যান্ড এখন সে রকম একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এটা সম্ভব হয়েছে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের কারণে। সুতরাং, আমার চেয়ে সুখী আর কে হতে পারে?’পঞ্চ পর্যটক বাংলাদেশের ইউএনএইডের পাঠানো স্মারকলিপিটি লেস ওয়ালেসার কাছে হস্তান্তর করে। লেস ওয়ালেসা তাঁর লেখা একটা বই নিজের স্বাক্ষরসহ পঞ্চ পর্যটকদের উপহার দেন।