লোকবল-সংকটে দেড় বছর ধরে চিকিৎসাসেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল সংকটের কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দেড় বছর ধরে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। এ কারণে মুমূর্ষু রোগীর চিকিৎসায় স্থানীয় বাসিন্দাদের এখন ৩৫ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে হচ্ছে। অনেকে শরণাপন্ন হচ্ছে গ্রাম্য হাতুড়ে চিকিৎসক ও ওষুধের দোকানির।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসক, উপসহকারী চিকিৎসক, ফার্মাসিস্ট, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, নিরাপত্তা প্রহরী ও আয়া থাকার কথা। এর মধ্যে দীর্ঘদিন ধরে উপসহকারী চিকিৎসক, ফার্মাসিস্ট, নিরাপত্তা প্রহরী ও আয়ার পদ খালি। আর গত বছরের মার্চ থেকে চিকিৎসক মোহাম্মদ মহিউদ্দিন দুই বছরের প্রশিক্ষণে চলে গেলে চিকিৎসকের পদটিও শূন্য হয়ে পড়ে। স্বাস্থ্যকেন্দ্রে আছেন একজন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা। তিনি প্রায় সময় মাঠের কাজে ব্যস্ত থাকেন।

গত মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। আশপাশেও কাউকে দেখা যায়নি।

ইউনিয়নের সাপমারার ডেইল এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি গরিব মানুষের অন্যতম ভরসা ছিল। এলাকার বাসিন্দাদের অনেকের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সামর্থ্য নেই। তাঁরা গ্রামের কবিরাজ ও বৈদ্যের কাছে যাচ্ছেন। এর ফলে অনেকে শিকার হচ্ছেন অপচিকিৎসার।

ধলঘাট ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় এই এলাকার লোকজন চিকিৎসাসেবা নেওয়ার জন্য সন্ধ্যার পর ইউনিয়নের বাইরে যেতে পারেন না। প্রায় ৩০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্যকেন্দ্রটি। কিন্তু চিকিৎসকসহ লোকবল না থাকায় তারা সেবাবঞ্চিত হচ্ছে।

ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো কাজ হচ্ছে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচিন্ত চৌধুরী বলেন, ওই স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।