লোক থিয়েটারের পথনাটক ও সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোক থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজন করা হয় দুই দিনব্যাপী পথনাটক ও সাংস্কৃতিক উৎসবের। উৎসবে ছিল নাটক, গান, আবৃত্তি, নৃত্য, কথামালা ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী।
উৎসবের প্রথম দিন ১৪ জানুয়ারি লোক থিয়েটারের সভাপতি মনসুর মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রফিক আহমেদ। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অসীম দাশ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম।
শুরুতে শব্দনোঙর আবৃত্তি সংগঠন বৃন্দ আবৃত্তি ও গীতধ্বনি সংগীত অঙ্গনের শিল্পীরা কোরাস সংগীত পরিবেশন করে। এরপর নাচ নিয়ে মঞ্চে আসে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র। আসরে লোক থিয়েটার পথনাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল ও মূকাভিনয় পরিবেশন করে ‘নির্বাক কথন’। চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে শোনান কল্পনা লালা, ইকবাল হায়দার, চন্দ্রিমা ভৌমিক ও নাফিজা শামীম। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল ‘মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক চিত্র প্রদর্শনী।
উৎসবের শেষ দিন ১৫ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের নাটক ­আদাব পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় আসরের। সমরেশ মজুমদারের গল্পের নাট্যরূপ দিয়েছেন সুখদেব চট্টোপাধ্যায়। নাটকটির নির্দেশনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার। এরপর লোক থিয়েটার পরিবেশন করে মান্নান হীরা রচিত নাটক একাত্তরের রাজকন্যা। নাটকটি নির্দেশনা দেন মনসুর মাসুদ। নাটকের পরপরই নাচ ও গান নিয়ে মঞ্চে আসে সুইড বাংলাদেশ চট্টগ্রাম শাখার শিক্ষার্থীরা। আসরে সমবেত কবিতা আবৃত্তি করে প্রমা আবৃত্তি সংগঠন, নাচ পরিবেশন করে চারুকলা নৃত্য একাডেমি। সবশেষে গীতিকার মুমিনুল হক রচিত কাওয়ালি পরিবেশন করে সঞ্জরী আধ্যাত্মিক শিল্পী গোষ্ঠী। সংগীত পরিচালনা করেন মো. মোস্তফা কামাল।