লোকসানের আশঙ্কায় তরমুজচাষিরা
২০-দলীয় জোটের টানা হরতাল-অবরোধে বিপাকে পড়েছেন কক্সবাজারের টেকনাফের তরমুজচাষিরা। যানবাহনসংকটে জমিতে উৎপাদিত তরমুজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন চাষিরা।
সরেজমিনে বাসস্টেশন, হ্নীলা ও হোয়াইক্যং বাজার ঘুরে দেখা গেছে, হাটে তরমুজের স্তূপ পড়েছে। কিন্তু বাজারে ক্রেতা নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন ক্রেতা দর-দামে ব্যস্ত।
চাষিরা জানান, বিভিন্ন ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কাছ থেকে ঋণ নিয়ে তাঁরা চলতি মৌসুমে সেপ্টেম্বর মাসে তরমুজ চাষ শুরু করেন। এবার তরমুজের ফলনও ভালো হয়েছে। দামও পাচ্ছিলেন বেশ ভালো। কিন্তু টানা অবরোধ ও একের পর এক হরতালের কারণে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে না পারায় স্থানীয় ব্যবসায়ীরা তরমুজ কিনতে চাইছেন না। পাশাপাশি চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যবসায়ীরাও আসতে পারছেন না। এদিকে তীব্র শীত মৌসুম হলেও মাঠে তরমুজ দ্রুত পেকে যাচ্ছে। জমিতেই তরমুজ পেকে পচন ধরছে। পরিস্থিতি এ রকম থাকলে জমি বিক্রি করে তাঁদের ঋণ পরিশোধ করতে হবে।
স্থানীয় ব্যবসায়ী আবদুল আমিন ও হামিদ হোসেন জানান, অন্যান্য বছর এ সময়ে প্রতিদিন টেকনাফ থেকে তরমুজবোঝাই ১০ থেকে ১২টি ট্রাক চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। কিন্তু চলতি বছরের ৫ জানুয়ারি থেকে হরতাল ও টানা অবরোধের কারণে তরমুজ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
তাঁরা আরও জানান, সাত হাজার তরমুজ কিনে মজুত করেছেন। কিন্তু গাড়ি না পাওয়ায় অন্যত্র পাঠাতে পারছেন না। এরই মধ্যে তিন শতাধিক তরমুজ পচন ধরে নষ্ট হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সকালে একটি চাঁদের গাড়ি (জিপ) যোগে বাহারছড়া এলাকার খেত থেকে তরমুজগুলো কোনো রকমে টেকনাফে আনা হয়। কিন্তু টেকনাফের বাইরে নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাওয়া যাচ্ছে না। মালিকেরা গাড়ি বের করতে দিচ্ছেন না।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ছয় শতাধিক চাষি এক হাজার ৭৫৫ একর জমিতে তরমুজের চাষ করেছেন। যা গত বছরের তুলনায় ৩৫০ একর বেশি।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ বলেন, খেত থেকে তরমুজ তোলার পর বেশি দিন রাখা যায় না। তা ছাড়া এখানে তরমুজ সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় চাষিদের ক্ষতি হচ্ছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে চাষিদের এবার লোকসান গুনতে হবে।