লোকবল নেই, পাঁচ বছরেও চালু হয়নি ছাত্রাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ২০১১ সালে ছাত্রাবাসটি নির্মাণ করা হলেও এখনো চালু হয়নি l প্রথম আলো
খাগড়াছড়ির পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে ২০১১ সালে ছাত্রাবাসটি নির্মাণ করা হলেও এখনো চালু হয়নি l প্রথম আলো

খাগড়াছড়ি জেলার পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসটি গত পাঁচ বছরেও চালু হয়নি। প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে তিন তলা ছাত্রাবাসটি নির্মাণ করা হয় দুর্গম এলাকা থেকে উপজেলা সদরের এই বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে। তবে এখনো ছাত্রাবাসটির তত্ত্বাবধায়কসহ কোনো পদেই লোকবল নিয়োগ করা হয়নি। এমনকি ছাত্রাবাসটি পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের হাতে, তা–ও জানে না কেউ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১১ সালে দুর্গম এলাকার শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ছাত্রাবাসটি নির্মাণ করা হয়। ব্যবহৃত না হলে দ্রুত এই ভবনের অবকাঠামো নষ্ট হয়ে যেতে পারে, এমন আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের।
পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষেই এই ছাত্রাবাসের অবস্থান। গত ৩১ মার্চ সরেজমিনে দেখা যায়, তিন তলাবিশিষ্ট ছাত্রাবাসটির ফটকে তালা লাগানো। ভবনের নিরাপত্তার তদারকিতেও কাউকে দেখা যায়নি। গত পাঁচ বছর খালি পড়ে থাকায় ভবনের দেয়ালের রং বেশ বিবর্ণ হয়ে গেছে।
এ ব্যাপারে পানছড়ি এলজিইডির সাবেক উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ভবনের প্রতিটি তলায় চারটি করে মোট ১২টি কক্ষ রয়েছে। ভবনটির এক অংশে ছাত্র ও অন্য অংশে ছাত্রীদের থাকার ব্যবস্থা। এতে মোট ৪০ জন করে ৮০ জন ছাত্রছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে।
পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মাসুদ আলম জানান, বিদ্যালয়ে অধ্যয়নরত সাড়ে ৪০০ শিক্ষার্থীর মধ্যে অনেকেই দুর্গম এলাকা থেকে এসেছে। এসব শিক্ষার্থী পানছড়ির উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে পড়ালেখা করছে। ছাত্রাবাসটি চালু হলে দুর্গম এলাকার এসব শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করা যেত।
উপজেলার কেষ্টমনিপাড়া এলাকার দহন জয় ত্রিপুরা ও লোগাং এলাকার আকরাম হোসেন পানছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে। তারা জানায়, তারা পানছড়ি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে লেখাপড়া করছে। ছাত্রাবাস চালু হলে তাদের অনেক সুবিধা হতো।
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ‘ছাত্রাবাসটি চালু করার বিষয়ে আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু এখনো ছাত্রাবাসটি চালু হয়নি।’
পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘ছাত্রাবাসটি কে পরিচালনা করবেন, কোন সংস্থার দায়িত্বে থাকবে তা–ও এখনো নির্ধারণ করা হয়নি। এটি চালু হলে দুর্গম এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার অনেক সুবিধা হতো। আমি ছাত্রাবাসটি চালু করার বিষয়ে পার্বত্য জেলা পরিষদের সভায় কয়েকবার বলেছি। কিন্তু কোনো অগ্রগতি হয়নি। ছাত্রাবাসটিতে কেউ না থাকায় আসবাবপত্রসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষা কমিটির আহ্বায়ক মংক্যচিং চৌধুরী বলেন, ‘এলজিইডি কর্তৃপক্ষ কেবল ভবন নির্মাণ করে দিয়েছে। তবে ছাত্রাবাসটি কীভাবে চলবে, মন্ত্রণালয় থেকে সে ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে নির্দেশনা চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি।’